এ যাবত্ সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল ১৯৬০ সালের ২২ মে চিলিতে। এতে প্রায় ছয় হাজার মানুষ হতাহত হয়। তবে ১৫৫৬ সালের ২৩ জানুয়ারি চীনের শানশি প্রদেশে সৃষ্ট ভূমিকম্পে প্রায় আট লাখ ৩০ হাজার লোকের মৃত্যু হয়েছিল। অনুমান করা হয়, প্রতিবছর প্রায় পাঁচ লাখ শনাক্তযোগ্য ভূমিকম্প সংঘটিত হয়। ১৯০৬ সালে সানফ্রানসিস্কোতে সংঘটিত ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে। বেশির ভাগ ভূমিকম্প সংঘটিত হয় ভূপৃষ্ঠের ৮০ কিমি গভীর এলাকার মধ্যে। সর্বপ্রথম খ্রিষ্টপূর্ব ১৮৩১ সালে চীনের শেংডং প্রদেশে ভূমিকম্পের কথা রেকর্ড করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ তথ্যসহ ভূমিকম্প রেকর্ড করা হয় খ্রিষ্টপূর্ব ৭৮০ সালে জু শাসনামলে। ভূমিকম্পের প্রকৃত কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করেন ব্রিটিশ প্রকৌশলী জন মিশেল, ১৭৬০ সালে। রিখটার স্কেলে ৬ মাত্রার চেয়ে ৭ মাত্রার ভূমিকম্প ৩২ গুণ শক্তিশালী। ১২ জানুয়ারি হাইতিতে সংঘটিত ভূমিকম্পের উত্পত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে এরই মধ্যে সরকারি হিসাবে ৭২ হাজার লোকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। ওয়েবসাইট অবলম্বনে সামসুল পনির