ভুলে গেলেও তো ভালোবাসি...
প্রিয় মানুষ, প্রিয় স্মৃতি। বিশেষ দিন। হতে পারে প্রথম ভালো লাগার দিন। প্রথম যেদিন বলে ওঠা, ভালোবাসি তোমায়। অথবা প্রিয়জনের জম্মদিন। এই দিনগুলো ভুলে গেলে ভালোবাসার মানুষটির অভিমান হবে বৈকি। আর অভিমানের রেশ কাটানোর ভারও কিন্তু আপনার কাঁধেই বর্তায়।কিন্তু কীভাবে?আলী যাকের ও সারা যাকের। মঞ্চে একসঙ্গে কাজ করতে করতে ভালোবাসা, তারপর বিয়ে। সাজানো সংসারে এক দিনও এমন অভিমানের মেঘ জমতে দেননি তাঁরা। আলী যাকের বললেন, ‘আমার বেঁচে থাকার পেছনে সবচেয়ে বড় অবদান সারার। সম্ভবত সে কারণেই, এত বয়স হয়ে গেল, তবু একটি বিশেষ দিনও ভুলিনি। তাঁরা দুর্ভাগা, যাঁরা জীবনসঙ্গিনীকে এখনো এতটুকু মনোযোগ দিতে শেখেননি।’ সারা যাকের বললেন, ‘আমাদের প্রজন্মে না ছিল ফেসবুক, না ছিল এত আধুনিক সব রিমাইন্ডার। তখন সবারই সবকিছু মনে রাখতে হতো। তবে ভোলা হয় না কিছুই, মানুষগুলো এত বেশি প্রিয় বলেই হয়তো। আর এসব দিন উদ্যাপন করলে সম্পর্ক আরও গভীরতা পায়।’ বিশেষ দিনগুলো বিশেষ গুরুত্ব পায় দম্পতি তাহসান ও মিথিলার কাছেও। শত ব্যস্ততাতেও একটু সময় বের করেন নিজেদের জন্য। বাইরে খেতে যান। উপহার বিনিময় চলে দুজনার। মিথিলা আশা করেন, বিশেষ দিন আলাদা কিছু করুক তাহসান। যদিও ‘তাহসান যেটা করেন সেটাই বিশেষ’ বলে মিষ্টি হাসলেন মিথিলা। আর তাহসান বললেন, ‘যাঁরা বিশেষ দিনে মনের মতো চমক না পেলে মন খারাপ করেন, তাঁদের বাস্তব ও স্বপ্নের তফাত বোঝা উচিত। প্রিয়জন ভুলে গেলে কী হবে, যা চান তা নিজেই করে ফেলুন না। আরও বেশি ভালো লাগবে।’কী করি, কী যে করিযদি ভুলেই যান প্রিয়জনকে বিশেষ দিনে শুভকামনা জানাতে, কী করবেন? আলী যাকের বলেন, ‘তখন একটাই করার, তা হলো পুরোপুরি আত্মসমর্পণ। শুধু মুখের কথায় তো হবে না। বিশেষ কিছু করে দেখান, একটা সুন্দর উপহার দিন।’ সারা যাকের বললেন, ‘অভিমান হয়ে গেলে সামলানো একটু মুশকিলই বটে। একের প্রতি অন্যের বিশ্বাস আর বোঝাপড়া থাকলে এমন হওয়ার কথা নয়। তবু যদি হয়েই যায়, সঙ্গীর যা পছন্দ, ঠিক তা-ই করুন। মনে রাখুন এসব অভিমান ভালোবাসারই একটা অংশ।’তাহসান সোজাসাপটা বললেন, ‘অভিমান হলে একদম গাল ফুলিয়ে থাকবেন। নইলে সঙ্গীটি বুঝবে, কীভাবে আপনি রাগ করেছেন। তখন অন্যজন একটা গান লিখে গেয়ে শুনিয়ে দিন, প্রয়োজনে হাঁটু গেড়ে মাফ চান। রেগে থাকা মানুষটিকে সামনে বসিয়ে প্রিয় কবিতা শোনান, অথবা দূরে, বা ঢাকার আশপাশে কোথাও বেড়াতে নিয়ে যান। বিশেষ ডিনারে নিয়ে যান। আর ফুল তো থাকতেই হবে।’ মিথিলা বললেন, ‘প্রিয়জনের রাগ দেখে নিজে রাগ করবেন না যেন। কারণ, তাঁর রাগ করার অধিকার আছে। মিষ্টি করে হেসে সরি বলবেন, আর তাঁর পছন্দের একটা উপহার দিতে যেন ভুল না হয়।’ বিয়ের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন মনিকা’স বাঁধনের স্বত্বাধিকারী মনিকা পারভীন। বিশেষ দিবসগুলো উদ্যাপন কত মিষ্টি হতে পারে, তা-ই শোনালেন নিজের স্মৃতি থেকে।আশির দশকের কথা। কোনো এক বিশেষ দিবসের আগে তুমুল অভিমান করে বসেছিলেন মনিকার মা। বেচারা বাবা সেই বিশেষ দিনে চুপি চুপি এলেন মনিকার কাছে, মনিকাকে পাঠিয়ে উপহার কিনে আনালেন। বাবা চাকরি করতেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে। বিকেলে সেই বাগানের একগাদা বিদেশি ফুল আর মনিকার কেনা উপহার নিয়ে বাড়ি ঢুকলেন, হল্লা করতে করতে। কেউ তাঁকে ভালোই বাসে না, এমন দিনে তাঁর কথা কেউ মনেই রাখে না, ইত্যাদি। বেচারি মা, অভিমান ফেলে লজ্জা রাখার কুল পান না। মনিকা হেসে বললেন, ‘বিশেষ দিনগুলো উদ্যাপন করলে পরিবারের বন্ধন দৃঢ় হয়। এ জন্য মনে রাখুন কিছু বিশেষ টিপস।’ ভুলে না গেলেই আসলে সবচেয়ে ভালো। ডায়েরিতে লিখে রাখুন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, ফেসবুক বা মোবাইলে রিমাইন্ডার দিন। ছেলে-মেয়ে বা ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্য নিন। তাঁদের বলুন বিশেষ দিনটি আগেই আপনাকে মনে করিয়ে দিতে। স্পর্শ অনেকটা ওষুধের মতো কাজ করে। হাত ধরে সরি বলতে শিখুন। প্রিয়জন মনে করিয়ে দিলে তাঁকে ধন্যবাদ জানান মনে করিয়ে দেওয়ার জন্য। তাঁকেই প্রশ্ন করুন, এ উপলক্ষে কী করা যেতে পারে? দুজনই দুজনকে চমকে দেওয়ার মতো কিছু করুন। আগে হোক বা পরে।অভিযোগ বা অনুযোগে বিরক্তি প্রকাশ করবেন না। এর ফলে সম্পর্কে টানাপোড়েন শুরু হতে পারে।