ভুলের খেসারত ১৯ বিলিয়ন ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যান কোউম ও ব্রায়ান অ্যাকটন
জ্যান কোউম ও ব্রায়ান অ্যাকটন

২০০৯ সালের কথা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির আবেদন করেন দুই তরুণ প্রোগ্রামার জ্যান কোউম ও ব্রায়ান অ্যাকটন। সাক্ষাৎকারেরও ডাক পান তাঁরা। বেশ আগ্রহ নিয়ে চাকরির সাক্ষাৎকারে অংশ নেন দুই তরুণ। কিন্তু বিধি বাম, আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত আর কপালে জোটেনি ফেসবুকের চাকরি। একরাশ কষ্ট নিয়ে ২০০৯ সালের ৪ আগস্ট রাতে চাকরি হয়নি বলে টুইটারে বার্তা (টুইট) লেখেন ব্রায়ান অ্যাকটন, ‘ফেসবুক আমাকে নিয়োগ দেয়নি। দারুণ সব মানুষের সঙ্গে কাজের সুযোগ নিশ্চয় বেশ বড় সুযোগ ছিল। দেখা যাক, জীবন কোথায় নিয়ে যায়।’
সেই চাকরির সুযোগ না পাওয়া জ্যান কোউম ও ব্রায়ান অ্যাকটন কয়েক মাসের মধ্যে খুদে বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নামের একটি স্টার্টআপ গড়ে তোলেন। বছর গড়াতেই তাঁদের সেই উদ্যোগ জনপ্রিয় হতে শুরু করে। ২০১৪ সালে সেই স্টার্টআপকেই কিনে নেয় মার্ক জাকারবার্গের ফেসবুক। নিশ্চয় সেদিন ফেসবুক কর্তৃপক্ষ অনুশোচনা করেছে—আহা! যদি ফেসবুক দুই তরুণকে চাকরি দিত, তাহলে হয়তো বেঁচে যেত ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার!

ফোর্বস ও পপসুগার অবলম্বনে জাহিদ হোসাইন খান