ভুল চাকরিতে আটকা?
কর্মস্থলে কাজ করতে করতে আপনি কি প্রায়ই মাথায় হাত দিয়ে বসে থাকেন? কর্মক্ষেত্রে চাওয়া-পাওয়ার হিসেব মেলান? আপনার কি আজকাল প্রায়ই মনে হয়, আপনি যা করছেন, তা আসলে আপনার করার কথা নয়? জীবনে অন্য কিছু করার কথা ছিল। এসব নিয়ে ভাবতে ভাবতে অনেকেই হতাশায় ভুগতে থাকেন। এই অবস্থা থেকে বের হওয়ার কয়েকটি উপায় এখানে তুলে ধরা হলো।
চাকরি খুব একঘেয়ে মনে হলে নতুন কিছু ভাবতে হবে। যদি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা টুইটারে এ সংক্রান্ত পোস্ট আপনি ঘন ঘন দিতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি মানসিক অবসাদে ভুগছেন। এই অবসাদ বেশি দিন চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন হলে অবিলম্বে নতুন চাকরি খুঁজতে হবে।
দিনের বেশির ভাগ সময় আপনি ফুরফুরে মেজাজে থাকেন, না মন খারাপ থাকে? প্রতিদিন সকালে কর্মস্থলে যাওয়ার সময় মন খারাপ থাকলে তা খুব কষ্টদায়ক। কারণ দিন শেষে কাজে কোনো তৃপ্তি থাকে না। দিনের মধ্যে আট ঘণ্টা কর্মস্থলে গোমড়ামুখে কাজ করলে ও হতাশায় ভুগলে চাকরির আরেক নাম হতাশা হয়ে দাঁড়ায়। এ থেকে বেরিয়ে আসার জন্য বিকল্প খুঁজে বের করাটা জরুরি।
আবার ব্যাপারটি যদি এমন হয় যে, দিনের পর দিন কর্মস্থলে যাচ্ছেন। নিজের কাজ ঠিকমতো করছেন। কিন্তু সবকিছুই যেন এক জায়গায় আটকে আছে। উন্নতির সুযোগ আসছে না। এই সময় বিকল্প চাকরি খুঁজতে হবে। জীবনকে চ্যালেঞ্জ জানাতে হবে। তা না হলে দিন শেষে একজন অসুখী মানুষই থেকে যাবেন। আর কর্মক্ষেত্রেও এটি ক্ষতিকর প্রভাব ফেলবে।