
২৫ এপ্রিল ২০১৫, নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশও কেঁপে উঠেছিল। অনেকেই বলছেন, আমাদের দেশে যদি ওই মাত্রার ভূমিকম্প হতো, তাহলে ঢাকা মহানগরের এক বড় অংশের ঘরবাড়ি ধসে পড়ত, প্রাণ হারাত অগণিত মানুষ। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। যদি সে রকম হয়, তাহলে আমাদের করণীয় কী? এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত পুরকৌশলবিদ জামিলুর রেজা চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কয়েকটি জরুরি পরামর্শ দেন।
১. বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পে মানুষ মারা যায় না, মারা যায় ভবন ধসে। তাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রথম কর্তব্য হলো ‘ডাক কাভার হোল্ড’ (মেঝেতে শুয়ে পড়ে অথবা মাথা নিচু করে বালিশ বা নরম কিছু দিয়ে ঢেকে চেপে ধরে রাখা)। যে যেখানেই থাকব, মাথা বাঁচানোর কথা ভাবতে হবে সবার আগে।
২. বহুতল ভবনে থাকলে কলাম বা বিমের কাছাকাছি অবস্থান করতে হবে, কারণ সাধারণত ছাদের কোনো অংশ হয়তো ধসে পড়ে, কলাম-বিম সহজে ভাঙে না।
৩. ভূমিকম্পের সময় বহুতল ভবন থেকে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামার চেষ্টা করা যাবে না। হয়তো ভূমিকম্পে বেশি ক্ষতি হলো না, কিন্তু আতঙ্কিত হয়ে এভাবে নামতে গেলে ভিড়ের চাপে বা পায়ের নিচে চাপা পড়ে মারা যাওয়ার আশঙ্কা থাকে। কম্পন থেমে গেলে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে হবে।
৪. ভূমিকম্পের সময় লিফট বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু চালু থাকলেও কোনোভাবেই লিফট দিয়ে নামা যাবে না। এতে বিপদের আশঙ্কা আরও বেশি।
৫. কোনো ভবনের নিরাপত্তা সম্পর্কে সন্দেহ থাকলে বা সাম্প্রতিক ভূমিকম্পে ভবনে ফাটল ধরলে একজন প্রকৌশলীকে দিয়ে পরীক্ষা করানো প্রয়োজন। তিনি সুপারিশ করলে ‘রেট্রোফিটিং’–এর (বিশেষ ব্যবস্থায় ভবনের কাঠামো শক্তিশালী করা) ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে বুয়েটের প্রকৌশলীদের একটি দল কাজ করে। গত ২৫ এপ্রিল যখন ভূমিকম্প হচ্ছিল, তখন ঢাকার লেক শোর হোটেলে একটি প্রকল্পের অধীনে জাইকার সঙ্গে রেট্রোফিটিং প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ চলছিল। ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে।