ভুসি টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন সকালে আমাদের কলোনির এক লোক গরুর জন্য ভুসি বানাচ্ছিল। তাকে দেখে সজীব আমাকে বলল, ‘এই লোকটা খুবই বদ প্রকৃতির আর চালাক। ওনাকে বেকুব বানানো যায় না।’ আমি বললাম, ‘কী বলিস! এটা তো কোনো ব্যাপারই না। দেখবি, এই লোকটাকে আমি কীভাবে বোকা বানাব?’ সজীব বলল, ‘বোকা বানিয়ে দেখা তা হলে।’ আমি ওই লোকের সামনে গিয়ে বললাম, ‘কী করছেন আঙ্কেল?’ তিনি বললেন, ‘গরুর জন্য ভুসি বানিয়েছি। কিন্তু গরুটা ভুসি খাচ্ছে না।’ আমি বললাম, ‘আপনি ভুসিতে লবণ দিয়েছেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ, দিয়েছি।’ আমি বললাম, ‘গরুরা স্বাদ বোঝে। লবণ বেশি হলেও খায় না, কম হলেও খায় না। আপনি কি ভুসি খেয়ে দেখেছেন, লবণ ঠিক আছে কি না?’ তিনি বললেন, ‘না।’ আমি বললাম, ‘আমি ভুসি বানানোর সময় একটু খেয়ে দেখি লবণ বেশি হয়েছে, নাকি কম হয়েছে। লবণ বেশি হলে পানির পরিমাণ বাড়িয়ে দিই, আর কম হলে লবণ বাড়িয়ে দিই। তাই আমার গরু সব সময় ভুসি ঠিকমতো খায়।’ তিনি বললেন, ‘সত্যি বলছ? আমি ভুসি খেয়ে দেখব?’ আমি বললাম, ‘হ্যাঁ, খেয়ে দেখুন। মানে শুধু একটু জিবে ছুঁইয়ে পরখ করুন।’ তিনি তৎক্ষণাৎ এক চামচ ভুসি নিয়ে মুখে দিলেন। বললেন, ‘লবণের পরিমাণ ঠিক আছে। কিন্তু তার পরও কেন গরু ভুসি খাচ্ছে না?’ আমি চিন্তিত মুখে বললাম, ‘গরুটার মনে হয় অরুচির ব্যারাম হয়েছে।’ করিমচট্টগ্রাম।