ভূমিহীনদের মুখে হাসি ফোটাল রাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভগবানের আশীর্বাদে ভালো আছি। আগে মানুষের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতাম। এখন আমি পাঁচজন মানুষ (শ্রমিক) নিয়ে কাজ করি।’ রাবারবাগানে পুনর্বাসিত হওয়ার পর কেমন আছেন জানতে চাইলে হাসিমুখে কথাগুলো বললেন কিবুকপাড়ায় মিমাঞো মারমা। ১৯৯৪-৯৫ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) উদ্যোগে বান্দরবানের সদর উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়নে দুই হাজার একর ভূমিতে রাবারবাগান সৃজনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে প্রায় ৫০০ ভূমিহীন আদিবাসী পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১০টি পাড়ায় প্রতিটি পরিবারকে চার একর জমি রাবারবাগানের জন্য ও ১ দশমিক ২৫ একর জমি বাড়ির পাশে বাগান করার জন্য দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪৩ কোটি টাকা। পুনর্বাসিত প্রতিটি পরিবারকে প্রকল্পের আওতায় বসতবাড়ি, গৃহনির্মাণসামগ্রী ও বাগান উন্নয়নকাজের অর্থ দেওয়া হয়েছিল। ২০০৯ সাল থেকে রাবার উৎপাদন শুরু হওয়ার পর সাফল্যের মুখ দেখতে শুরু করেছিল পুনর্বাসিত লোকজন। রাবার বিক্রির লভ্যাংশ (বোনাস) পেয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন রাবার চাষের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলো। তাদের আর্থিক সচ্ছলতা দেখে বাগান ছেড়ে যাওয়া অনেক পরিবার ফিরে এসে রাবার চাষে জড়িত হয়।কুহালং ২ নম্বর রাবারবাগানের কার্বারি গড়ামং মারমা জানান, বিভিন্ন জায়গা থেকে পুনর্বাসনের জন্য নিয়ে আসা ভ্রাম্যমাণ জুমিয়ারা প্রথম অবস্থায় রাবারবাগান সম্পর্কে বুঝতে পারেনি। এ জন্য তারা অনেকে বাগান ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে এরা সবাই ফিরে এসেছে। পুনর্বাসিত লোকজনের ব্যবসায়িক স্বার্থ দেখার জন্য ও বাগান পরিচালনার জন্য রয়েছে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি (সিএমইউ)। সিএমইউর কর্মকর্তারা জানিয়েছেন, এবার বৈসাবি (চৈত্রসংক্রান্তি) উৎসবের সময় পুনর্বাসিত লোকজনের কাছে প্রায় এক কোটি টাকা উৎপাদিত রাবার বিক্রির লভ্যাংশ বিতরণ করা হয়েছে। এতে ১০টি পুনর্বাসিত পাড়ার পরিবারগুলো ১৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত পেয়েছে।কুহালং ১ নম্বর রাবারবাগানের কার্বারি চন্দ্র লাল তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, প্রতিটি পরিবারের মদ্রে ৩০০ থেকে ৩৫০টি রাবারগাছ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবার সাত-আট কেজি রাবার রস ও তিন-চার কেজি কাপালং (প্রক্রিয়াজাতকরণ ছাড়া বসে যাওয়া রাবার রস) বিক্রি করে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ টাকা আয় করতে পারে।বাগান পরিচালনার জন্য গঠিত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি সিএমইউর ব্যবস্থাপক বিক্রম ত্রিপুরা জানান, ‘২০০৮ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাবারবাগানের জন্য ব্যয় বন্ধ করে দিয়েছে। তখন থেকে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বাগানের কার্যক্রম চলছে। নোয়াপাড়া ও কিবুকপাড়ায় দুটি কারখানা স্থাপন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বেতন-ভাতাও দেওয়া হচ্ছে। খরচ মেটানোর পর যা লাভ পাওয়া যায়, চুক্তি অনুযায়ী সেখান থেকে পুনর্বাসিত লোকজনের ৬০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়। এবার ৫০০ পরিবারকে প্রায় এক কোটি টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে।’কিছু সমস্যা : সবকিছু খুবই ভালো চললেও কিছু সমস্যা রয়েছে বলে সিএমইউর সংশ্লিষ্ট কর্মকর্তা ও চাষিরা জানান। বাগানের খালি জায়গাগুলোতে চারা রোপণ করা সম্ভব হলে পুনর্বাসিত লোকজনের আয় আরও বাড়বে। কিন্তু এ কাজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টাকায় হবে, নাকি চাষিদের লভ্যাংশের টাকায় হবে—তা নির্ধারিত হয়নি। এ ছাড়া বাগানের কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হলে উৎপাদন-ব্যয়ও কমে আসবে বলে জানান রাবারচাষিরা।