ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা ছিল ২০১০। সবে ক্লাস নাইনে উঠেছি। নিয়মিত স্কুলে না গেলেও নিয়মিত বাবর আলী স্যারের ফিজিক্স প্রাকটিক্যালের জন্য নিয়মিত প্রাইভেটে যাচ্ছি; রোজ ক্লাস করছি। এমনি একদিন ক্লাসে শুভ নামের এক হাংকিপাংকি টাইপের ছেলে আমাকে ইশারা-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করল, আমাকে তার খুব ভালো লাগে ইত্যাদি ইত্যাদি! কিন্তু আমি একটা বেশ হাবাগোবা ভাব নিয়ে বসে থাকলাম এবং ‘দেখিলেও দেখি নাই, শুনিলেও শুনি নাই’ ভাব নিয়ে একটা সপ্তাহ পার করে দিলাম। শেষ পর্যন্ত শুক্রবার সকালে সাপ্তাহিক পরীক্ষার দিন শুভ আমাকে একটা অত্যন্ত দামি কার্ডের ভেতর লিখে পাঠাল, ‘আর ইউ লাভ মি?’ তার বন্ধুর হাতে দিয়ে। সেই বন্ধুকে আমি বললাম, ‘শুভকে পরীক্ষা শেষে ওয়েট করতে বোলো, ওর সঙ্গে কথা আছে আমার।’ পরীক্ষা শেষ হতে দেখি সে গেটের কাছে অপেক্ষা করছে। সরাসরি জিজ্ঞেস করলাম, ‘কার্ডটা তুমি পাঠিয়েছ?’ সে হ্যাঁ—সূচক মাথা নাড়ল এবং তড়িঘড়ি করে বলল, ‘তুমি আগামী তিন দিন সময় নাও, ভাবনা-চিন্তা করে আমাকে জানিও।’ আমি বললাম, ‘তোমার এই ফালতু প্রশ্নের উত্তর দিতে তিন দিন কেন, তিন মিনিটও আমার লাগবে না! তুমি কার্ডের মধ্যে লিখেছ, আর ইউ লাভ মি? কিন্তু গ্রামাটিক্যালি সেটা ভুল। আসলে তোমার লেখা উচিত ছিল, ডু ইউ লাভ মি? পরেরবার যাকে প্রোপোজ করবে তাকে এমন ভুলভাল ইংরেজিতে কিছু লিখো না।’ এরপর আর কখনো দেখা হয়নি শুভর সঙ্গে। শুনেছি, সে অন্য প্রাইভেটে চলে গেছে! জান্নাতুন নাঈমরাজশাহী।