২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় পাথরঘাটা বিদ্যুৎ বিভাগের রিয়াজউদ্দিন বাজার অভিযোগকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন অভিযোগগ্রহণকারী আবদুল বাতেন। তাঁকে সহায়তা করেন সহকর্মী গোলাম জিলানী। আবদুল বাতেন জানান, ওই দিন ১১টা পর্যন্ত অভিযোগ এসেছে দুটি।সকাল নয়টায় নতুন চাক্তাই এলাকার মো. জাবেদ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে (নজু মিল) বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানান। দ্রুত সমস্যা সমাধান না হওয়া তিনি আসেন অভিযোগকেন্দ্রে। জাবেদ বলেন, ‘সকালে ফোন করলাম, কিছুক্ষণের মধ্যে লোক যাচ্ছে বলে না যাওয়ায় নিজেই চলে এলাম। এখন বলা হচ্ছে বিকেলে যাবে।’ জানা যায়, ১-২১ জানুয়ারি পর্যন্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে ১৬৬টি। ভিএইচএফ পদ্ধতি অচল থাকা ও গাড়ি সমস্যার কারণে গ্রাহকসেবায় বিঘ্ন ঘটছে বলে আবদুল বাতেন স্বীকার করেন। এক প্রশ্নের উত্তরে গোলাম জিলানী বলেন, অনেক সময় গ্রাহকেরা ভুল ঠিকানা দেন। এ কারণেও দ্রুত সমস্যার সমাধান করা যায় না। জানা যায়, পাথরঘাটা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের অধীনে আছেন প্রায় ৩২ হাজার আবাসিক গ্রাহক। পাথরঘাটা, চর চাক্তাই, খাতুনগঞ্জ, নজুমিয়া লেনসহ আরও পাঁচ-ছয়টি এলাকার গ্রাহক এই কার্যালয়ের অধীন। ঘিঞ্জি এসব এলাকায় প্রায় যানজট লেগে থাকে। এ কারণে সেবা দিতে গিয়ে হিমশিম খান সংশ্লিষ্টরা। ডাক্তার লেনের গ্রাহক মো. রুহুল কুদ্দুসকে পাওয়া গেল অভিযোগকেন্দ্রের মূল ফটকে। তিনি বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠান খাতুনগঞ্জে। লাইনের ত্রুটি সারানোর জন্য বুধবার রাতে ফোন করেছিলাম অভিযোগকেন্দ্রে। কিন্তু যানজটের কারণে নাকি বিদ্যুৎকর্মীরা এখনো পৌঁছতে পারেননি।’ তাঁর প্রশ্ন, ‘এটাই কি গ্রাহকসেবা?’