ভূমি বিরোধে বাড়ছে সাম্প্রদায়িক সংঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি সই হওয়ার পরের এক যুগে আদিবাসী ও বাঙালিদের মধ্যে ১৩টি বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আদিবাসী ও চারজন বাঙালি মারা যান। এসব সাম্প্রদায়িক ঘটনার মূলে রয়েছে আদিবাসী ও বাঙালিদের ভূমি মালিকানা নিয়ে বিরোধ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানসহ আদিবাসী ও বাঙালি নেতারা এসব ঘটনার জন্য ভূমি বিরোধকেই দায়ী করেছেন। তাঁদের কথা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি না হলে এ ধরনের সহিংস ঘটনা ঘটতে থাকবে।প্রসঙ্গত, পার্বত্য চুক্তির আওতায় ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ জাতীয় সংসদে পাস করা হয়। তবে চুক্তির সঙ্গে আইনের অসংগতি থাকায় কমিশন কার্যকর করা যাচ্ছে না বলে জানা গেছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় একশ্রেণীর ভূমি জবরদখলকারী সুযোগ নিচ্ছে। কমিশনের কার্যক্রম অব্যাহত থাকলে মানুষ বিরোধ নিষ্পত্তিতে ভরসা পেত এবং প্রতিকারের জন্য কমিশনে আসত।’কয়েকজন হেডম্যান জানান, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি (শান্তিচুক্তি নামে পরিচিত) সই হওয়ার পর জনসংহতি সমিতির সদস্যরা অস্ত্রসমর্পণ করেন। এর পর থেকে বসতি স্থাপনকারীরা (সেটেলার) আদিবাসীদের বন্দোবস্তের ও দখলীয় জমি নিজেদের বলে দাবি করে আসছেন। পাশাপাশি ওই সব দখলের চেষ্টাও করেন। এতে আদিবাসীদের সঙ্গে বিরোধ বাড়তে থাকে বাঙালিদের।ভূমি কমিশন আইনের সংশোধন দরকার: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে ভূমি কমিশন আইনের ২৩টি ধারায় সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে আইন প্রণয়নের ১০ বছর পরও কমিশনের কার্যক্রম স্থবির হয়ে আছে।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা বলেন, ‘আদিবাসী ও বাঙালির ভূমি বিরোধ নিরসন না হলে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটবে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনে আঞ্চলিক পরিষদের দেওয়া প্রস্তাবনার ব্যাপারে সরকার নীতিগতভাবে একমত। কিন্তু যথাযথ সরকারি উদ্যোগ নেই। সাম্প্রদায়িক সংঘাত বন্ধে দ্রুত ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সংশোধনের মাধ্যমে কমিশনকে কার্যকর করতে হবে।’ পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘বাহ্যিকভাবে দেখা যায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। আসলে তার মূলে রয়েছে ভূমি বিরোধ। এসব বন্ধে পার্বত্যচুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি করতে হবে।’খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম বলেন, ‘১৯৭০ ও ৮০-এর দশকে সরকারি ব্যবস্থাপনায় সমতল থেকে ১০ হাজারের মতো পরিবারকে পার্বত্য চট্টগ্রামে আনা হয়েছে। যার সংখ্যা এখন ৪০-৫০ হাজার বা তারও বেশি হতে পারে। এত বেশি পরিবারকে পাহাড়ে পুনর্বাসন করা এখন সরকারের পক্ষে সম্ভব নয়।’ তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় আনা ১০ হাজার পরিবারকে জমির কবুলিয়ত দেওয়া হয়েছে। এখন সরকারের উচিত কবুলিয়ত দেওয়া পরিবারগুলো চিহ্নিত করা ও তাঁদের সঙ্গে আদিবাসীদের জমির বিরোধ আছে কি না তা খতিয়ে দেখা। সমস্যা থাকলে পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করতে হবে।যে কারণে ভূমি বিরোধ অনুসন্ধানে জানা গেছে, ১৯৭৫ সালের পরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। ওই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার বিদ্রোহ দমনে ব্যবস্থা নেয়। পাশাপাশি পাহাড়ে আদিবাসী ও বাঙালি জনসংখ্যার ভারসাম্য রক্ষার পরিকল্পনা বাস্তবায়ন করে। সে লক্ষ্যে সমতলের অনেক পরিবারকে দুই একর আবাদি জমি ও পাঁচ একর পাহাড়ি জমি দেওয়ার কথা বলে সরকারি উদ্যোগে তিন পার্বত্য জেলায় পুনর্বাসন করা হয়। সূত্র মতে, ১৯৭০-এর দশকের শেষ ও ৮০-এর দশকের প্রথম দিকে বহু পরিবারকে পার্বত্য চট্টগ্রামে আনা হয়েছিল। এসব পরিবার স্থানীয়ভাবে বসতিস্থাপনকারী ( সেটেলার) হিসেবে পরিচিত।অভিযোগ রয়েছে, সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্দোবস্তের নিয়ম ভেঙে সেটেলারদের জমির কবুলিয়ত দেয়। এ কারণে ভূমি বিরোধ সৃষ্টি হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হেডম্যান (মৌজাপ্রধান) অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে কাউকে ভূমি বন্দোবস্ত দেওয়ার আগে সেই জমি বিরোধমুক্ত কি না সে ব্যাপারে সংশ্লিষ্ট মৌজার হেডম্যানের প্রতিবেদন প্রয়োজন। অথচ হেডম্যানের প্রতিবেদন ছাড়াই অধিকাংশ সেটেলার পরিবারকে বন্দোবস্ত দেওয়া হয়েছে।আদিবাসী-বাঙালি সংঘর্ষপার্বত্যচুক্তির দেড় বছর পর ১৯৯৯ সালের ৪ এপ্রিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়। সর্বশেষ গত রোববার রামগড় উপজেলার গুইমারা থানার বড়পিলাক এলাকায় সহিংস ঘটনা ঘটে।অনুসন্ধানে জানা গেছে, গত এক যুগে ভূমির বিরোধ নিয়ে অসংখ্য ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। ১৩টি বড় সংঘর্ষে সাতজন আদিবাসী ও চারজন বাঙালি মারা গেছেন। এর মধ্যে দীঘিনালার বাবুছড়ায় ১৯৯৯ সালের ১৬ অক্টোবর তিনজন, মহালছড়িতে ২০০৩ সালের ২৬ আগস্ট দুইজন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে দুইজন, খাগড়াছড়ি জেলা সদরে একই ঘটনার জের ধরে সংঘটিত ঘটনায় একজন মারা যান। সর্বশেষ গত রোববার রামগড় উপজেলার গুইমারায় তিনজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৭৫০ জন। দেড় হাজারের বেশি বাড়িঘরে আগুন লাগানো হয়েছে বলে জানা গেছে।