ভুলো মন
আমার বাবা ভুলো মনের মানুষ। প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরলে দেখা যায় বাবা কিছু ভুল করে রেখে এসেছেন। আর যেটা হারাবেন, সেটা আজ পর্যন্ত পাওয়া গেছে, এমন ইতিহাস নেই একটাও। ভুলো মনের কারণে বাবা কম বকা শোনেননি মায়ের কাছে। বকা শুনেও কোনো উন্নতি হয়নি। ভুলো মনের কারণে মা বাবাকে যেদিন বেশি বকবেন, আমরা নিশ্চিত থাকি তার পরের দিন বাবা আরও বড় কিছু ভুল করবেন। এই তো সেদিন বাবাকে নতুন টিফিন বক্সে করে মা দুপুরের খাবার দিলেন। দেওয়ার সময় বাবাকে ভালো করে বুঝিয়ে দিলেন যে টিফিন বক্সটা ছোট মামা আমেরিকা থেকে পাঠিয়েছেন, ওটা যেন কোথাও ভুল করে না রেখে আসেন।বাবা ঠিক সেই ভুলটাই করে এলেন। মা রাগের চোটে বাবার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিলেন। মায়ের রাগ ভাঙাতে বাবা কানে ধরলেন, আর কোনো দিন এমন ভুল করবেন না। মায়ের রাগ অনেক কষ্টেই ভাঙালেন বাবা। আজ বিকেলে বাবা অফিস থেকে ফিরেছেন, দেখি খুশিতে ডগমগ করছেন। এসেই বলা শুরু করেছেন, কে বলে আমি ভুলো মনের মানুষ, সবাই দেখো, আজ আমি কিছুই ভুলিনি। মা বললেন, ‘কিছু ভুল করোনি?’‘না, ঠিক সময়ে খাবার খেয়েছি, টিফিন বক্স আনতে ভুলিনি এবং সবার শেষে এই দেখো ছাতাটা আনতেও ভুলিনি।’ ‘ভোলোনি?’ মা বললেন। ‘এক শ বার ভুলেছ, কার ছাতা এটা?’‘কেন, কার ছাতা এটা?’‘তুমি তো আজ ছাতা নিয়েই যাওনি!’ মো. ওহিদুল আসাদ হাসানআরএন রোড, যশোর।