ভুলিয়ে দেয় জীবনের সব হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় এবং সমুদ্র বরাবরই আকর্ষণ করে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির নিবিড় ছোঁয়া আর বুক উজাড় করা সৌন্দর্য মুহূর্তেই ভুলিয়ে দেয় জীবনের সব হতাশা। প্রকৃতির এমন সান্নিধ্য আর উচ্ছল ঝরনার শীতল স্পর্শ পাওয়ার মতো সব উপাদানই রয়েছে সীতাকুণ্ড ইকোপার্কে। তাই এটি এখন পর্যটকদের প্রিয় স্থানগুলোর অন্যতম।সীতাকুণ্ড পৌর সদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে এগিয়ে গেলেই ফকিরহাট এলাকায় সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। প্রধান সড়ক থেকে পূর্ব দিকে এক কিলোমিটার সড়ক পেরিয়েই দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক। জনপ্রতি ১০ টাকা দিয়ে প্রবেশ কুপন সংগ্রহ করে ঢুকতে হয় পার্কের ভেতর। তবে শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্যে রয়েছে বিশেষ ছাড়।গাড়ি কিংবা হেঁটে গাছ-গাছালির ছায়ায় গা ডুবিয়ে যাত্রা শুরুর আগে ফটকসংলগ্ন কার্যালয় থেকে ইকোপার্ক সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া ভালো। কার্যালয়ের সামনে ফলক থেকে দর্শনীয় স্থানগুলো বাছাই করে নেওয়া যায়।কিছুদূর উঠলেই রয়েছে সুপ্তধারা জলপ্রপাত। ঝরনার স্নিগ্ধতা আর রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে হলে সিঁড়ি বেয়ে নামতে হবে পাহাড়ের তলদেশে। সেখানে একটি ছাউনিতে খানিকটা বিশ্রাম নিয়ে নিচে নামতে হবে সতর্কতার সঙ্গে। শত ফুট ওপর থেকে অবিরাম গড়িয়ে পড়া ঝরনাতে একটু ভেজার আনন্দই আলাদা। সহস্রধারা জলপ্রপাত নামে আরেকটি ঝরনা আছে ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের শেষ সীমানায়। ৩০০ ফুট সিঁড়ি ভেঙে এবং কিছু পাহাড়ি পথ বেয়ে চলে যাওয়া যায় ঝরনার পাদদেশে। এখানে এসে পানির স্নিগ্ধ পরশ পাওয়ার লোভ সামলাতে পারেননি জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। এই ঝরনার পরশ নিতে ১৯২৬ ও ১৯২৯ সালে ছুটে এসেছিলেন তিনি। রচনা করেছিলেন বিখ্যাত গান ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ। ঐ পাহাড়ের ঝরনায় আমি উধাও হয়ে রই গো।’ পাহাড়ের গায়ে পাথরের ফলকে উৎকীর্ণ আছে সেই পঙিক্তগুলো।ঝরনা দেখে ওপরে এসে সেরে নেওয়া যায় পানাহার। তবে দোকানি দাম একটু বেশিই নেবে। পার্শ্ববর্তী পাহাড়ে উঠে পশ্চিম দিকে তাকালেই দেখা যায় সূর্য ডোবা ও সমুদ্রসৈকতের অপরূপ দৃশ্য।যা কিছু সুন্দর১৯৯৬ একর পার্কটি দুই অংশে বিভক্ত। এক হাজার একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও ৯৯৬ একর জায়গাজুড়ে রয়েছে ইকোপার্ক। এখানে রয়েছে তিনটি বনভোজনের জায়গা ও আটটি বিশ্রাম ছাউনি। আছে মেছোবাঘ, ভালুক, মায়াহরিণ, বানর, হনুমান, শূকর, বনরুই, সজারু, বনমোরগ। গোখরা, লাউডগা, কালন্তি প্রভৃতি সাপ থাকলেও এগুলো শীতকালে বের হয় কম। দুর্লভ কালো গোলাপসহ ৩৫ জাতের গোলাপ, জবা, নাইট কুইন, লিলি, স্থলপদ্ম, মোসান্ডা, রঙ্গন, রাধাচূড়া, কামিনী, কাঠ মালতি, বাগানবিলাস, হাসনাহেনা, গন্ধরাজ মিলে রয়েছে ১৫০ জাতের ফুল। বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের উত্তরে শুধু পাহাড় আর পাহাড়, হাটহাজারী, মন্দাকিনী ও ফটিকছড়ি পর্যন্ত। পাহাড়ের চূড়ায় রয়েছে বনভোজনের জায়গা, বিশ্রামাগার শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা। ফুল ও ফলের বাগান পাহাড়ের মধ্যে সৃজিত হচ্ছে নানা রকম ফুল, ফল ও ওষধি গাছের বাগান। এর মধ্যে শাল, সেগুন, গর্জন, আমলকী, আম, জাম, হরিতকী মিলে আছে ১৪৫ প্রজাতির গাছগাছালি। বিরল প্রজাতির সাইকাস পার্কটিকে সমৃদ্ধ করেছে। আছে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন ১০০টি অর্কিড। চন্দ্রনাথ মন্দির পার্ক থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়া যায় চন্দ্রনাথ শিব মন্দিরে। যাওয়ার সময় আঁকাবাঁকা সড়কের পাশে হৈমন্তি, লেনটোনা ও সোনালু এবং দূরে সাদা কাশফুলের সমারোহ দেখে মনটা জুড়িয়ে যায়। পাহাড়ের পাদদেশ থেকে মোট এক হাজার ৬০০ সিঁড়ি বেয়ে শিব মন্দিরে উঠতে হয়। ইকোপার্কে ঘুরতে আসা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রী সুফিয়া কামাল বলেন, ‘শহুরে একঘেঁয়ে জীবনের ক্লান্তি দূর করতে এমন পাহাড়ি নির্জনতা খুবই উপভোগ্য। এখানকার ঝরনাটি দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে যেখানে-সেখানে অবাধে ধূমপান ভালো লাগেনি।’ খুলশী থানাধীন বিশ্বব্যাংক কলোনি এলাকার নুরুল ইসলাম বলেন, ‘বোটানিক্যাল গার্ডেন থেকে অনেক অজানা দুর্লভ বৃক্ষের নাম ও পরিচয় সংগ্রহ করেছি। যা চলার পথে অনেক কাজে লাগবে। পার্কের সৌন্দর্য দারুণ আকর্ষণীয় হলেও ব্যবস্থাপনা কিছুটা দুর্বল।’ যেভাবে যাবেনচট্টগ্রাম শহর থেকে বাস, ম্যাকসি কিংবা অটোরিকশায় ৩০ কিলোমিটার উত্তরে এলেই দেখা মিলবে ইকোপার্কের। সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পাহাড়ের ওপরেও যাওয়া যায়। তবে ভাড়া একটু দরদাম করে নিলেই ভালো। আর নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই।