ভূমি অফিসে সাপের গর্ত, পোকার বাসা

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভবনজুড়ে গড়ে উঠেছে বিষধর সাপ, পোকামাকড়ের বসতি। বর্ষায় ছাদ ঘেমে পানি পড়ে, আসবাবপত্রের অবস্থাও নড়বড়ে।
১৩ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, নাজিরহাট বাজারের পাশে মাইজভান্ডার সড়ক ঘেঁষে সীমানা দেয়ালবিহীন একতলা টিনের ছাউনিযুক্ত পাকা ভবনে চলছে নাজিরহাট ভূমি অফিসের কার্যক্রম। তিন কক্ষবিশিষ্ট ভবনে পাঁচজন কর্মকর্তা–কর্মচারী কাজ করেন। সব কর্মকর্তা-কর্মচারী ভবনের একটি কক্ষেই গাদাগাদি করে বসেন। ওই কক্ষের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ ছাড়া সব আসবাবই নড়বড়ে। স্যাঁতসেঁতে ও আর্দ্র পরিবেশে টেবিলের ওপর ও দেয়ালের তাকে স্তূপ করে রাখা হয়েছে ফাইলপত্র। সেসবের ওপর জমেছে ধুলার স্তর। নোংরা শৌচাগার থেকে আসা দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিতে হয়। কার্যালয়ের প্রতিটি কক্ষেই রয়েছে উইপোকার ঢিপি। বর্ষায় টিনের ছাউনি দিয়ে কক্ষের ভেতরে পানি পড়ে নষ্ট হচ্ছে নথিপত্র।

জরাজীর্ণ ভবনে আছে সাপের উৎপাতও। নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী মুহাম্মদ ওসমান হোসেন দুই বছর ধরে ওই কার্যালয়ে কর্মরত আছেন। তিনি জানান, কার্যালয়ে সাপের গর্ত আছে। তিন মাস আগে কার্যালয় থেকে তিনটি সাপও ধরেছে স্থানীয় বাসিন্দারা।
নাজিরহাট ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. এজাহার ফয়েজ বলেন, ‘জরাজীর্ণ এ ভবন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো সুফল আসেনি। ভবনের সামনের একটি কক্ষে গাদাগাদি করে কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী ঝুঁকি নিয়ে কাজ করছি।’
ওই কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, জরাজীর্ণ আধা পাকা এ কার্যালয়ের ভেতর রয়েছে বিষধর সাপের গর্ত। মাঝেমধ্যে দেখা যায় সাপের অবাধ বিচরণ।
তিনি বলেন, ‘কয়েক বছর আগে জেলা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে এ বিষয়ে চিঠি চালাচালি হয়েছিল। নতুন ভবন তৈরির জন্য তারা মতামত জানতে চেয়েছিল। আমরাও ভবনের জরাজীর্ণ দশার কথা উল্লেখ করে তাদের চিঠি দিয়েছি। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি নাজিরহাট ভূমি কার্যালয়ের সমস্যার কথা জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। আশা করছি নাজিরহাট ভূমি অফিসের সমস্যার সমাধানও হবে।’