ভূমিকম্পে আজ বিধ্বস্ত হাইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে কেবল ধ্বংসস্তূপ। তার ভেতর থেকে ভেসে আসছে লাশের পচা গন্ধ। সেই গন্ধে টেকা দায়। সঙ্গে সর্বহারা মানুষের আহাজারি। মানুষজন বাড়িঘরে নয়, থাকছে খোলা আকাশের নিচে রাস্তাঘাটে। এ চিত্র এখন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতির। ভূমিকম্পে এখন দেশটির এই লণ্ডভণ্ড অবস্থা। ১২ জানুয়ারি এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যার তীব্রতা ছিল ৭। শক্তিশালী এই ভূমিকম্পে নিমেষে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্সসহ বিশাল অঞ্চল। ভেঙে পড়ে বড় বড় সব দালানকোঠা। রক্ষা পায়নি জাতিসংঘের মিশনের কার্যালয়, প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধানমন্ত্রীর ভবনও। এসব ভবনের নিচে কত মানুষ চাপা পড়েছে তার কোনো সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক রেডক্রসের হিসাব অনুযায়ী ভূমিকম্পে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতির অভ্যন্তরীণ মন্ত্রীর মতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই লক্ষাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে হাইতিতে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বহু কর্মী। রক্ষা পাননি বিদেশি নাগরিকও। যুক্তরাষ্ট্র, চীন, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, ডোমিনিকাস রিপাবলিক, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, তাইওয়ান ও যুক্তরাজ্যের বহু নাগরিক নিহত হয়েছেন। নিহত হয়েছেন জাতিসংঘ মিশনের প্রধান হেদি আননাবি ও তাঁর ডেপুটি লুইজ কারনোস ডি কস্তা। প্রেসিডেন্ট প্রাসাদ বিধ্বস্ত হলেও প্রেসিডেন্ট রেনে প্রিভাল বেঁচে গেছেন। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে পার্লামেন্ট ভবন, পোর্ট অ প্রিন্স ক্যাথেড্রাল, বিভিন্ন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার। ভূমিকম্পে দেশের প্রধান কারাগারটিও বিধ্বস্ত হয়েছে। সেখানে প্রায় চার হাজার সন্ত্রাসী আটক ছিল। ভবন ধসে তাদের কেউ কেউ মারা গেছে। আর যারা বেঁচে আছে তারাও পালিয়ে গেছে। তবে কোথায় তারা পালিয়েছে তা জানা যায়নি।ভূমিকম্প হওয়ার পরপরই হাইতির দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, চীন, রাশিয়া, নিউজিল্যান্ড, পেরু, মেক্সিকো, ব্রাজিল ও পানামা হাজার হাজার কোটি ডলারের সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। শুরু করেছে ত্রাণ তত্পরতা। কিন্তু যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় সবার কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো অব্যাহত থাকলেও তা প্রয়োজনের চেয়ে অপর্যাপ্ত। এ ছাড়া ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক লুটপাটও হয়েছে। এতে করেও লোকজন ঠিকভাবে ত্রাণ পাচ্ছে না।পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হচ্ছে হাইতি। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ নতুন কিছু নয়। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এখানে প্রায়শ আঘাত হানে। ২০০৮ সালে হাইতিতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফে, হারিকেন গুস্তাভ, হান্না ও আইকে আঘাত হানে। এসব প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ৮০০ মানুষ মারা যায়। তবে ১২ জানুয়ারির ভূমিকম্প হাইতির ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। ১২ জানুয়ারি ৭ মাত্রার ভূমিকম্পের পর ৩৩টি ছোট ছোট ভূমিকম্প হয়। এর মধ্যে ১৪টি ছিল ৫ ও ৬ দশমিক ৯ মাত্রার। এ ধরনের ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাইতিতে তেমন কোনো অবকাঠামো নেই।হাইতির প্রধানমন্ত্রী জ্যাঁ ম্যাক্স বেলেরিভ বলেছেন, এ পর্যন্ত ৭০ হাজার মানুষকে গণকবর দেওয়া হয়েছে।হাসপাতালগুলো ভরে গেছে আহত লোকজনে। সেখানে তিল ধারনের ঠাঁই নেই। ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। তারা এখন বসবাস করছে খোলা আকাশের নিচে। জাতিসংঘের উদ্যোগে রাজধানী পোর্ট অ প্রিন্সে ২৫০টি ক্যাম্প স্থাপন করা হলেও এখনো বহু মানুষ রাস্তায় দিন কাটাচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে পরিকল্পিতভাবে উদ্ধার তত্পরতা চালানো যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিতদের চেয়ে মৃতদের বেশি উদ্ধার করেছে। গত মঙ্গলবার পর্যন্ত ৯০ জন জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে লোকজনকে উদ্ধারের জন্য অনেক সময় তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে। ঘটনার ১০ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। হাইতির বর্তমান প্রজন্ম এমন ভূমিকম্প আর দেখেনি। ঘরবাড়ি ও স্বজনদের হারিয়ে তারা এখন পাগলপ্রায়। তারা জানেনা সামনে তাদের কেমন দিন অপেক্ষা করছে।