ভুল কক্ষে
২০০৭ সালের ঘটনা। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মন্নুজান হলে থাকি। নতুন রুমে উঠেছি। নতুন রুম, নতুন ব্লক। আবার এই হলের সব রুম একই রকম। তাই মাঝেমধ্যে আমরা যারা নতুন, তারা ভুল করে একে অন্যের রুমে ঢুকে পড়ি। ঘটনার দিন আমি রাতের বেলায় বিদ্যুৎ না থাকার কারণে হলের লনে বসে ছিলাম। হঠাৎ কী ভেবে নিজের রুমে এলাম। এসে দেখি নিজের রুমের দরজা খোলা। উল্লেখ্য, গরমের দিনে মেয়েরা দরজা খোলা রাখত। আর তার মধ্যে লোডশেডিং। ভাবলাম, যাক বাবা আপুদের দরজা ধাক্কা দিয়ে ডিস্টার্ব করতে হলো না। চুপি চুপি নিজের রুমে ঢুকে বেডে শুয়ে পড়লাম। অন্ধকারে চোখ সয়ে গেলে এই রুমটা কেমন যেন লাগছিল। মনে মনে ভাবলাম, আমি তো নতুন উঠেছি, তাই এমন লাগছে। আরও কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। তার মধ্যে অন্ধকার। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ঘুম ভাঙল বজ্র একটা কণ্ঠের ডাকে। দেখি আমার মুখের সামনে ছয়-সাতটা মুখ। আমার রুমের আপুরা বলে উঠলেন, ‘এই, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? এটা তো আমাদের রুম না, পাশেরটা আমাদের।’ সেদিন যে লজ্জা পেয়েছিলাম তা বিশ্ববিদ্যালয়ের শেষ দিন এমনকি আজও মনে পড়ে। হায় রে লোডশেডিং! এই লোডশেডিংয়ের কারণে সেদিন আমি ২৩২ নম্বর রুমে না ঢুকে ২৩১ নম্বর রুমে ঢুকেছিলাম! কণিকা জাহান খানমিরপুর, ঢাকা।