বহুজাতিক কোম্পানির পদস্থ কর্মকর্তা আবরার হোসেন (ছদ্মনাম)। তাঁর বিয়ে হয় শিক্ষিত তরুণীর সঙ্গে। বিয়ের পর তাঁদের সংসার-জীবন ভালোই চলছিল। একপর্যায়ে স্ত্রীর বিরুদ্ধে আবরারকে তাঁর পরিবারের সদস্যরা বিষিয়ে তোলেন। ‘কানকথা’ থেকে তাঁদের সংসারে অশান্তির শুরু। পরিবারের সদস্যদের দ্বারা প্ররোচিত হয়ে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেন আবরার। পরে নিজের ভুল বুঝতে পেরে তালাকের চিঠি প্রত্যাহারের আবেদন জানান। এ নিয়ে দুই পক্ষকে ডেকে পাঠান চট্টগ্রাম মহানগর হাকিম এবং সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো: প্রথম পক্ষ (আবরার) হাজির হয়ে তাঁর তালাক প্রত্যাহারের জন্য আবেদন করেন। দ্বিতীয় পক্ষ তথা আবরারের স্ত্রী নাবিলা হাসানও (ছদ্মনাম) সালিসি পরিষদের সামনে হাজির আছেন। নথি দেখলাম। প্রথম পক্ষ তথা আবরার বলেন, ‘আমি পরিবারের সদস্যদের দ্বারা ভুল পথে পরিচালিত হয়ে স্ত্রীকে তালাক দিয়েছিলাম। আমি না বুঝে এ কাণ্ড ঘটিয়েছি। ওই সময় আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না। কি করেছি, তা নিজেও জানি না। আমি এখন স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। প্রয়োজনে আমি তওবা পড়ে নেব একজন মাওলানার কাছে গিয়ে। ইতিমধ্যে আমি কয়েকজন আলেমের সঙ্গে কথাও বলেছি। তাঁরা বলেছেন, আমি যেভাবে তালাক দিয়েছি সেভাবে তালাক হয় না।’আদেশে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে আইনের বিধান সুস্পষ্ট নয়। আর ইসলামি শরিয়তের দিক থেকেও বিষয়টি অত্যন্ত জটিল। সালিসি পরিষদের পক্ষ থেকে এ দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রথম পক্ষের মামা পরিচয় দিয়ে এক ভদ্রলোক বলেন, ‘আমি ঢাকা কলেজের শিক্ষক, আমি নিজেও বিষয়টি জেনেশুনে এসেছি। ও আসলে সজ্ঞানে তালাক দেয়নি। প্রয়োজনে তাঁকে তওবা পড়ানো হবে।’আদেশে আরও বলা হয়, পুরো সময়টা নাবিলা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। তিনি কোনো মন্তব্য করেননি। কারণ, তাঁর স্বামী বিভ্রান্ত হয়ে একটি কাণ্ড ঘটিয়েছেন। পরে ভুলও বুঝতে পেরেছেন। চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া নাবিলার আর কী করার ছিল? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কবি জ্ঞান দাসের কবিতার উদ্ধৃতি দেন মহানগর হাকিম। এতে বলা হয়, ‘রুপ লাগি আঁখি জুড়ে/ গুণে মন ভোর,/ প্রতি অঙ্গ লাগি কান্দে।/ প্রতি অঙ্গ মোর।/ হিয়ার পরশ লাগি।/ হিয়া মোর কান্দে,/ পরান পুতুলি মোর।/ স্থির নাহি বান্দে।’ আদেশে আরও বলা হয়, ‘যা হোক, আবরারের তালাক দেওয়া যথেষ্ট প্রশ্নসাপেক্ষ এবং সন্দেহযুক্ত। কাজেই তালাক প্রত্যাহারের জন্য তাঁর আবেদন মঞ্জুর করা হলো।’