ভুল করে ভুল করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বান্ধবী লাবণ্য। সবাই ওকে আমরা লাবু বলেই ডাকি। দেখতে, শুনতে বেশ স্মার্ট লাবু। যেকোনো ছেলে দেখলেই ভালো লাগবে তাকে। আমাদের বন্ধুত্ব মাস কয়েকের মাত্র। আমরা দুজন দুজনকে ‘তুমি’ বলেই ডাকি। লাবণ্যের চেহারাতে কেমন জানি একটা লাবণ্য আছে, দেখলে মনে হয় যেন সদ্য ফোটা পদ্ম। আর পাঁচ-সাতটা বন্ধুবান্ধবীর চেয়ে লাবণ্য বা লাবুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা, বোঝাপড়া খানিকটা বেশিই বলা যায়। আমরা একসঙ্গে শুধু কলেজেই পড়ি না, প্রাইভেট পড়ি, আড্ডা দিই, ঘুরতে যাই, বাদাম খাই, আরও অনেক কাজ দুজনে একসঙ্গে মিলেমিশে করার চেষ্টা করি।২.আমাদের মধ্যে অন্য সব কথার চেয়ে পড়াশোনার কথায় বেশি হতো। লাবুও তেমনভাবে কোনো দিন পড়াশোনার বাইরের কথা বলত না, আমিও না। তবে সেদিন হঠাৎ করেই লাবু আমার কাছে প্রশ্ন করল, ‘অপু, তুমি কাউকে ভালোবাসো না?’ আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। লাবুকে বললাম, ‘হ্যাঁ বাসি, ভালোবাসব না কেন? জীবন তো একটাই, এই এক জীবনে ভালোবাসা ছাড়া আর আছে কী? শুনবে, তুমি তার কথা, আমার ভালো লাগা, ভালোবাসার মানুষের কথা।’ লাবু আগ্রহসহকারে বলল, ‘হ্যাঁ, শুনব।’ আমি বললাম, ‘আচ্ছা, কালকে বলব তোমায়।’৩.কলেজ শেষে বাড়িতে আসি। বাড়িতে এসে ভাবতে থাকি কীভাবে, কী করে লাবুকে আমি আমার ভালোবাসার কথা বলব। কখন যে কী করে লাবণ্য আমার কাছে ভালো লাগা ‘বন্ধু’ লাবণ্য থেকে ভালোবাসার ‘প্রেমিকা’ লাবণ্য হতে শুরু করেছে, তা আমার চঞ্চল মনটাও জানে না। একদিকে লাবণ্যের মতো বন্ধুকে হারানোর ভয়, অন্যদিকে লাবণ্যের মতো লাবণ্যময়ী প্রিয় প্রেমিকাকে না পাওয়ার হাহাকার। সত্যিই মনটা আজ আমার উভয় সংকটে পড়েছে। তার পরও উপায় একটা পেয়ে গেলাম।৪.পরদিন সকালে কলেজে যেতেই লাবণ্য আমার ভালোবাসার মানুষের কথা জানতে চাইল, আমিও একমনে বলতে লাগলাম।‘আমার ভালো লাগার, ভালোবাসার মানুষটি দেখতে ঠিক তোমারই মতো সুন্দরী’, শুনে হাসল লাবু। ‘তোমার মতোই মেধাবী, পড়াশোনা করতে পছন্দ করে, তোমার আমার ক্লাসেই পড়ে, হাসিটাও ঠিক যেন তোমারই মতো।’ লাবণ্য বলল, ‘আচ্ছা বুঝলাম, তার সবকিছু আমার মতো। তার নামটি বলো না?’ তার নামটিও তোমার নামের মতো সুন্দর। লাবণ্য বলল, ‘বুঝলাম, সব বুঝলাম, সেই সৌভাগ্যবতী কে, বলো তো।’আমি একটু হিসাব করে বললাম, সে হলো ইংরেজি এসটির পরের অক্ষর। প্রথমত, লাবু বুঝতে পারল না, শুধু শুধুই হাসল। পরে লাবু বিষয়টা বুঝতে পেরে বলল, আগামীকাল তুমি আমার সঙ্গে কলেজ গেটে ক্লাস শেষে দেখা কোরো।৫.পরদিন ক্লাস শেষে কলেজ গেটে দাঁড়িয়ে থাকলাম। মনের ভেতর কেমন যেন একটা ভয় কাজ করছিল। কিছুক্ষণ পর লাবণ্য এল। লাবণ্য কোনো কথা না বলে কিছুক্ষণ আমার পাশে দাঁড়িয়ে থাকল। ঠিক তখন লাবণ্যের কাছে একজন লোক মোটরসাইকেল নিয়ে এল। লাবণ্য আমাকে দেখিয়ে লোকটিকে বলল, ‘আমার প্রিয় বন্ধু অপু, আমরা একসঙ্গেই পড়ি।’ হাত বাড়িয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করি আমি। লাবু আমার দিকে তাকিয়ে বলল, ‘ইনি আমার স্বামী।’ তারপর লাবণ্য তার স্বামীর মোটরসাইকেলে চড়ে দূর থেকে আরও দূরে যেতে লাগল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি, ঘনিষ্ঠ বান্ধবীটি বিবাহিত না অবিবাহিত সেটি না জানা আমার প্রথম ভুল, দ্বিতীয় ভুল প্রথম ভুলটি না জেনে লাবণ্যকে ভালোবাসা। এটাই আমার জীবনের ভুল করে ভুল করার গল্প। অনুপ শিকদার এমএম কলেজ, যশোর।