কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন (বাইপাস সড়কের পাশে) কলাতলীর উঁচু পাহাড়ে স্থাপিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাইক্রোওয়েভ টাওয়ারটি চরম ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু ভূমিদস্যু ভুয়া কাগজপত্র তৈরি করে পাহাড়ের (টিঅ্যান্ডটি পাহাড়) চারপাশ দখল করে টাওয়ারের নিচের বহুতল ভবনসহ নানা অবকাঠামো তৈরি করায় এই স্টেশনটি হুমকির মুখে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় বিলীন হলে এই টাওয়ারটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিটিসিএলের কর্মকর্তারা। সরেজমিন দেখা গেছে, স্টেশনটির সাড়ে পাঁচ একর পাহাড়ের মধ্যে ইতিমধ্যে চার একর ভূমিদস্যুদের দখলে চলে গেছে। পাহাড়ের চূড়ায় প্রায় এক একর জমির ওপর দোতলা একটি ভবন, পাশে ১২০ ফুট উঁচু মাইক্রোয়েভ টাওয়ার রয়েছে। ভবনের নিচতলায় প্রায় ৯০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি পাহারা দিচ্ছেন বিটিসিএলের কর্মচারীরা। পাহাড়ের চতুর্দিকের সরকারি জমি ভূমিদস্যুরা টিনের ঘেরা ও বেড়া দিয়ে খণ্ড খণ্ডভাবে দখল করে রেখেছেন। এসব জমিতে তৈরি হচ্ছে নানা অবকাঠামো। মাইক্রোওয়েভ স্টেশনের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে কেপিআই (রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা) সমতুল্য এই মাইক্রোওয়েভ টাওয়ারটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন।’ বেপরোয়া ভূমিদস্যু: স্থানীয় লোকজন জানান, লোহাগড়ার বাসিন্দা মো. ইলিয়াছ সওদাগর গত বছরের ২১ জুলাই গভীর রাতে তাঁর লোকজন দিয়ে টিঅ্যান্ডটি পাহাড়ের উত্তর পাশে প্রায় ৩৫ কোটি টাকা দামের এক একর ৪৫ শতক সরকারি জমি দখল করে নেন। আওয়ামী লীগের কিছু নেতাকে ‘ম্যানেজ’ করে তিনি সরকারি ওই জমি এত দিন নিয়ন্ত্রণে রাখলেও ১৫ জানুয়ারি জমি ছেড়ে দিতে জেলা রাজস্ব বিভাগের ভূমি কার্যালয় থেকে উচ্ছেদ নোটিশ পাঠানো হয়েছে। ভূমি কার্যালয় সূত্র জানায়, টিঅ্যান্ডটি পাহাড়ে ইলিয়াছ সওদাগরের দখলে থাকা ১ দশমিক ৪৫ একর জমির বন্দোবস্তি সূত্রে মালিক সরকারি কর্মচারী আবদুস সবুর চৌধুরী। জনৈক সৈয়দুল হক আজাদী একসময় আবদুস সবুরের কাছ থেকে ওই জমিটি কিনেছেন মর্মে একটি ভুয়া দলিল তৈরি করেন। পরে আবদুস সবুর চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তৈরি করা দলিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠান। সিআইডির বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেন, সৈয়দুল হক আজাদীর তৈরিকৃত দলিলটি ভুয়া। এখন আজাদীর কাছ থেকে আমমোক্তারনামা সূত্রে ওই জমির মালিকানা দাবি করছেন ইলিয়াছ সওদাগর।এ প্রসঙ্গে জানতে চাইলে ইলিয়াছ সওদাগর প্রথম আলোকে বলেন, ‘সৈয়দুল হক আজাদীর কাছ থেকে বন্দোবস্তিতে পাওয়া ওই জমি আমি কিনেছি। তাই জমির বৈধ মালিক আমি। সরকারের যদি এই জমির প্রয়োজন হয়, তাহলে টাকা দিয়ে সমস্ত জমি অধিগ্রহণ করতে পারে। জোর করে বৈধ জমি থেকে আমাকে উচ্ছেদ করলে আইনের আশ্রয় নেব।’উচ্ছেদ নোটিশ প্রসঙ্গে ইলিয়াছ সওদাগর বলেন, ‘রাজস্ব বিভাগ থেকে গত রোববার পর্যন্ত কোনো নোটিশ পাইনি। তবে অন্যকয়েকজন দখলদার এই নোটিশ পেয়েছেন বলে শুনেছি।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের কোরবানি ঈদের ছুটিতে পেকুয়া উপজেলার বাসিন্দা মুজিবুর রহমান শতাধিক শ্রমিক নিয়োগ দিয়ে মাইক্রোওয়েভ টাওয়ারের পশ্চিম পাশে প্রায় ২৫ কোটি টাকা দামের আরও এক একর ২৫ শতক ভূমি দখল করে নেন। এরপর তাতে টিন ও বাঁশের বেড়া দিয়ে ১৬টি ঘর তৈরি করেন। তিন দিন পর পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে উঁচু পাহাড় কাটার সময় ২৭ জনকে গ্রেপ্তার করে এবং মুজিবুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় পরিবেশ আইনে একটি মামলা করা হয়। মুজিবুর রহমান বলেন, ‘টাকা দিয়ে জমি কিনেছি। এখন এই জমি সরকারি দাবি করে উচ্ছেদের চক্রান্ত চলছে।’ অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে টিঅ্যান্ডটি পাহাড়টির প্রায় চার একর জমি ১৮ জন প্রভাবশালীর দখলে চলে গেছে। ভুয়া দলিল করে এসব সরকারি জমি দখল করা হয়। পাহাড়টি দখল বেদখল নিয়ে গত পাঁচ বছর ধরে বিভিন্ন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। মামলাও চলে আসছে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এর সত্যতা নিশ্চিত করে জানান, জনগুরুত্বপূর্ণ এই টাওয়ারটি রক্ষার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন বলেন, ‘পর্যটনের উন্নতি ঘটায় কক্সবাজার শহরের সমুদ্রসৈকত এলাকার জায়গার দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে কিছু ভুমিদস্যু সরকারি টিঅ্যান্ডটি পাহাড়ের মূল্যবান জমি দখল করে নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ দিনের সময় দিয়ে ১৫ জানুয়ারি দখলদারদের বিরুদ্ধে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই জমির মালিক সরকার। সুতরাং এখানে কারও বসবাসের অধিকার নেই। ১৫ দিনের মধ্যে অবকাঠামো সরিয়ে নেওয়া না হলে প্রশাসন উচ্ছেদ করতে বাধ্য হবে।’ ঝুঁকির মুখে টাওয়ার: মাইক্রোওয়েভ স্টেশনের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান জানান, এই স্টেশনের মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপজেলা ছাড়াও সারা দেশের সঙ্গে তারবিহীন (মাইক্রোওেয়ভ সিস্টেমে) টেলিযোগাযোগ এবং উখিয়ার টিভি সমপ্রচার কেন্দ্রের যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এই স্টেশনটি ১৯৭৬ সালে নির্মাণ করা হয়। স্টেশনের ভেতর (পাহাড় চুড়ায়) স্থাপিত হয় ১২৫ মিটার উঁচু একটি টাওয়ার। এই টাওয়ারের মাধ্যমে কক্সবাজারের সঙ্গে সারা দেশের টেলিযোগাযোগ, টেলিভিশন সমপ্রচার কার্যক্রম, সামরিক বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিসহ নানা প্রতিষ্ঠানের যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এখন মাইক্রোওয়েভটির চারপাশের পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মিত হওয়ায় টাওয়ারটি ঝুঁকির মুখে পড়েছে।