ভূমিকম্পে নারীর ঝুঁকি

১৩ এপ্রিল। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিট। পুরো দেশ কিছুক্ষণের জন্য কেঁপে উঠল। ভূমিকম্প! এর উৎপত্তিস্থল মিয়ানমারে হলেও ঝাঁকুনিটা কম ছিল না এ দেশেও। মানুষের মধ্যে আতঙ্ক, মুঠোফোনের নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন। চারদিকে চিৎকার-চেঁচামেচি, হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামার শব্দ। সবাই যখন নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আট মাসের অন্তঃসত্ত্বা রুবিনা রহমান (২৯) তখন নির্বাক বসে আছেন। তিনি বুঝে উঠতে পারছেন না তাঁর কী করা উচিত। কীভাবে তিনি বা তাঁর গর্ভের সন্তান নিরাপদ থাকবেন। কেননা ভূমিকম্পের সময় অন্তঃসত্ত্বা নারীর কী করণীয় সে বিষয়ে কিছু জানা নেই তাঁর। ফলে অনাগত সন্তানের নিরাপত্তার জন্য তিনি কিছুই করতে পারছেন না। এসব ভেবে তখন কেবল অসহায় ভাবে সৃষ্টিকর্তার কাছে সাহায্য কামনা করেছেন বলে জানালেন রাজধানীর শেওড়াপাড়ার এই বাসিন্দা।
শিউলি আক্তার (২৩) রাজধানীর একটি অভিজাত বিপণিবিতানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। ভূমিকম্পের সময় পুরুষ সহকর্মীরা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলেও তিনি দোকানেই থেকে যান। পুরো দোকানটি কাচঘেরা, যা ভূমিকম্পের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে দোকানে থাকা তাঁর জন্য নিরাপদ ছিল না। শিউলির সঙ্গে কথা হলো। বললেন, ‘আমি জানতামই না ভূমিকম্পের সময় কাচ থেকে দূরে থাকতে হয়।’ এমনকি ভূমিকম্পের সময় কী করতে হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণাও নেই তাঁর।
পরিবারে নারীরা সাধারণত শিশুদের দেখভাল করেন। তাই যেকোনো দুর্যোগে নিজের এবং শিশুর সুরক্ষা দুটো দায়িত্বই থাকে তাঁর ওপর।
ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্প হলেও তার মাত্রা তুলনামূলক কম ছিল। স্বাভাবিকভাবেই যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নারীরা বেশি ঝুঁকিতে থাকে ও ক্ষতিগ্রস্ত হন। ভূমিকম্পের ক্ষেত্রেও এমন। অথচ ভূমিকম্পের ঝুঁকিতে থাকার পরও এ নিয়ে জনগণ বিশেষ করে নারীদের সচেতন করতে তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে। রাজধানীর বিভিন্ন বয়সী নানা পেশায় নিয়োজিত নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভূমিকম্প সম্পর্কে তাঁদের কোনো স্বচ্ছ ধারণা নেই। এমনকি এ সময় কী করণীয় তা-ও ভালোভাবে জানেন না তাঁরা।
ভূমিকম্প নিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে কিছু প্রকল্প পরিচালিত হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সেখানে নারীদের জন্য আলাদাভাবে কোনো নির্দেশনা নেই। ফলে কোনো ভূমিকম্প আঘাত হানলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মাহবুবা নাসরীন প্রথম আলোকে বলেন, ‘যেকোনো দুর্যোগেই নারীরা বেশি আক্রান্ত হন, ভূমিকম্পও এর ব্যতিক্রম নয়। ভূমিকম্প বাংলাদেশে এখন একটি আতঙ্কের বিষয় হলেও এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। তবে অন্তঃসত্ত্বা নারী, প্রতিবন্ধী ও শিশুদের দ্রুত উদ্ধারের নির্দেশনা উদ্ধারকর্মীদের দেওয়া আছে। নারীদের এ সময় ধৈর্য ধারণ করে নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় কী—এ বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার।’
মাহবুবা নাসরীনের মতে বাড়িতে শক্ত ও প্রশস্ত কিছু রাখা দরকার যাতে নারীরা সেখানে আশ্রয় নিতে পারেন। এ ছাড়া পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তাঁরা পরিবারের নারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নিতে পারেন।
গত বছরের ২৫ এপ্রিল নেপালে ৮০ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এর পরবর্তী ছয় দিনে প্রায় ১০ হাজার নারী সন্তান প্রসব করেন। যাঁদের অর্ধেকের বেশি প্রতিকূল অবস্থার মধ্যে সন্তানের জন্ম দিতে বাধ্য হন। এ সময় তাঁরা অনেকেই কাছের আত্মীয়কে কাছে পাননি, জরুরি প্রয়োজনে কোনো ধরনের সাহায্য পাননি। যাঁরা কোনোমতো হাসপাতালে যেতে পেরেছেন, তাঁদের জন্যও প্রাপ্য সেবাও ছিল অপ্রতুল। স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক একটি সাময়িকীতে এ তথ্য প্রকাশিত হয়। ভূমিকম্প আঘাত হানলে এ দেশেও এমন ঘটনা ঘটবে বলে মত দেন বিশেষজ্ঞরা।
সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক জাতীয় পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম এ বিষয়ে বলেন, ভূমিকম্প বিষয়ে বিভিন্ন আয়োজন হলেও নারীদের বিশেষ করে গর্ভবতী বা বয়স্কদের বিষয়ে করণীয় কী, তা নীতিমালায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ভূমিকম্প সম্পর্কে সচেতনতা তৈরি করতে সমাজের ঘরে ঘরে পৌঁছাতে যে কর্মসূচি দরকার, তা এখনো কাঙ্ক্ষিত মানের নয়। এ বিষয়ে সরকার বা রাষ্ট্রের পাশাপাশি পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।