ভুলো মন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার আমরা সাত বান্ধবী—আমি, লিজা, তৃষ্ণা, নিঝুম, সিঁতি, মৌনী আর রীচা—ঠিক করলাম, আমাদের আরেক বান্ধবী প্রিয়াকে তার জন্মদিনে ভালো গিফট দেব। আমরা দোকান থেকে আগে গিফট নিয়ে পরে সাতজনের কাছ থেকে টাকা উঠিয়ে দেব বলে ঠিক করলাম। গিফট কেনা হলো, দেওয়াও হলো। গিফটের টাকা ওঠানোর দায়িত্ব পড়ল আমার ঘাড়ে। আমি এমনিতেই একটু বেহিসাবি, টাকা-পয়সার হিসাব বুঝি না, তাও আমাকেই দেওয়া হলো জোর করে। মোটামুটি ছয়জনের টাকা উঠিয়ে দোকানে দিয়ে আসার পর হিসাব করে দেখা গেল, শুধু সিঁতির টাকা দেওয়া হয়নি। তাই পরদিন ওকে টাকা আনতে বলে দিলাম। কিন্তু পরদিন সিঁতি স্কুলে এল না। নিঝুমের হাতে টাকা দিয়ে দিল, আর বলল, ‘এটা ধরিত্রীকে দিয়ে দিস।’ এদিকে আমিও ভুলে গেছি যে আমি ওকে গিফটের টাকা আনতে বলেছিলাম। ফলে নিঝুম যখন আমাকে এসে টাকাটা দিয়ে বলল, ‘নে তোর টাকা, সিঁতি দিয়েছে।’ আমি ভাবলাম, আমি বোধহয় সিঁতির কাছে কোনো টাকা পেতাম, সেটাই দিয়েছে। এতগুলো টাকা পেয়ে বন্ধুদের খাওয়াতে খুব ইচ্ছা করল, তাই ওই টাকা দিয়ে আমি যে দোকান থেকে গিফট কিনেছিলাম, সেই দোকান থেকেই সবাইকে চকলেট খাওয়ালাম। পরদিন সিঁতি এসে জিজ্ঞেস করল, ‘কি রে, দোকানের টাকা দিয়েছিস?’ আমি তো থ, ‘ওইটা গিফটের টাকা ছিল?’ পরে সিঁতি পুরো ব্যাপার শুনে হাসতে হাসতে শেষ। শেষে আবার সবাইকে যা খাইয়েছিলাম, সবাই সেই টাকা আবার তুলে আমাকে দিল, আর আমি সেই টাকা দিয়ে এলাম দোকানে। এখনো সিঁতি বা ওরা আমাকে কোনো কাজে টাকা দেওয়ার আগে বলে নেয়, ‘এই দেখিস, এটা দিয়ে আবার মানুষকে খাওয়াস না যেন!’ ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।