ভুল তেল
আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। আমার চুল ছিল অনেক লম্বা। ছোটবেলা থেকে ছিলাম চুলের প্রতি অনেক যত্নবান। নিয়মিত চুলে তেল দেওয়া, শ্যাম্পু করা ছিল আমার কাজ। তখন শীতকাল। প্রতিদিন তেল দেওয়ার সময় জমাটবাঁধা তেল রোদে গলিয়ে তারপর মাথায় দিতে হতো। আমি বাটিতে তেল রেখে সেটা মাথায় দিতাম। প্রতিদিন বোতল নিয়ে ঝামেলা পোহানোর চেয়ে বাটিতে বেশি তেল রেখে দিতাম। সেই তেল গলাতে দিতাম রোদে। আমরা বাড়িতে নিজেরা নারকেল রোদে শুকিয়ে তারপর মিল থেকে তেল তৈরি করে আনতাম। আর সবাই জানে, বাড়িতে তৈরি তেল একটু লালচে। আমি আমাদের বাড়ির উঠানে বসে রোদে তেল গলাতাম। এদিন তেল দেওয়ার পর বাটিতে তেল শেষ হয়ে যায়। সেদিন আবার আমি খুবই ব্যস্ত। তাড়াহুড়ো করে বাটি ঘরে উঠাতে ভুলে গেলাম। বাটি সেদিন থেকে গেল উঠানে। বাড়ির কেউই সেটা খেয়াল করেনি। আমাদের আবার সুন্দরী নামের খুব সুন্দর একটা ছাগল ছিল। ছাগলটাকে আমরা খুবই আদর করতাম। সারা দিন ছাড়া থাকত। কিন্তু আমাদের সুন্দরী যে আমার সুন্দর চুলগুলো বেহাল করে দেবে, তা আমি জানতাম না। সেদিন সুন্দরী আবার ঘুরতে ঘুরতে বাটিটার কাছে গেল এবং বাটিটা শুঁকল, তারপর একটু সরে দাঁড়াল। ঠিক তখনই সুন্দরী তার ছোট কাজ অর্থাৎ হিসু করে দিল সেই বাটিটার মধ্যেই। এটা দেখেছিল আমাদের বাড়ির পাশের একটা মেয়ে, কিন্তু সে আমাকে এটা বলতে পারেনি। পরদিন তেল মাখার সময় মনে হলো, আমার আম্মু মনে হয় তেলের বাটিটা উঠিয়ে রেখেছেন। তাই আমি স্কুলে যাওয়ার আগে আম্মুকে বললাম তেল রোদে রাখতে, স্কুল থেকে এসে মাখব। স্কুল থেকে এসে ড্রেসিং টেবিলের ওপর তেলের বাটির খোঁজ না করে রোদে চলে গেলাম তেল মাখার জন্য। গিয়ে দেখি, তেলের বাটি ঠিক স্থানে রয়েছে এবং বাটিতে তেলও রয়েছে। কিন্তু বোঝাই যাচ্ছে না এটা নারকেল তেল, না অন্য কিছু। তারপর তেল মাখা হয়ে গেছে। তখন মনে হচ্ছিল তেলটা একটু পাতলা। তেলের বাটিটা নাকের কাছে নিয়ে দেখি, কী বিচ্ছিরি গন্ধ! তারপর এ ঘটনা সবাই শুনল। যখন মেয়েটির কাছ থেকে সব জানতে পারলাম, তখন কী যে ঘটল, তা আর বলছি না...। সুমাইয়া আক্তার রূপদিয়া, যশোর।