ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের ভিত্তিতে প্রসূতির অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটে দুইটি বাচ্চা রয়েছে। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা না হলে মা ও শিশু কাউকে বাঁচানো যাবে না। চিকিৎসকের এমন কথায় রোগীর পরিবার হাসপাতালে ভর্তি করে এক প্রসূতিকে। সন্ধ্যার পর অস্ত্রোপাচার করে রোগীর পেটে পাওয়া যায় একটি সন্তান। এমন ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভ ও উত্তেজনায় চড়াও হন হাসপাতাল কর্তৃপক্ষের ওপর। পরে রোগীর অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার সব খরচ কর্তৃপক্ষ বহন করবে এমন আশ্বাসে ঘটনাটির দফারফা করা হয়। ফেনী শহরের ট্রাঙ্ক রোডের একটি বেসরকারি হাসপাতালে গত সোমবার এ ঘটনা ঘটে। রোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারসংলগ্ন পাইকপাড়া গ্রামের ফরায়েজী বাড়ির সৌদি আরব প্রবাসীর এক গর্ভবতী স্ত্রী (২২) চিকিৎসকের পরামর্শের (চেকআপ) জন্য ট্রাঙ্ক রোডের ফেনী জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে যান। হাসপাতালে কর্তব্যরত গাইনি চিকিৎসক জাসরিন আক্তার নিজেই রোগীর আল্ট্রাসনোগ্রাম করে জানান, রোগীর পেটে দুটি সন্তান রয়েছে। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করতে হবে। নইলে গর্ভের সন্তান ও মা কাউকে বাঁচানো যাবে না। এতে রোগীর পরিবার ঘাবড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করায়। সন্ধ্যায় অস্ত্রোপচারের পর দেখা গেল রোগীর পেটে দুটি নয়, একটি সন্তানই রয়েছে। এ ঘটনায় রোগীর পরিবার ও আত্মীয়স্বজন ক্ষিপ্ত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চড়াও হন। উভয়পক্ষের মধ্যে চরম বিতণ্ডার একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে রোগীর অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার সব খরচ বহন করার নিশ্চয়তা দিলে ঘটনাটি দফারফা হয়।রোগীর বাবা লাতু মিয়া অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের কারণে তাঁর মেয়ের বড় ক্ষতি হয়ে গেল। ভুল তথ্য দিয়ে প্রসবের নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে তাঁর মেয়ের অস্ত্রোপচার করা হয়েছে। এ ধরনের হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান। গত মঙ্গলবার হাসপাতালে অসুস্থ ওই প্রসূতিকে দেখতে গেলে তাঁকে বিছানায় যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। প্রচণ্ড ব্যথার কারণে তিনি কথা বলতে পারেননি।এ প্রসঙ্গে চিকিৎসক জাসরিন আক্তার জানান, ওই রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দুইটি সন্তান উল্লেখ ছিল। যে কারণে তাঁরা রোগী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর আশঙ্কার বিষয়টি বিবেচনা করে অস্ত্রোপচারের কথা বলেন। আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল তথ্য আসছে বলে তিনি স্বীকার করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসকের ভুলের কারণে এমনটি ঘটেছে।’ তিনি রোগীর অস্ত্রোপচারের সব খরচ বহন এবং রোগীর সুস্থতার জন্য যা করণীয় তার সবই হাসপাতাল কর্তৃপক্ষ করবে বলে নিশ্চয়তা দেন। বর্তমানে ওই প্রসূতি হাসপাতালের ৪০৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন।