ভুয়া স্টিকারে চলে ভাড়ার গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি সুবিধা পেতে নগরে ভাড়ায়চালিত গাড়িতে সাঁটানো হচ্ছে ভুয়া স্টিকার। লেখা থাকছে কখনো ‘প্রেস’ কখনো ‘জরুরি রপ্তানি’। মাঝে মাঝে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও নাম ব্যবহার করা হচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছে ট্রাফিক পুলিশ। গাড়িচালকদের সঙ্গে আলাপে জানা গেছে, সরকারি কোনো প্রতিষ্ঠান, পোশাকশিল্পের মালিক বা সাংবাদিকেরা কখনো গাড়িভাড়া নিলে প্রয়োজনে স্টিকার সেঁটে দেন। সেই স্টিকার গাড়ির মালিকেরা আর তোলেন না। কারণ এতে কিছু সুবিধা পাওয়া যায়। গাড়ি রিক্যুইজিশন করা হয় না। ফিটনেস ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রে গলদ থাকলেও পার পাওয়া যায়।লালদীঘি পাড়ের কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘ভাড়ায়চালিত গাড়িতে প্রেস কিংবা জরুরি রপ্তানি স্টিকার লাগালে পুলিশ ধরে না। এ জন্য অনেকে এসব স্টিকার লাগায়। তবে এটা চালকের নিজস্ব ব্যাপার। আর এ রকম পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অনুবোধ করছি।’সরেজমিনে গত বুধবার লালদীঘির পাড় মাইক্রোবাস স্ট্যান্ডে গিয়ে বেশ কয়েকটি নোয়াহ ও বকিস মডেলের মাইক্রোবাসে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার সাঁটানো দেখা গেছে। এসব গাড়িতে সাঁটানো হয়েছে প্রেস, জরুরি রপ্তানি সিইপিজেড, বিদ্যুৎ বিভাগ ও রাজস্ব বোর্ডের স্টিকার। একই অবস্থা দেখা গেছে বহদ্দারহাট স্ট্যান্ডেও। এখানে কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টিকার সংবলিত মাইক্রোবাসও রয়েছে। তবে দুটি স্ট্যান্ডেই বেশি চোখে পড়েছে প্রেস ও জরুরি রপ্তানির স্টিকার লাগানো গাড়ি। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘ভাড়ায়চালিত গাড়িতে প্রেস স্টিকার সাঁটানো অন্যায়। সাংবাদিকের গাড়ি ছাড়া কারও গাড়িতে প্রেস স্টিকার লাগানো যাবে না। কেউ ভুয়া স্টিকার লাগালে তাঁদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারে।’নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, প্রেস ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টিকার সাঁটানো গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। এখন বেশির ভাগ গাড়িতেই কোনো না কোনো প্রতিষ্ঠানের স্টিকার সাঁটানো দেখা যায়। শুধু ভাড়ায়চালিত কার-মাইক্রোবাস নয়, মোটরসাইকেলেও প্রেসের স্টিকার সাঁটানো হয় এবং এগুলোর বেশির ভাগের নিবন্ধন নেই। মালিক ও চালকেরা পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য এ ধরনের পন্থা অবলম্বন করেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘ভাড়ায়চালিত গাড়িতে প্রেস ও জরুরি রপ্তানির স্টিকার সাঁটানো হচ্ছে। ব্যাপারটি আমাদের নজরেও পড়েছে। তবে বেশির ভাগ সময় প্রেস ও জরুরি রপ্তানি স্টিকার লাগানো গাড়ি আমরা তল্লাশি করি না। এ সুযোগটা নেওয়ার চেষ্টা করেন গাড়ির মালিক ও চালকেরা।’ তিনি আরও বলেন, ভাড়ায়চালিত গাড়িতে কোনো বিশেষ প্রতিষ্ঠানের স্টিকার সাঁটানো বেআইনি। ধরা পড়লে এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।