ভূতের ভুল
ব্যাকরণে আমরা ছিলাম ব্যাঁ-ব্যাঁ। আমি (টিপু), বিধু, শুভ আর ট্যাপা; আমাদের এই চারজনের কাছে তাই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বস্তু ছিল খগেন স্যারের বেত। কারণ, ঈশ্বর প্রদত্ত এই চামড়ার ওপর স্যার প্রদত্ত বেত্রাঘাতগুলো পড়ত প্রায়শই। তো সেবার, চার বন্ধুতে মিলে ঠিক করলাম খগেন স্যারকে ভয় দেখাব। ভেবেচিন্তে পরিকল্পনা করা হলো। আমাদের স্কুলঘরের পেছনে সরু যে রাস্তাটা, সেটা ধরে মিনিট দশেক হাঁটলে জংলামতো একটা জায়গা পড়ে, তার পাশেই শ্মশান। খগেন স্যার স্কুল থেকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরতেন এই পথ ধরে। ভূত সেজে সেদিন ঘর থেকে বের হলাম চারজন। জায়গাটা যেমন তাতে নিজেদেরও ভয় লাগে। একটা বেঢপ মোটা গাছের পেছনে ঘাপটি মেরে বসলাম আমি আর বিধু। শুভ বসল আরেকটা গাছের গোড়ায়। আর ট্যাপার কাজ ছিল গাছের ওপর বসে ভূতের কান্না করা। ভূতের কান্না বোঝো তো? এ রকম করে নাঁকি সুরে কান্না—উঁ উঁ উঁ ইঁহ্ হিঁ হুঁ হুঁ উঁ উঁ। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি আমরা, এমন সময় আলোর একটা ক্ষীণ আভা চোখে পড়ল। শুরু হয়ে গেল কাজ। ট্যাপা কান্না শুরু করল; কিছুক্ষণ আমরাও তার সঙ্গে যোগ দিলাম। খগেন স্যারের হাত কেঁপে বাতি পড়ে গেল। অন্ধকার গ্রাস করে নিল পুরো জায়গাটা। যাক্, ভালোই হলো। নাঁকি সুরে বলে উঠলাম আমি—এঁইঁ খঁগেঁন, যাঁস কোঁথা?’ বিধু আর শুভ মিলে ভুতো সংগীত শুরু করল, সে যে কেমন সংগীত না শুনলে বুঝবে না। আবার বললাম আমি—‘খঁগেঁন, আঁমাঁদেঁর সাঁথে নিঁবি?’ খগেন স্যার জোরে জোরে বলে উঠলেন—‘রক্ষা করো মা, রক্ষা করো।’ খগেন স্যার তাঁর সব দেব-দেবীর কাছে ধরনা দিতে লাগলেন আমাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বিধু কখনো উচ্ছ্বাস গোপন রাখতে পারে না। খুশিতে বলে ফেলল, ‘ভয় পেয়েছে রে টিপু, ভয় পেয়েছে!’ ওর মাথাটা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করল। বেআক্কেলটা আমার নাম বলেছে। শুভ আর এক মহান গাধা, ভুল সহ্য করতে পারে না। বলে উঠল, ‘এই বিধু, তুই টিপুর নাম ধরে ডাকলি কেন?’ ইচ্ছে করল শুভর কানটা ছিঁড়ে ফেলি; ভুল শোধরাতে গিয়ে ও বিধুর নামটাও ফাঁস করে দিয়েছে। আড়চোখে দেখলাম, খগেন স্যার কুতকুতে চোখে কিছু বোঝার চেষ্টা করছেন। তাঁর কাঁপাকাঁপি কমে এসেছে। ট্যাপা স্নায়বিকভাবে খুব দুর্বল। সে বুঝতে পারল আমরা ভুল করে তালগোল পাকিয়ে ফেলেছি। তাই সে ভয়ে কাঁপতে কাঁপতে হাত ফসকে গাছ থেকে আমার ওপর পড়ল আর ভূতশিশুর স্বর ভুলে মানবশিশুর কান্না শুরু করল, ‘ও মাগো, ও বাবা গো, হাড় গেল গো।’ আমাদের আসর ভাঙল। খগেন স্যারের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় জিতে বাড়ি ফিরতে পারলেও পরদিন একে একে চারজনকেই স্যার ক্লাসে দাঁড় করালেন। তারপর কী হলো? থাক সে কথা। সব কথা কি বলা যায়? নিশাত তাসনিমউত্তর ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা।