ভুয়া জন্মসনদ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভুয়া জন্মসনদ দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা অনলাইনে ফরম পূরণ না করেই জন্মসনদ দিয়ে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাসখানেক আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি এবং নানা প্রতিষ্ঠানে লোক নিয়োগের সময় বিষয়টি ধরা পড়ে। প্রার্থীদের অনেকের জন্মসনদই ছিল জাল। নিয়ম অনুযায়ী অনলাইনে ফরম পুরণ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষরসহ জন্মসনদ দেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে সাজেক ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা মো. মোরশেদ হাতে ও কম্পিউটারে ফরম পূরণ করেছেন। পাশাপাশি তিনি নিজেও বেআইনিভাবে জন্মসনদে স্বাক্ষর দিয়েছেন। এর ফলে ওই ইউনিয়নের প্রায় ৩০ হাজারের বেশি মানুষ বিপাকে পড়েছে।
ভূক্তভোগীরা অভিযোগ করেন, সাজেক ইউনিয়ন পরিষদের তথ্যসেবাকেন্দ্রটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২৫ কিলোমিটার দূরে উপজেলা সদরে। তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা মো. মোরশেদ নিজের খেয়াল–খুশিমতো কেন্দ্রটি সরিয়ে নিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। উপজেলা সদরে গিয়ে মো. মোরশেদের কাছ থেকে জন্মসনদ নিতে হচ্ছে সাজেকের বাসিন্দাদের। প্রতিটি জন্মসনদের জন্য ৫০ থেকে ৩০০ টাকা নেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে সরকারিভাবে অনলাইনে জন্মসনদ দেওয়া ঘোষণা আসে। এতে ইউিপর চেয়ারম্যান অতুলাল চাকমা তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা মো. মোরশেদকে জন্মসনদ দেওয়ার অনুমতি দেন। ২০১৩ জুন পর্যন্ত মাত্র একজন অনলাইনে জন্মসনদ দেওয়ায় সরকারিভাবে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। তার পরও অনলাইনে ফরম পূরণ না করে মো. মোরশেদ ১০ হাজারের বেশি জন্মসনদ দিয়েছেন। এসব সনদের কোনোটি হাতে লেখা, আবার কোনোটি কেবল কম্পিউটারে কম্পোজ করা। জন্মসনদগুলো এখন কোনো কাজে আসছে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যথাযথ নিয়ম অনুসরণ করে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে এলাকার বাসিন্দাদের জন্মসনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
ইউনিয়ন পরিষদ জানায়, সাজেক ইউনিয়নে মোট ৩২ হাজার ৭৭৬ জনকে জন্মসনদ দেওয়ার কথা রয়েছে। এর আগে ২২ হাজার ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ হাতে লেখা জন্মসনদ দিয়েছে। এসব মানুষের জন্মসনদ ইউনিয়ন পরিষদের খরচে অনলাইনে এন্ট্রি করার কথা। কিন্ত আজ পর্যন্ত সেই কাজ করা হয়নি। অনলাইনে জন্মনিবন্ধন করতে হলে প্রতিজনের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার বিধান রয়েছে। এই টাকা থেকে ইউনিয়ন পরিষদের হিসাব নম্বরে ২৫ টাকা জমা দেওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের হিসাব নম্বরে কোনো টাকা জমা করা হয়নি।
গঙ্গারাম এলাকার ক্লিনটন চাকমা বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদে জন্মসনদ পাওয়ার কথা থাকলেও ৫০ থেকে ১০০ কিলোমিটার দূরে উপজেলা সদর থেকে আনতে হচ্ছে। পরিবারের সদস্যদের জন্মসনদ করতে ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত খরচ হয়েছে। অনেকের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হয়েছে। তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা যে জন্মসনদ দিয়েছে এখন সেগুলো কোনো কাজে আসছে না।’
তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা মো. মোরশেদ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে আমি সাত থেকে আট শ জন্মসনদে স্বাক্ষর করেছি। আমি কোনো হাতে লেখা জন্মসনদে স্বাক্ষর করিনি। কোনো ভুয়া জন্মসনদও তৈরি করিনি, অনলাইনের মাধ্যমেই করেছি। এ জন্য চেয়ারম্যান ও আমার পারিশ্রমিক হিসেবে প্রতি জন্মসনদে ৫০ থেকে ৮০ টাকা নিয়েছি।’
ইউনিয়ন পরিষদের সচিব মো. মুমিনুল ইসলাম বলেন, ‘আমি বয়স্ক মানুষ, কম্পিউটার পারি না। সে জন্য চেয়ারম্যান তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তাকে দিয়ে কাজ করাচ্ছেন। তবে উদ্যোক্তার স্বাক্ষর করার নিয়ম নেই। এ পর্যন্ত জন্মসনদের কোনো টাকা ইউনিয়ন পরিষদের সঞ্চয়ী হিসাব নম্বরে জমা করা হয়নি।’
ইউনিয়ন পরিষদের এক বৈঠকে তথ্যসেবাকেন্দ্রে এই উদ্যোক্তাকে বাদ দিয়ে নতুন কাউকে দিয়ে জন্মসনদের ফরম অইলাইনে পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭৭৬ সনদ অনলাইনে দেওয়া হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা আমাকে না বলেই সব করে যাচ্ছেন। আমাকে শুধু বলা হয়েছে অনলাইনের মাধ্যমে জন্মসনদ দিতে হবে। সেখানে চেয়ারম্যান ও উদ্যোক্তার যৌথ স্বাক্ষর লাগবে। এখন দেখা যাচ্ছে কোনো সনদপত্র অনলাইনে দেওয়া হয়নি। অথচ সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ২০১১ সালের আগে যেসব জন্মসনদ দেওয়া হয়েছে সেগুলো অনলাইনে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রায় আড়াই লাখ টাকা দেওয়া হয়েছে। এ জন্য তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা দায়ী।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘সাজেক ইউনিয়নে ভুয়া জন্মসনদ দিয়ে টাকা আত্মসাতের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি কোনো উদ্যোক্তাকে জন্মসনদে স্বাক্ষর করতে অনুমতি দিইনি।’