ভূতের আসরে ভোজনবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল লবিতে অভ্যর্থনা জানালেন যিনি, তিনি যেন মৃত্যুপুরী থেকে উঠে আসা কোনো নারী। মুখে রক্তের দাগ, চোখ পাথরের মতো কঠিন। অতিথিরা আসতেই নিস্পৃহভাবে হাতে টিকিট তুলে দিয়ে দরজা দেখিয়ে দিলেন। দরজা না বলে ভূতের গুহার মুখ বলাটাই শ্রেয়। বিশাল আকৃতির এক রাক্ষস যেন হাঁ করে আছে। সে গুহায় ঢুকে সিঁড়ি ভেঙে উঠতে হবে তিনতলার মূল ভেন্যুতে। সিঁড়িতে পা দিতেই ভয়ঙ্কর পৈশাচিক হাসি। ঝনঝন করে কাচ ভেঙে পড়ার শব্দ পাওয়া গেল। রাতের অন্ধকার চিরে ভেসে এল আর্তচিৎকার।গত শুক্রবার রাতে নগরের হোটেল পেনিনস্যুলা আয়োজিত হ্যালোইন উৎসবের চিত্র এটি। হোটেলের ঝিনিয়া হলে এ উপলক্ষে গা ছমছমে পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। মুখোশ পরে ভৌতিক সাজপোশাকে হোটেলের ওয়েটাররা পরিবেশন করেছেন খাবার। পাশাপাশি আইয়ুব বাচ্চুর গান আয়োজনকে দিয়েছিল নতুন মাত্রা। দেশি, চায়নিজ, থাই ও কনটিনেন্টালসহ প্রায় ৬০টি পদ দিয়ে সাজানো হয়েছিল ব্যুফে খাবার। টিকিটের দাম ধরা হয়েছিল জনপ্রতি দুই হাজার টাকা।সন্ধ্যা সাতটার দিকে একে একে আসতে শুরু করেন অতিথিরা। নিচের লবি থেকে তিনতলার ঝিনিয়া রেস্তোরাঁ পর্যন্ত উঠতে উঠতে বেশ কয়েকবার ভূতের খপ্পরে পড়তে হয়েছে আগতদের। আলো-আঁধারির মধ্য দিয়ে শিশুকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিলেন এক দম্পতি। গুহার মুখে তাঁদের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ল কয়েকটি বামনাকৃতির মানুষ। তাদের অতিক্রম করতেই দেখা গেল সিঁড়ির এক কোণে একটা সাদা ছায়ামূর্তি পথরোধ করে দাঁড়িয়েছে। শিশুটি ততক্ষণে ভয়ে কুঁকড়ে গিয়ে বাবাকে আঁকড়ে ধরেছে। বাবা-মা বারবার সান্ত্বনা দিয়ে বলছেন, এসব দুষ্টুমি, ভূত বলতে কিছু নেই। কিন্তু আরও কিছু দূর যেতেই দেখা গেল সিঁড়ির গোড়ায় ছোট্ট একটা কক্ষে কফিনে শুয়ে থাকা একটি লাশ হঠাৎ ধড়মড় করে উঠে বসেছে। এই দৃশ্য দেখে মা ও ছেলে ভয়ে একসঙ্গে চিৎকার দিয়ে ওঠে।দেশি-বিদেশি প্রায় ২০০ অতিথি এসেছিলেন হ্যালোইন উৎসবে। প্রত্যেক অতিথি হ্যালোইনের নিয়ম অনুযায়ী পেয়েছিলেন একটি করে মুখোশ। কঙ্কাল, মিষ্টিকুমড়ার ভেতরে ভৌতিক লণ্ঠন (জ্যাক-ও-ল্যানটার্ন), বাদুড় ইত্যাদি উপকরণ দিয়ে সাজানো হয়েছিল গোটা রেস্তোরাঁ। প্রখ্যাত লেখক ব্রাম স্টোকারের কাউন্ট ড্রাকুলা চরিত্র অনুকরণে সেজেছিলেন খাবার পরিবেশনকারীরা (ওয়েটার)। সব অতিথি চলে আসার পর রাত নয়টায় পেনিনস্যুলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ মূল অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন। বলা যায় ভূতের আসরে স্বাগত জানান অতিথিদের। রেস্তোরাঁয় মঞ্চ সাজানো হয়েছিল নানা ভৌতিক অনুষঙ্গ দিয়ে। সেই মঞ্চ আলোকিত করে একসময় হাজির হয় সবার প্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড দল এলআরবি। ১০-১২টি গান করে প্রায় ঘণ্টা খানেক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান আইয়ুব বাচ্চু। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’ দর্শকদের এমন পছন্দের গানও ছিল তাঁর পরিবেশনার তালিকায়। রাত ১১টা পর্যন্ত চলে এই অভিনব আনন্দ আসর।