ভুলে ভরা ডায়েরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইতিমধ্যে পরিবর্তন করে রাখা হয়েছে হজরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর। বিডিআরের (বাংলাদেশ রাইফেলস) নাম এখন হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকায় ছাপা হয়েছে আগের নামগুলো। এমন অসংখ্য ভুল নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের বর্ষপঞ্জিকা।এ ভুলগুলো সংশোধনে অনেক জায়গায় আঠা দিয়ে কাগজ সাঁটানো হয়েছে। কোথাও কোথাও আবার নতুন করে কাগজ লাগিয়ে সঠিক তথ্য লিখে দেওয়া হয়েছে। তার পরও রয়ে গেছে অসংখ্য ভুল।বিভ্রান্তি রয়েছে খোদ উপাচার্যের নাম নিয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম উল্লেখ করা হয়েছে আনোয়ারুল আজিম আরিফ। আবার ব্যবস্থাপনা বিভাগের তালিকায় ওই শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে মো. আনোয়ারুল আজিম আরিফ। আবার শিক্ষক সমিতির সভাপতি ও সহসভাপতি দুজনের নামই উল্লেখ করা হয়েছে ভুল বানানে। যদিও পরে নতুন কাগজ দিয়ে তাঁদের সঠিক নাম উল্লেখ করা হয়।ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম জ্যেষ্ঠ শিক্ষকদের একজন। অর্থ কমিটিতে তাঁকে দেখানো হয়েছে রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে।শুধু শিক্ষকদের নামের ক্ষেত্রে নয়, পদবির ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের বিভ্রান্তিকর তথ্য। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চার প্রভাষককে দেখানো হয়েছে সহকারী অধ্যাপক হিসেবে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুজন সহকারী অধ্যাপককে দেখানো হয়েছে সহযোগী অধ্যাপক হিসেবে।সাবেক সহকারী প্রক্টর মোহাম্মদ আসাদুল হকের নাম ডায়েরির ৪৯ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে। কিন্তু তিনি গত ৩ জানুয়ারি তাঁর পদ থেকে অব্যাহতি নিয়েছেন।হোটেল শেরাটনের নাম ইতিমধ্যে দুবার পরিবর্তন করা হলেও ডায়েরির ১৬১ পৃষ্ঠায় হোটেল শেরাটনই লেখা হয়েছে।পুরো ডায়েরির ৪০, ৪১, ৬১, ৬৯, ৮৬, ৯৩ পৃষ্ঠাসহ মোট ছয়টি স্থানে এ সমস্যাটি দেখা যায়। অনুসন্ধানে দেখা গেছে, ২০১০ ও ২০১১ সালের ভুলগুলো সংশোধন না করেই আবার ছাপানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন পত্রিকার কার্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফোন নম্বর গত কয়েক বছরে পরিবর্তন করা হলেও বর্ষপঞ্জিকায় আগের নম্বরটিই ছাপানো হয়েছে। ১৫৭ নম্বর পৃষ্ঠায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র স্থলে ছাপানো হয়েছে ‘সংবাদপত্র প্রতিনিধি’।এ ছাড়া একই পৃষ্ঠায় পত্রিকা ও সাংবাদিকদের নাম এবং মুঠোফোন নম্বরও ভুল ছাপা হয়েছে।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আলাউদ্দিনও সম্প্রতি বর্ষপঞ্জিকার কারণে বিভ্রান্তিতে পড়েছিলেন। তিনি একটি জরুরি প্রয়োজনে ভোরের কাগজ চট্টগ্রাম কার্যালয়ে ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয় এটা প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়। বর্ষপঞ্জিকায় ভোরের কাগজ এবং প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের টেলিফোন নম্বর একই ছাপানো হওয়ায় উপ-উপাচার্য এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন।এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘অনেক জায়গায় প্রিন্টিং মিসটেক হয়েছে। তবে ভুলগুলো সংশোধন করা হয়েছে।’ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রেসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেকান্দর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে তথ্য আমাদের দেওয়া হয় তাই আমরা ছাপানোর ব্যবস্থা করি। তবে ছাপতে গিয়ে কিছু ভুল হয় বলে তিনি জানান।