ভূকম্পনের মাত্রা বাড়ছে, মোকাবিলার প্রস্তুতি নেই
ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা আস্তে আস্তে বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে জনমনে আতঙ্ক ও শঙ্কা। কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় চট্টগ্রামে সে রকম কোনো প্রস্তুতি নেই।এই দুর্যোগ মোকাবিলায় সাবধানতাই এখন সবচেয়ে বড় অবলম্বন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই সঙ্গে ভবন ও ইমরাত নির্মাণ নীতিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।জানা গেছে, ২০০৭ সালের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তালিকা অনুযায়ী চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা মাত্র ৬০টি। অথচ নগরের বিভিন্ন স্থপতির মতে, এই সংখ্যা সহস্রাধিক। সিডিএর তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ৬০টি ভবনও ভাঙা হয়নি এখনো। ফলে ভূকম্পনের তীব্রতা ও মাত্রা যতই বাড়ছে, ততই ক্ষয়ক্ষতির শঙ্কাও বাড়ছে। ১৮ সেপ্টেম্বরের ভূকম্পনে চট্টগ্রামসহ সারা দেশ কেঁপে উঠেছিল। এই ভূকম্পনটি নিকট-অতীতের সব মাত্রা অতিক্রম করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। আবহাওয়াবিদদের ভাষায়, এটি তীব্র মাত্রার কম্পন। এই কম্পনের আগে গত জুলাই থেকে এ পর্যন্ত আরও ছয়টি ভূকম্পন অনুভূত হয়েছে। কিন্তু ওই ছয়টির মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। গত ১০ জুলাই অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এলাকায়। ছোট ছোট ভূকম্পন আরও ভূকম্পনের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে চট্টগ্রাম ভূমিকম্পন প্রকৌশল ও গবেষণাকেন্দ্রের সমন্বয়কারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি যে ভূকম্পন হয়েছে তা উৎসমূলে ৬ দশমিক ৮ মাত্রার ছিল। কিন্তু দূরত্বের কারণে ঢাকা ও চট্টগ্রামে এটি অনুভূত হয়েছে ৪ থেকে ৫ মাত্রায়। কিন্তু এতেই লোকজন ঘর ছেড়ে বের হয়ে পড়েছে। তাহলে বুঝতে হবে, মিয়ানমার সীমান্ত এলাকায় যদি একটি আট মাত্রার ভূকম্পন হয়, তাহলে কক্সবাজার ও চট্টগ্রামের অবস্থা কী হবে! তাই আমাদের ইমারত বিধিমালা মেনেই ভবন নির্মাণ জরুরি। সেই সঙ্গে প্রস্তুতিমূলক ব্যবস্থাও নিতে হবে।তিনি আরও বলেন, এ ধরনের ছোট ছোট ভূকম্পন বড় ধরনের ভূকম্পনের পূর্বাভাস দিচ্ছে। তাই গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সংযোগ লাইনগুলোও ভূকম্পনের কথা চিন্তা করে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা উচিত। আবহাওয়াবিদদের মতে, সাধারণত তিনটি কারণে ভূকম্পন অনুভূত হয়—দুটি প্লেটের সংঘর্ষ, দুটি প্লেট দুই দিকে সরে যাওয়া ও প্লেটে চ্যুতির কারণে। ভূগোল বিশেষজ্ঞদের মতে, ভূ-গর্ভস্থের ইউরেশিয়ান প্লেটের অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে হিমালয়ের কাছে। এ প্লেটের সঙ্গে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের প্রতিনিয়ত সংঘর্ষের কারণে সংলগ্ন অঞ্চলে বারবার ভূকম্পন হয়। তাঁদের মতে, বাংলাদেশের উত্তর-পূর্ব দিক থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব দিক ভূকম্পনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অতীতে মাঝারি থেকে তীব্র মাত্রার ভূকম্পনগুলো এ অঞ্চলে অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার অঞ্চলে হয়েছে। চট্টগ্রাম ভূমিকম্প প্রকৌশল ও গবেষণা কেন্দ্রের এক হিসাবে দেখা গেছে, চট্টগ্রাম শহরে এক লাখ ৮২ হাজার ভবন রয়েছে। যদি সাত বা তার অধিক মাত্রার ভূকম্পন হয় তা হলে সবগুলো ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়বে। একই গবেষণায় এক হাজার ৩৩টি স্কুলের মধ্যে ৭৩৯টি ভেঙে পড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। এত আশঙ্কার পরও চট্টগ্রামের ভূকম্পন-পরবর্তী উদ্ধারকাজে যারা নিয়োজিত থাকবে সেই ফায়ার সার্ভিসের শক্তিবৃদ্ধি এখনো হয়নি। এখনো উন্নত যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে ফায়ার সার্ভিসের। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা আস্তে আস্তে আমাদের সরঞ্জাম উন্নত করার চেষ্টা করে যাচ্ছি। ভূকম্পন মোকাবিলার মতো পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম এখনো আমাদের পর্যাপ্ত নেই।’