ভূমিকম্প
আবহাওয়া খারাপ থাকলে রাস্তাঘাটের কী অবস্থা, সেটা জানার জন্য অফিসে যাওয়ার আগে আমি একটু রেডিওটা খুলে শুনি। আজ খুলতেই শুনতে পেলাম ভূমিকম্প হয়েছে—এখানে নয়, লস অ্যাঞ্জেলেসে। সঙ্গে সঙ্গে আমি একধরনের আতঙ্ক অনুভব করলাম। আমি লস অ্যাঞ্জেলেসে প্রায় পাঁচ বছর কাটিয়েছি। সেখানে প্রতি মাসে একটা ছোটখাটো, বছরে একটা মাঝারি গোছের এবং কয়েক বছরে একটা মোটামুটি বড় ভূমিকম্প হয়। তবে সেগুলো নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায় না, কারণ হঠাৎ কোনো একদিন সত্যিকারের একটা বড় ভূমিকম্প এসে এই বিশাল শহরটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে দেবে, সবাই এর জন্য নিঃশ্বাস বন্ধ করে আছে। ভূমিকম্প কী, সেটা ছেলেবেলায় বইপত্রে পড়েছি, কিন্তু সত্যি সত্যি সেটা অনুভব করেছি লস অ্যাঞ্জেলেসে গিয়ে। আমি যে বাসায় থাকতাম, সেটি পুরোনো, কাঠের একটি নড়বড়ে বাসা। ভূমিকম্প-প্রবণ এলাকায় থাকার জন্য এ রকম বাসার ওপরে নাকি অন্য কোনো আশ্রয় নেই। যখনই ভূমিকম্প আসত, এই বাসাটি বিচিত্র একধরনের করুণ স্বরে আর্তনাদ শুরু করত। বাসা যে আর্তনাদ করতে পারে সেটি যারা নিজের কানে না শুনেছে, তারা বিশ্বাস করবে না। এই আর্তনাদ দুটি কারণে ভালো। প্রথমত, যত ছোট ভূমিকম্পই হোক, বাসার আর্তনাদ শুনে সেটা সঙ্গে সঙ্গে বোঝা যায়। দ্বিতীয়ত, বাসার কাঠের দেয়াল, ছাদ, মেঝে ক্যাঁচক্যাঁচ শব্দ করে ডানে, বাঁয়ে, সামনে ও পেছনে নড়েচড়ে বলে ভূমিকম্পের শক্তিটা খরচ হয়ে যায়। ফলে পুরো বাসাটা ধসে পড়ার আশঙ্কা থাকে খুব কম।লস অ্যাঞ্জেলেসে থাকাকালে প্রথম যেদিন একটা বড় ভূমিকম্প হলো, সেটা ছিল ১৯৮৭ সালের ১ অক্টোবর। ঠিক যখন ভূমিকম্পটা আঘাত করেছে, তখন ভোরবেলা আমি আধো ঘুম আধো জাগা অবস্থায় বাথরুমে গিয়েছি। বিধাতার রহস্যপ্রিয়তার কারণে যতবার ভূমিকম্পের জন্য আমার ঘর থেকে ছুটে বের হতে হয়েছে, ততবার আমি বাথরুমে! আমি যেখানে কাজ করতাম, সেখানে একজন গল্প করছিল যে এক ভূমিকম্পের সময় তার পরিচিত একজন সম্পূর্ণ দিগম্বর অবস্থায় দুই হাতে দুই শিশুসন্তানকে ঝুলিয়ে ঘর থেকে বের হয়ে এসেছিল। আমি সে রকম অবস্থায় পড়তে চাই না বলে লস অ্যাঞ্জেলেসের বাসায় ঠিক বের হওয়ার দরজার কাছে একটা তোয়ালে ঝুলিয়ে রেখেছিলাম, প্রয়োজনে শেষ মুহূর্তে কোমরে পেঁচিয়ে নেওয়ার জন্য!ভূমিকম্পের প্রথম আঘাতে হঠাৎ মনে হলো, বাথরুমের পুরো মেঝে জীবন্ত কোনো পশুর মতো লাফিয়ে ওপরে উঠে এসেছে। মানুষ সাধারণত এ রকম অবস্থায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কী হচ্ছে বুঝতে পারে না। আমিও প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, পরমুহূর্তে বুঝে গেলাম, এটা ভূমিকম্প। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্ক শটসার্কিট হয়ে গেল। গগনবিদারী চিৎকার করতে করতে সেই অবস্থায় বাথরুম থেকে পড়িমরি করে বের হয়ে করিডর ধরে ছুটতে থাকি। ভূমিকম্পের আঘাতে আমি তখন এক দেয়াল থেকে আঘাত খেয়ে অন্য দেয়ালে পড়ছি। মনে হচ্ছে, আমি কৌটায় আটকে পড়া একটা ইঁদুর, কেউ একজন সেই কৌটা ঝাঁকাচ্ছে মহা আনন্দে! সেই অবস্থায় আমি পুরো পরিবারকে কোনো রকমে বগলদাবা করে একছুটে সিঁড়ি থেকে নেমে একেবারে বাইরে! ভূমিকম্পের নিয়ম-কানুন অনুযায়ী এটা ঘোরতর বেআইনি কাজ। ভূমিকম্প চলাকালে বাইরে বের হওয়ার চেষ্টা না করে দরজার নিচে দাঁড়িয়ে থাকার কথা। কোনো এক অজ্ঞাত কারণে আমি সেটা করতে পারি না। ভূমিকম্প শুরু হলেই আমি ছিটকে বের হয়ে আসি। বাইরে দাঁড়িয়ে আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনাটি ঘটতে দেখলাম। তখনো ভূমিকম্প হচ্ছে, আমি তাকিয়ে দেখি বহুদূর থেকে একটা তরঙ্গ ছুটে আসছে। সমুদ্রে তরঙ্গ দেখেছি, কিন্তু শক্ত মাটিতে রাস্তাঘাট দালানকোঠার মধ্য দিয়ে একটা তরঙ্গ ছুটে আসতে দেখা এই প্রথম। সবকিছু ঢেউয়ের মতো ওপরে উঠে নিচে নেমে এল। আমরা দেখলাম, একটা তরঙ্গ আমাদের নিচ দিয়ে ছুটে বের হয়ে গেল।মানুষ সম্ভবত সব সময়ই পায়ের নিচে একটা শক্ত আশ্রয় চায়—মাটি হচ্ছে সেই আশ্রয়। সেই মাটি যদি বিশ্বাসঘাতকতা করে পায়ের নিচ থেকে সরে যায়, তখন যে রকম অসহায় মনে হয়, আর কিছুতে সে রকম হয় বলে মনে হয় না।যারা স্থানীয় মানুষ, তারা এসব ছোটখাটো ভূমিকম্প একেবারেই গা করে না। এর মধ্যেই তারা তাদের দৈনন্দিন কাজ করে যেতে থাকে। আমার এক সহকর্মী হার্ব হেনরিকসন ভূমিকম্পের পর আমাকে বলল, গাড়ি করে আসছি, হঠাৎ গাড়িটা খারাপভাবে দুলে উঠল। আমি ভাবলাম, দূর ছাই গাড়ির টায়ারটা গেল—ভালো করে তাকিয়ে দেখি, টায়ার নয়, ভূমিকম্প। জানে পানি ফিরে এল আমার।এই হচ্ছে লস অ্যাঞ্জেলেসের মানুষ!সেবারের ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল, কিছু মানুষ মারা গিয়েছিল।আশপাশের বাসার চিমনি ভেঙে পড়েছিল, একটি-দুটি ফ্রি-ওয়েও ওলটপালট হয়ে গিয়েছিল। শহরের যেটুকু ক্ষতি হয়েছিল, এর থেকে অনেক বড় ক্ষতি হলো আমার। আমি জানি, লস অ্যাঞ্জেলেস শহর সান এন্ড্রিয়াস ফল্ট লাইনের পাশে, এই ফল্ট লাইনে ভয়ংকর শক্তি জমা হয়েছে। যেকোনো মুহূর্তে এই বিশাল শক্তি নারকীয় একটা ভূমিকম্প হিসেবে হাজির হবে। রিখটার স্কেলে এর পরিমাপ হবে ৮ মাত্রার বেশি। আমার দেখা ভূমিকম্প থেকে তার শক্তি হবে হাজার গুণ বেশি। ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প যদি আমাকে এক দেয়াল থেকে অন্য দেয়ালে ছুড়ে দিতে পারে, এক হাজার গুণ শক্তিশালী ভূমিকম্প হলে কী অবস্থা হবে? মানুষের সাধ্য কী তার সঙ্গে লড়ার? দুশ্চিন্তায় মাঝরাতে ঘুম থেকে উঠে আমি বসে থাকি।শেষ পর্যন্ত ভূমিকম্পের ওপর লেখা বইপত্র কিনে পড়তে শুরু করলাম, সেটাই আমাকে ভরসা দিল। বই পড়ে জানতে পারলাম, একটা ভূমিকম্পে মাটি কত জোরে কাঁপতে থাকে। সেটা অনির্দিষ্টভাবে বাড়তে পারে না। এক হাজার গুণ বড় ভূমিকম্প মানে এই নয় যে আমাকে এক হাজার গুণ জোরে আছড়ে ফেলবে; তার মানে একই মাপের ভূমিকম্প আরও বিশাল এলাকাজুড়ে হয়ে আরও দীর্ঘ সময় ধরে হবে, সে কারণে ক্ষয়ক্ষতি হবে অনেক বেশি। কিন্তু ভূমিকম্পের হিংস্রতা মোটামুটি এর কাছাকাছিই থাকবে। সেটা জানার পর আবার আমি ঘুমাতে শুরু করলাম। মনের শান্তির জন্য জ্ঞানের ওপরে আর কিছু নেই।ভূমিকম্পের কথা বলতে গিয়ে আমার একটা ছোট মজার ঘটনার কথা মনে পড়ে গেল। আমি যখন লস অ্যাঞ্জেলেস এলাকায় থাকি, ব্রিজিত নামের এক ছাত্রী আমার সঙ্গে তার পিএইচডির জন্য কাজ করে। ব্রিজিত খুব শক্ত মেয়ে। কাজ করতে করতে হঠাৎ উঠে গিয়ে কুড়ি মাইল দৌড়ে আসে। যন্ত্রপাতিতে কোনো স্ক্রু আটকে গেলে আমি ব্রিজিতকে বলি, ব্রিজিত, এটা খুলে দাও দেখি। সে চোখের পলকে মোচড় দিয়ে সেই স্ক্রু খুলে দেয়।সেই ব্রিজিতকে নিয়ে একদিন কাজ করছি। আমাদের বড় এক্সপেরিমেন্টের ওপর কয়েক হাজার পাউন্ড ওজনের বিশাল একটা ভিটো কাউন্টার ঝোলানো হয়েছে। ক্রেন দিয়ে খুব সাবধানে সেটা নামিয়ে এর স্ট্যান্ডের ওপর দাঁড় করানো হয়েছে। ঠিক করে রাখা হয়েছে কি না, দেখার জন্য আমি ব্রিজিতকে বললাম, ব্রিজিত, আস্তে একটু ধাক্কা দাও দেখি।ব্রিজিত আস্তে একটু ধাক্কা দিল। বিশাল ভিটো কাউন্টার দুলে উঠল, আর আমি তার ধাক্কায় প্রায় উল্টে গিয়ে পড়লাম অন্য পাশে। সেখান থেকে চোখ কপালে তুলে বললাম, কী করছ তুমি?ব্রিজিত হতচকিতভাবে আমার দিকে তাকাল। তারপর অনিশ্চিতের মতো বলল, নিশ্চয়ই ভূমিকম্প!তাকিয়ে দেখি, সত্যি তা-ই। ঘর-দরজা কাঁপছে। সে যখন ধাক্কা দিয়েছে, ঠিক ওই মুহূর্তেই ভূমিকম্প আঘাত করেছে। এক লাফে তখন আমি ঘরের বাইরে। (সংক্ষেপিত)মুহম্মদ জাফর ইকবাল: লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। এই লেখাটি তাঁর সাদাসিধে কথা বই থেকে সংগৃহীত।