ভুলি কেমনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মায়াবী ভালো লাগার আবেশে কেটে গেল পুরো দিন, সেটিকে কোন অভিধায় চিহ্নিত করা যায়? বন্ধুদের সঙ্গে দিনভর আড্ডা-গল্প শেষে বাড়ি ফিরতে যেন মনই চাইছিল না! যদি ফিরতেই হয়, তবে কেন কাছে আসা? আবার কেনই বা তবে দূরে সরে যাওয়া? আহা, আবার কবে ফিরে পাব এমন দিন? আবার কবে হবে জাতীয় বন্ধু সম্মেলন?
প্রিয় বন্ধুরা কেমন আছ? কোথায় আছ? মাত্রই তো গতকাল তোমাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। কিন্তু মনে হচ্ছে, কতকাল বুঝি দেখা হয় না তোমাদের সঙ্গে! ইশ্, যদি আবার মিলতে পারতাম প্রাণে-প্রাণে! ওই যে বন্ধুটি, যে কিনা গানের আবেশে মাতিয়ে রেখেছিল পুরো মিলনায়তন, বড্ড বেশি কানে বাজে তার সুর। আরেক বন্ধু, যে কিনা আমার পাশে বসে সারাক্ষণ আশপাশের সবাইকে মাতিয়ে রেখেছিল কথায়-আড্ডায়, তাকে ভুলি কেমনে? ভুলি কেমনে বন্ধু তোমাদের?
বন্ধু সম্মেলনে এসে এত এত বন্ধুদের সঙ্গে দেখা হলো। প্রথম দেখাতেই একে অপরকে কত না আপন করে নিল। অপরিচিত একজনকে আপন করে নেওয়ার কী না দক্ষতা একেকজন বন্ধুর। ব্যক্তিগত আড্ডা-আলোচনায় বন্ধুদের সঙ্গে কতই না গল্প হলো। কীভাবে বন্যা কিংবা দুর্যোগকবলিত এলাকায় বন্ধুরা ত্রাণ বিলানোর কাজ করছে, কীভাবে বন্ধুরা মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কীভাবে বন্ধুরা বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে—সব অভিজ্ঞতা আর গল্প শুনে শুনে উজ্জীবিত হলাম। মনে মনে ভাবি, এবার আমাদের বন্ধুসভায় দেশ সেবার কাজ শুরু করব আরও জোরেশোরে।
সিলেট