তিনি টেকনিশিয়ান। কিন্তু নামের আগে ব্যবহার করেন দন্ত চিকিৎসকের পদবি। এভাবে ফেনী শহরে রোগী দেখে আসছেন দিনের পর দিন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছেন। তাঁর নাম সেলিম জাহাঙ্গীর। জানা যায়, গত শনিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনসুর উদ্দিনের নেতৃত্বে ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই সড়কের ন্যাশনাল প্লাজায় অবস্থিত আলী ডেন্টাল ক্লিনিকে ঢুকে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান সেলিম জাহাঙ্গীর নামের এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছেন। ভ্রাম্যমাণ আদালত তাঁর কাছে চিকিৎসকের সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে তিনি নিজেকে একজন ডেন্টাল টেকনিশিয়ান বলে জানান। এ সময় ভ্রাম্যমাণ আদালত ভুয়া পদবি ব্যবহারের অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাঁর কাছে থাকা ব্যবস্থাপত্র লেখার প্যাড ও ভিজিটিং কার্ড জব্দ করেন।