ভূমিকম্প প্রবণ এলাকার পারফেক্ট বাসিন্দারা
বর্তমানে ঢাকা শহর হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা। এই এলাকায় বসবাসের জন্য কারা বেশি পারফেক্ট, তাই জানাচ্ছেন কোটিপতির মেয়ের সঙ্গে গরিবের ছেলের গভীর প্রেম হয়ে গেল। কিন্তু প্রেম হয়ে গেলেই তো ছেলেটা মেয়েটাকে বিয়ের কথা বলতে পারে না। যেহেতু তার বাপের নিজস্ব কোনো বাড়িটাড়ি নেই। হয়তো বড়জোর ভাড়া বাড়িতে থাকে। নিজেদেরই ফ্লোরিং করতে হয়, আবার বউ। একদিন মেয়েটাই ছেলেটাকে বিয়ের কথা বলল। ছেলেটা এবার মেয়েটাকে তার নাজুক অবস্থার কথা জানাল। মেয়েটা বলল, আমার কোনো কিছুর দরকার নেই। তোমাকে নিয়ে আমি গাছতলায় ঘর বাঁধব। পাঠক, এই ধরনের জুটিই ভূমিকম্পপ্রবণ এলাকার পারফেক্ট বাসিন্দা। কারণ বিল্ডিংয়ে ভূমিকম্পের ঝুঁকি থাকলেও গাছতলায় কোনো ঝুঁকি নেই।বিন্দু বিন্দু জল থেকে যদি মহাসাগর হতে পারে, তাহলে ছোটখাটো ঝাঁকুনি থেকে ভূমিকম্পের সৃষ্টি হতেই পারে। এমনিতেই ঢাকা শহরে দুদিন পরপর ভূমিকম্প হয়, তার ওপর যদি নিজেরা ঝাঁকুনির সৃষ্টি করে, তাহলে বুঝতেই পারছেন কোন পর্যায়ের বিপদ হতে পারে। তাই তারাই ভূমিকম্পপ্রবণ এলাকার জন্য পারফেক্ট, যারা ঝাঁকুনি প্রদানের সঙ্গে জড়িত নয়। তারা কারা? তারা হচ্ছে সেসব অলস, যারা ওষুধের বোতলের গায়ে ‘খাওয়ার পূর্বে ঝাঁকিয়ে নিন’ কথাটা লেখা থাকা সত্ত্বেও ঝাঁকিয়ে নিতে চায় না। ভালোই তো। ওষুধে ঝাঁকুনি না দিলে শরীরেও ঝাঁকুনি লাগে না, শরীরে ঝাঁকুনি না লাগলে বিল্ডিংয়েও ঝাঁকুনি লাগে না।বউ যদি একটু বেহিসেবি হয়, তাহলে বেচারা স্বামীর অবস্থা শোচনীয় পর্যায়ে চলে যায়। বউয়ের চাহিদা পূরণ করতে গিয়ে কত খাতে যে তাকে টাকা দিতে হয় তার কোনো ইয়ত্তা নেই। আর এ কারণে সংসারে ঝগড়া-ফ্যাসাদ লেগেই থাকে। ঝগড়া যখন চরমে পৌঁছায় তখন স্বামী বেচারাকে বলতে শোনা যায়—এভাবে চলতে থাকলে একদিন আমাকে পথে বসতে হবে। পাঠক, আমরা কিন্তু চাই না কোনো স্বামীই পথে বসুক। তবু সত্যি সত্যি কেউ কেউ যদি পথে বসে যায়, তাহলে বলব, তারাই ভূমিকম্পপ্রবণ এলাকার পারফেক্ট বাসিন্দা। কারণ বিল্ডিংয়ে অবস্থান করলে ওপরে বিল্ডিং ভেঙে পড়তে পারে। পথে বসলে কিন্তু ওপরে বিল্ডিং ভেঙে পড়ার ভয় নেই।আমাদের ধনসম্পদ কম থাকতে পারে। অভিমান কিন্তু কম নয়। আমাদের একেকজনের প্রচুর অভিমান। অভিমান করে আমরা কত কথাই না বলে থাকি। এই যেমন অনেক কথার ভিড়ে একটা কথা আমরা প্রায়ই বলি, দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। এই অভিমানীরা বিশেষ করে এই ডায়লগ প্রদানকারীরা ভূমিকম্পপ্রবণ এলাকার পারফেক্ট বাসিন্দা। কেন জানেন? কারণ তারা দুচোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছেন। তার মানে খোলামেলা কোনো জায়গায় যাচ্ছেন। ঢাকা শহরের মতো ঘিঞ্জি এলাকা হলে তো দুচোখ দুই হাত সামনেও যাওয়ার কথা না। তো তারা যেহেতু দুচোখ যেদিকে যায় সেদিকে অর্থাৎ খোলা জায়গায় চলে যাচ্ছেন, অতএব তারা নিরাপদ।পথের কথা তো একটু আগে বললামই। আবার বলি। পুরোনো দিনের একটা গান নিশ্চয়ই শুনে থাকবেন। গানটা এমন—‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?’ তার মানে কী? মানে হচ্ছে কিছু কিছু রোমান্টিক প্রজাতির মানুষ আছে, যারা আজীবন কাটিয়ে দিতে চায় পথে পথে। অর্থাৎ তারা আপনার মতো একদমই ঘরমুখো নয়। যেহেতু তারা ঘরমুখো নয়, অতএব এই মানুষগুলোই ভূমিকম্পপ্রবণ এলাকার জন্য পারফেক্ট। সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তা ফুরিয়ে আসার উপক্রম হলে আবার নতুন করে আবেদন জানাবে—এই পথ যেন না শেষ হয়। ব্যস, পথও শেষ হবে না, তারা ঘরেও আসবে না, ভূমিকম্পের খপ্পরেও পড়বে না।