ভূমিকম্পের পূর্বাভাস জানাবে ল্যাপটপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বংস স্তূপ থেকে ছোট্ট একটা হাত বেরিয়ে আছে। আঙুল আর করতলটুকু দেখা যায় মাত্র। শরীরটা অদৃশ্য। চাপা পড়েছে জঞ্জালের নিচে। ছোট্ট শিশুটিও বাঁচার চেষ্টা করেছিল। কচি হাতের অভিব্যক্তিতে সেই আকুতি এতটাই স্পষ্ট যে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।মাস দুয়েক আগে জাপানে প্রলয়ংকারী ভূমিকম্পের একটি চিত্র এটি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা দেশ তছনছ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কয়েক হাজার মানুষ। মিনিটখানেক আগেও জানতে পারলে জানমালের এত ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু সেই জানার কোনো কায়দা নেই। কারণ ভূমিকম্পের পূর্বাভাস বা আগাম সংকেত জানার জুতসই কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়নি আজও।তবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক এলিজাবেথ কোচর্যান ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক লরেন্সের যৌথ উদ্যোগে ভূমিকম্পের পূর্বাভাস নিরূপণে কার্যকর একটি পদ্ধতি বের করা গেছে। ল্যাপটপ কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ থাকলে আপনিও ঘরে বসেই ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেন। কীভাবে? ধরুন, অসাবধানতাবশে ল্যাপটপটি আপনার হাত থেকে পড়ে গেল। আচমকা এমন ঝাঁকুনিতে হার্ডডিস্কের ক্ষতি যেন কম হয়, সে জন্য এখনকার ল্যাপটপগুলোতে একটি চিপ বসানো হয়। যে চিপটি ল্যাপটপের হার্ডডিস্কের নিরাপত্তা দেয়। কম্পন নিরূপণকারী এই চিপ দিয়েই গবেষকেরা ভূমিকম্পের কম্পন আগেভাগে ধরার চেষ্টা করছেন।সে জন্য দুই গবেষক এলিজাবেথ ও লরেন্স একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। যার নাম দিয়েছেন ‘কোয়েক ক্যাচার নেটওয়ার্ক’ (ভূমিকম্প নিরূপণ নেটওয়ার্ক) বা কিউসিএন। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে অসংখ্য কম্পিউটার ও ল্যাপটপ। আপনার ল্যাপটপ যখন ঝাঁকুনি খায় তখন ল্যাপটপের চিপ থেকে একটি সফটওয়্যার হয়ে ইন্টারনেটের মাধ্যমে সংকেতটি পৌঁছে যায় কিউসিএনের মূল সার্ভারে। সার্ভার থেকে সংকেত বিশ্লেষণ করে বলা হয়, আসলে এটি ভূমিকম্প ছিল নাকি অন্যকিছু। এখন কথা হচ্ছে, ঘরে বসে ল্যাপটপে কাজ করছেন। হঠাৎ ‘ধড়াম’ শব্দে দরজাটা এসে ধাক্কা খেল। গোটা ঘরটা কেঁপে উঠল। অমনি আপনার ল্যাপটপ কিউসিএন-নেটওয়ার্কে সংকেত পাঠিয়ে দিল। এতে তো বিভ্রান্তি দেখা দেবে। তাহলে উপায়! উপায় আছে। একটি এলাকার একাধিক ল্যাপটপ থেকে একই সময় সংকেত পাওয়া গেলে কিউসিএন সার্ভার সেই সংকেত বিশ্লেষণ করে এবং দ্রুত জানিয়ে দেয় ভূকম্পনটি কোথায় হচ্ছে। যেহেতু ভূ-কম্পনের গতির চেয়ে ইন্টারনেটের গতি বেশি এবং সার্ভারও দ্রুত সংকেত বিশ্লেষণে সক্ষম, তাই ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই ভূমিকম্পের খবর পাওয়া সম্ভব। অবশ্য সে জন্য একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে আপনার ল্যাপটপে। সফটওয়্যারটি কিউসিএন কর্তৃপক্ষ বিনামূল্যে ডাউনলোড করতে দেবে। সফটওয়্যারটি কুয়েক ক্যাচার নেটওয়ার্কের নিজস্ব ওয়েবসাইট www.qcn.stanford.edu থেকে নামানো করা যাবে। তার আগে ওয়েবসাইটটিতে ঢুকে দরকারি কিছু তথ্য জেনে নিতে পারেন। কোন কোন ল্যাপটপে কম্পন নিরূপণকারী বিশেষ ওই চিপ আছে তা ওয়েবসাইটটিতে বলা আছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু ল্যাপটপ কেন! ডেস্কটপের মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না? সম্ভব, তবে ল্যাপটপের মতো ডেস্কটপে ও রকম কোনো চিপ থাকে না। ফলে কিউসিএন একটি ইউএসবি ড্রাইভ সরবরাহ করে। অবশ্য সেটা কিনতে হয়।ক্ষয়ক্ষতির মাত্রাটা কমিয়ে আনতে ভূমিকম্প সম্পর্কে একটু আগেভাগে সতর্ক হতে পারলে তো ভালোই হয়।আর সে ব্যবস্থা আছেআপনার ল্যাপটপেই।ওয়েবসাইট অবলম্বনে