ভূতের সঙ্গে মজার কাণ্ড!

লিফট থেকে লবিতে নামতেই গা ছমছম করে উঠল। চারদিকে আলো-আঁধারির খেলা। দূর থেকে ভেসে আসছে ভৌতিক শব্দ। এর মধ্যে স্বাগত জানাল চার ভূত। অবশ্য পরক্ষণে ভূতের সঙ্গেই হলো বন্ধুত্ব! মজার সব কাণ্ড ঘটিয়ে দর্শনার্থীদের আনন্দ দিয়েছে ভূতেরা।
নগরের পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বেভিউর হ্যালোইন উৎসবে এমন সব কাণ্ড ঘটে। গত ৩১ অক্টোবর হ্যালোইন ডে উদ্যাপন উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ছিল ‘ফ্রাইট নাইট’ শিরোনামের এই আয়োজন। এতে ভূতের সাজে ছিল বিভিন্ন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
এ উপলক্ষে র্যাডিসন ব্লুর তৃতীয় তলার এক্সচেঞ্জ রেস্তোরাঁ সাজানো হয়েছিল ভৌতিক সাজে। ভিন্নধর্মী এই আয়োজনে দর্শনার্থীদের চোখের সামনেই ঘুরে বেড়িয়েছে ভূত। ছিল ভূতের গুহা, যেখানে অন্ধকারের মধ্যেই আনন্দে মেতেছিল ভূতেরা। গুহায় ঢুকে ভৌতিক শব্দ শুনতে শুনতে দেখা মিলেছিল হরেক রকম ভূতের। এসব ভূতের কোনোটা ছিল কালো, কোনোটা সাদা। অনেকের গায়ে লেগেছিল ছোপ ছোপ রক্ত। লেনের শেষ মাথায় গাছের নিচে ঠাঁই দাঁড়িয়ে ছিল ভূতদের দেবতা। দেবতার কাছে দর্শনার্থীরা পৌঁছানোমাত্রই উপহার পেয়েছে চকলেট। চকলেট হাতে পেয়ে উচ্ছ্বসিত ট্যালেন্ট স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইমান সুবাদ। সে বলে, ‘শুরুতে অনেক ভয় পেলেও এখন চকলেট হাতে পেয়ে ভালো লাগছে খুব।’
উৎসব উপলক্ষে ছিল জাদু প্রদর্শনী ও বিশেষ ভূরিভোজ। বেশ কিছু খাবারের পদ বানানো হয়েছিল কঙ্কাল, মাথার মগজ ও ভূতের মুখের অবয়ব দিয়ে। সবশেষে শ্রেষ্ঠ সাজধারী ও শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় আয়োজন। এই দুটি প্রতিযোগিতায় বিজয়ী সাতজনের হাতে পুরস্কার তুলে দেন হোটেলের মহাব্যবস্থাপক জে অ্যাডওয়ার্ড। একই দিন হোটেল আগ্রাবাদেও আয়োজন করা হয় হ্যালোইন উৎসব। নগরের বিভিন্ন বিদ্যালয়েরÿ খুদে শিক্ষার্থীরা অংশ নেয় এই উৎসবে। অংশগ্রহণকারীরা ভৌতিক পোশাক পরে মেতে ওঠে ‘ট্রিক অ্যান্ড রিট’ খেলায়। আয়োজনের শেষ পর্বে শ্রেষ্ঠ সাজধারীর হাতে পুরস্কার তুলে দেন হোটেলের হেড অব সেলস শাহীন মো. নওশাদ।