ভুয়া জখমি সনদ দিয়ে বিপাকে চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া জখমি সনদ (মেডিকেল রিপোর্ট) দিয়ে বিপাকে পড়েছেন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম।
গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এক আদেশে অভিযুক্ত চিকিৎসক আবদুস সালামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতকে অবহিত করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন। একই সময়ে সালামের বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২–এর উপপরিচালককেও নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ২০১৫ সালের ২১ মে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনার বাসিন্দা রাশেদুল করিম। ওই মামলায় জানারঘোনা এলাকার আবদুর রহিম, নুর আহমদসহ ১২ জনকে আসামি করা হয়। মামলায় কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালামের দেওয়া একটি জখমি সনদ দাখিল করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান একই থানার উপপরিদর্শক (এসআই) ফৌজুল করিম। তিনি ওই বছরের ২৮ জুলাই আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি ঘটনা ও জখমি সনদ মিথ্যা উল্লেখ করে আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়েছেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, বাদীর দাখিল করা জখমি সনদের সঙ্গে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের মিল না থাকায় আদালত এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেন কক্সবাজারের সিভিল সার্জনকে। তিনিও তদন্ত করে সনদটি ভুয়া বলে আদালতকে জানান।
এ প্রসঙ্গে সিভিল সার্জন কমর উদ্দিন বলেন, আবদুস সালামের দেওয়া জখমি সনদটি ভুয়া প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।
সিভিল সার্জন আরও বলেন, সনদ জালিয়াতি মারাত্মক অপরাধ। এ কারণে তিনি (সালাম) চাকরি হারাতে পারেন। পাশাপাশি তাঁর জেল-জরিমানাও হতে পারে।
হাসপাতাল সূত্র জানায়, জখমি সনদে ২০১৫ সালের ১৪ মে রাশেদুল করিম হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখ আছে। অাদতে ওই দিন রাশেদুল নামে কোনো রোগী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হননি এবং ওই নামে কাউকে জখমি সনদও দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফৌজুল করিম জানান, সম্প্রতি মামলার বাদী রাশেদুল করিম আদালতে জবানবন্দি দিয়ে বলেছেন, তিনি কারও বিরুদ্ধে থানায় মামলা করেননি। ২০১৫ সালের ১৪ মে বাবা তাঁকে মারধর করেন। ওই সময় তিনি আবদুস সালামের কাছে চিকিৎসা নিতে যান। তখন চিকিৎসক সালাম তাঁর কাছ থেকে চিকিৎসার জন্য দরকার হবে জানিয়ে একটি সাদা কাগজে দস্তখত আদায় করেন। পরে জানতে পারেন, জমিজমা নিয়ে বিরোধ আছে এমন লোকজনকে ফাঁসানোর জন্য আবদুস সালাম তাঁর নামে ওই মিথ্যা মামলাটি দায়ের করেছিলেন। তাই তিনি মিথ্যা মামলা থেকে আসামিদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
মামলার প্রধান আসামি আবদুর রহিম জানান, চিকিৎসক সালামের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে মামলা রয়েছে। তাই হয়রানি করতে তিনি মিথ্যা মামলাটি করিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে চিকিৎসক আবদুস সালাম জানান, তিনি ভুয়া জখমি সনদ দিয়ে কাউকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেননি। তারপরও আদালতের রায়টি ছিল একতরফা। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। রায়ের বিরুদ্ধে তিনি কক্সবাজার জেলা জজ আদালতে আপিল করেছেন। তাই তিনি বিচারাধীন মামলা নিয়ে অন্য কোনো মন্তব্য করবেন না।