ভুল বোঝাবুঝি থেকে সন্দেহ, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশিদুল হায়দার (ছদ্মনাম) ও সামিনা রহমান (ছদ্মনাম) উচ্চ শিক্ষিত। বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন ভালোভাবেই কাটছিল। সামান্য ভুল বোঝাবুঝি থেকে সন্দেহ, যার শেষ পরিণতি হয় বিচ্ছেদে। সালিসি পরিষদে বিচ্ছেদের আবেদন করেন রশিদুল হায়দার। পরে ভুল বুঝতে পেরে শুনানি প্রত্যাহারের আবেদন জানান তিনি। কিন্তু বেঁকে বসেন সামিনা রহমান। সদ্য বিদায়ী চট্টগ্রাম মহানগর হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের বিচ্ছেদের আদেশ দেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। সামিনা রহমান (ছদ্মনাম) সালিসি পরিষদে হাজির হয়ে তাঁর স্বামীর তালাক নোটিশ কার্যকর করার ব্যাপারে কোনো আপত্তি নেই বলে জানান। সামিনা সালিসি পরিষদকে বলেন, ‘স্যার, ওর (রশিদুল) তালাক কার্যকর করা হোক।’ রশিদুল এ পর্যায়ে বলেন, ‘স্যার, আমি ভুল বুঝতে পেরেছি। আমি সংসার করতে চাই। আমার তালাক নোটিশ বাতিল করা হোক।’ এ পর্যায়ে সামিনার মা বলেন, ‘স্যার, ওরা আমাদের দূর সম্পর্কের আত্মীয়। ওর মা ক্যানসার-আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় শায়িত ছিল। ওই সময় আমার হাত ধরে তাঁর ছেলেকে আশ্রয় দেওয়ার অনুরোধ করেছিলেন। আমি তাঁকে দেওয়া কথা রেখেছিলাম। আমার প্রাণপ্রিয় মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দিই। তাঁদের সংসারে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। এমন কি ঘরে কাজের লোকদের মাসিক বেতনও আমি দিয়েছি। প্রতিদানে আমার মেয়ে পেয়েছে দুর্ব্যবহার ও লাঞ্ছনা।’ সালিশি পরিষদ মা ও মেয়ে উভয়ের উদ্দেশে বলে, ‘উনাকে (রশিদুল) তো খুব বিনয়ী মনে হচ্ছে। শেষবারের মতো সুযোগ দিয়ে দেখেন। বেচারা এত করে ফিরতে চায়!’ সামিনা জবাবে বলেন, ‘স্যার, এটা ওর কৌশল। ও অনেক ভান করে। মানুষকে এত সহজে বোঝা যায় না।’ কথা টেনে নিয়ে সামিনার মা বলেন, ‘স্যার, বেয়াদবি মাফ করবেন। ওরা যখন একান্তে সময় কাটায়, তখনো নাকি সে হিংস্র হয়ে ওঠে। ওর আচরণ তখন ঠিক থাকে না।’রশিদুল হায়দার মা ও মেয়ের কথা শুনে হতাশ ভঙ্গিতে তাকিয়ে থাকেন। এ সময় মা-মেয়ের মুখেও কোনো কথা নেই। যেন যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। কবি আল মাহমুদের কবিতার কথা মনে পড়ে। ‘পৃথিবী পাল্টায়, সমাজ বদলে যায়, নদী শুকিয়ে গেলে/ যেমন চর পড়ে তেমনি মানুষের/ হাড়গোড় করোটির ঢিবি/ আর কিছুতেই চোখে পড়ে না।/ কিছু জোড়া লাগে না।/ পোড়া দাগ নিয়ে বারুদের দুর্গন্ধ নিয়ে/ প্রান্তরে বসে থাকার নাম বেঁচে থাকা।’যা হোক বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী তালাক কার্যকর করা হলো।