ভুল নম্বর ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একটু ভুলোমনা। অফিসে আমার তেমন কোনো বড় ভুল এ পর্যন্ত হয়নি। কিন্তু আমার স্ত্রীর কাছে নাকি প্রতিদিন ১৪টা ভুল ধরা পড়ে। স্ত্রী আমাকে ভোলা বাবু বলে ডাকে। কোনো কিছু কেনাকাটার দরকার হলে ও আমার সঙ্গে যাবে। নইলে ব্যস্ততা থাকলে ওর ছোট ভাইকে ফোন করে আমার সঙ্গে পাঠাবে।এই তো ঈদের শপিং করার জন্য ছোট শ্যালককে নিয়ে নিউমার্কেটে গিয়েছি। আমার জন্য পায়জামা-পাঞ্জাবি, শ্যালকের জন্য জুতা, প্যান্ট, শার্ট, বাবুর আম্মুর জন্য থ্রি-পিস, ফোর পিস ও শাশুড়ি আম্মার জন্য শাড়ি-ব্লাউজ কিনে বাসায় ফিরেছি মাত্র। শপিংয়ের ব্যাগগুলো ও তন্নতন্ন করে দেখছে কার জন্য কী কী কিনেছি। একপর্যায়ে ও রাগতস্বরে বলল, ‘এই যে তোমাকে কি ভোলা বাবু এমনি বলি, এই যে দেখ! এই মাথামুণ্ডু কিনেছ কার জন্য? এ মুরুব্বিদের শাড়ি তুমি কার জন্য কিনেছ, এ্যা?’‘কেন, আমার শাশুড়ি আম্মার জন্য।’‘আম্মার জন্য না! ইয়ার্কি পাইছ, তুমি জান না যে, সে ২০০৭ সালে মারা গেছে। গত ১৮ তারিখ তাঁর মৃত্যুবার্ষিকী পালন করলে মনে নেই। চলো। শাড়িটা ফেরত দিয়ে আসি। আর আমার কসমেটিক্স কই?’‘আমার কাছে আর টাকা ছিল না।’‘টাকা ছিল না মানে, এটিএম কার্ডও কি ছিল না?’‘ওটা নিতে...।’একপর্যায়ে তিনজন মিলে আগের দোকানে গিয়ে শাড়িটা ফেরত দেয়ার কথা বললে, দোকানদার বলছেন, ‘স্যরি আপু, এই দেখুন, মানি রিসিটে লেখা কেনার আগে দেখে নিন, বিক্রীত মাল ফেরত লওয়া হয় না।’ছোট শ্যালক ওর আপাকে বলছে, ‘আপু তর্ক করিস না, ওটা রেখে দে, তুই মুরুব্বি হলে পরতে পারবি।’ তিনজন মিলে একটা কসমেটিক্সের দোকানে গিয়ে কিছু প্রসাধনী কিনে বসে আছি। ও গিয়েছে এটিএম বুথের টাকা তুলতে। কিছু সময় পর ফিরে এসে দোকানদারকে বলছে, ‘এক্সকিউজ মি ভাইয়া, মালগুলো ফেরত নিন। সরি, আমি ভুল পিন নম্বর দিয়েছিলাম তো, তাই কার্ড আটকে গিয়েছে, টাকা তুলতে পারিনি।’ দোকানদার বলছেন, ‘মানি রিসিট কাটার পর মাল ফেরত লওয়া হয় না, আপনারা কোনো ব্যবস্থা করুন।’আপ-ডাউন অটোরিকশা ভাড়া করে আমাদের দুজনকে বসিয়ে রেখে ও চলল বাসার দিকে টাকা আনার জন্য। বুঝলাম কিছু গোপন টাকা হয়তো আছে। যানজট পেরিয়ে দেড় ঘণ্টা পর ও ফোন দিয়ে বলছে, ‘বাবুর আব্বুর বাসা তো তালা দেওয়া Don’t Mind আমি তো চাবি আনতে ভুলেই গিয়েছি। চাবি তো তোমার মানিব্যাগে রেখেছিলাম।’ প্রতি উত্তরে বললাম, ‘বাবুর আব্বু নয়, ভোলা বাবু বলো, ভুল তো শুধু আমার একার হয়। আর শোন, বাইরে তাকের ওপর দুটি ডায়েরি আছে। একটা ডায়েরি নিয়ে এসো।’ও বলল, ‘ক্যা, কেন ডায়েরি কেন? ডায়েরির মধ্যে টাকা আছে নাকি?’আমি বললাম, ‘না, টাকা নেই। ডায়েরির ওপর লেখা আছে, “ভুলেশ্বরী দিনপঞ্জি”, তার মানে তোমাকে বিয়ে করার পর এ পর্যন্ত যে বড় বড় ভুল করেছ, তা ওই ডায়েরিতে লেখা আছে। আজকের ভুলটা যোগ হলে তোমার ভুলের সংখ্যা হয় ভুল নম্বর-২০১১।” শহীদুল ইসলামবনানী, ঢাকা।