
তাই বলে পাঁচের জায়গায় বিশ! নিউইয়র্কের ১২ বছর বয়সী স্কুলছাত্রী লি এদিয়ানেজ রুদ্রিগেজ কী কাণ্ডটাই না ঘটাল। পাঁচ কিলোমিটারের একটি প্রীতি দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়ে শেষ পর্যন্ত দৌড়াল প্রায় ২০ কিলোমিটারের সমান। বন্ধু আর পরিবারের সবার সঙ্গে লিও পাঁচ কিলোমিটারের জন্য দৌড় শুরু করে দিয়েছিল। কিন্তু সেদিন রাস্তায় আরেকটি বড় দল ১৩ মাইলের আরেকটি দৌড়ে অংশ নিচ্ছিল। হঠাৎ করেই সে দলেই ঢুকে পড়ে ছোট্ট লি। আর পথ ভুলে দৌড়াতে লাগল তাদের সঙ্গেই। দৌড় শেেষ দলের ২১১১ জনের মধ্যে তার অবস্থান ১৮৮৫তম। এ জন্য লি সময় নিয়েছে ২ ঘণ্টা ৪৩ মিনিট। তবে ফলাফল যা-ই হোক, সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারীর খ্যাতিটা জুটেই যায় তার কপালে।
লির মা জানান, গাড়ি পার্কিং করতে গিয়ে মেয়েকে হারিয়ে বসেন তিনি। বেশ ভয়েই পড়ে গিয়েছিলেন। টানা দুই ঘণ্টা ধরে খোঁজার পর অবশেষে দেখা মেলে মেয়ের। ততক্ষণে তার গলায় ঝুলছে মেডেল।
সূত্র: দ্য টেলিগ্রাফ