ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ ডিসেম্বর, ২০১২।  ফয়’স লেকে কনসার্ট শেষে বাসায় ফিরছিলাম। ওয়াসা মোড়ের কাছাকাছি আসতেই দেখি, লোকজন দিগ্বিদিক ছুটছে। ‘ভূমিকম্প’ এমন চিৎকার শুনেই বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। হতবিহ্বল আমিও ছুটতে থাকি। এক দৌড়ে লালখান বাজার এসে থামলাম। বেশ হাঁপিয়ে উঠেছি বলে যাত্রীছাউনির নিচে বসি।কিছুক্ষণ পর খুব ঠান্ডা লাগতে শুরু করে। ভাবলাম শরীরটা একটু গরম করে নেওয়া দরকার।

এরই মধ্যে মোবাইলে খুদেবার্তা আসতে থাকে, ‘ভূমিকম্প হচ্ছে, পৃথিবী কাঁপছে...।’

হঠাৎ ছাউনির নিচে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা এক বৃদ্ধ নড়েচড়ে উঠল।

—‘বাবা, শীত লাগতাছে। পারলে একটা রুটি খাওয়ান। ক্ষুধায় পেট জ্বলতাছে।’

আমি লোকটাকে কিছু পাউরুটি আর চা এনে দিই।

—‘মামা, একটু আগে ভূমিকম্প হয়েছিল...’ 

—‘হ, হ। লোকজন চিল্লাচিল্লি কইরাই তো ঘুমটা ভাইঙ্গা দিল। এত চিল্লাইয়া লাভ আছে? মরণ আইলে মরতে অইব। আমি এসব ভূমিকম্প-টুমিকম্প ডরাই না।’

—‘বাড়ি কই মামা?’

—‘বাড়িঘর নাই।’ রাইত অইলে এহানে-হেয়ানে ঘুমাই।’

—‘বউ ছেলে নাই?’

—‘আছিল। মাস খান আগে বউ মইরা গেছে। দুইডা মাইয়্যা আছিল, হেগো কোনো খবর নাই। বেলাইনে চইলা গেছে।

আর পোলাটা বিয়া কইরা হারামি হই গেছে। পোলা আর পোলার বউ মিল্যা আমারে মারছিল। হেরপর হেরগরে ছাইড়া চইল্যা আসছি। এহন অনেক ভালা আছি। ভিক্ষা কইরা যা পাই তা দিয়া চলে।’

বলতে বলতে লোকটার চোখ ভিজে আসে।

—‘মামা, আজ উঠি। অনেক রাত হয়েছে, বাসায় ফিরতে হবে।’

বৃদ্ধ মাথা নাড়ে।

টাইগারপাসের পাহাড় ঘেঁষা রাস্তা ধরে হাঁটতে থাকি।

টাইগারপাস মোড় পার হয়ে দেওয়ানহাট ওভারব্রিজ। ব্রিজের নিচ দিয়ে চলে গেছে রেললাইন। রেললাইনের দুই পাশে যাযাবর মানুষের বসতি।

মাথার ওপরে চাঁদটা আলো দিচ্ছে নিঃস্বার্থভাবে। সে আলোয় আলোকিত হচ্ছে বস্তির ছোট্ট ঘরটিও।

ব্রিজের রেলিঙের ওপর মৃত্যুঝুঁকি নিয়ে ঘুমাচ্ছে কয়েকজন। যেন যেকোনো মুহূর্তেই পড়ে যেতে পারে। কিন্তু নিশ্চিন্ত ঘুমন্ত মুখ দেখে মনে হয় না এদের বিন্দুমাত্র মৃত্যুভয় আছে। ব্রিজের নিচে রেললাইন দিয়ে প্রচণ্ড ঝাঁকুনিতে দূর গন্তব্যে ছুটে যাচ্ছে ট্রেন। বড় বড় বাস-ট্রাকের ঝাঁকুনিতে ব্রিজটা কেঁপে কেঁপে ওঠে। সেই সঙ্গে কাঁপতে থাকি আমিও।

৫ দশমিক ৫ রিখটার স্কেল মাত্রার মৃদু ভূমিকম্প আমাদের মনে ভয়ের সৃষ্টি করলেও এরা ভয় পায় না। জীবন যাদের ভূমিকম্পের মতো কম্পমান, তাদের তো ভূমিকম্পে ভয় না থাকাই স্বাভাবিক।

।