ভুল থেকে ভুল
ক্রিকেট বিশ্বকাপ ২০১১ উপলক্ষে রস+আলো সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী রস+আলোর পাতায় ছাপানো কুপনে উল্লিখিত কুইজের সঠিক উত্তর দিয়ে কুপনটি প্রথম আলোর ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। লটারির মাধ্যমে প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ভেবে দোকান থেকে একখানা খাম কিনে আনলাম। সব কটি কুইজের যথাযথ উত্তর দিয়ে কুপনের নির্ধারিত অংশ কেটে খামে ভরে আঠা দিয়ে খামের মুখ ভালোভাবে লাগিয়ে দিলাম। প্রাপকের ঠিকানা লিখতে গিয়ে বাধল বিপত্তি। উল্লেখ ছিল, খামের ওপরে অবশ্যই কুইজের বিভাগের নাম লিখতে হবে। অথচ বিভাগের নামটি মনে আসছে না। কুপনের নিয়মাবলি অংশে কুইজের নাম লেখা আছে। কী আর করা, অনেক কসরত করে খামটি অক্ষত অবস্থায় খুলতে সমর্থ হলাম। অতঃপর খামটি থেকে কুপনটি বের করে কুইজের বিভাগের নাম খামের ওপর লিখলাম। এরপর খামটি পুনরায় আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। কাজ শেষ, এবার সময়মতো পাঠাতে পারলেই হলো। পুরস্কারটি বুঝি পেয়েই গেলাম। এই ভাবতে ভাবতে খামটি হাতে তুলে নিতেই দেখি ‘কুপন’। আরে! কুপনটিই বাইরে, তাহলে খামের ভেতর কী? ইকরাম মাহমুদ সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল।