ভূমিহীনের জমি পেলেন সচ্ছল ব্যক্তিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীতে ভূমিহীনের নামে জমি বন্দোবস্ত পেয়েছেন সচ্ছল ব্যক্তিরা। এর মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, প্রবাসী, ব্যবসায়ীসহ নানা পেশার বিত্তবান মানুষ। অন্যদিকে নদী ভাঙনে নিঃস্ব অসহায় ভূমিহীনসহ অনেকেই জমি বন্দোবস্ত পাননি। গত ২০ অক্টোবর সোনাগাজী উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বন্দোবস্ত প্রাপ্তদের হাতে কবলা (দলিল) তুলে দেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুছ খান। সূত্র জানায়, উপজেলার ১৫৪ জন আবেদনকারীর মধ্যে সর্বোচ্চ ১৫০ শতক পর্যন্ত জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। উপজেলার দক্ষিণ চরদরবেশ, উত্তর চরদরবেশ, চরকৃষ্ণজয়, দক্ষিণ চরচান্দিয়া, থাক খোয়াজের লামছি, পূর্ব বড়ধলী, বিশ্বপুর, শাহাপুর, চরসোনাপুর, পশ্চিম চরদরবেশ, দক্ষিণ চরখোন্দকার, চরকালিদাস ও রাম নারায়ণ মৌজায় প্রায় ১২০ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। এর মধ্যে উত্তর চরদরবেশ ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম এক একর, সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মৃত ওসমান গণির ছেলে সৌদি প্রবাসী আবদুল কাদের এক একর ৪০ শতক, চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মৃত ছালামত উল্যাহর ছেলে কুয়েত প্রবাসী জেবল হক ৭৫ শতক, সোনাগাজী পৌরসভার তুলাতলী গ্রামের আমিন উল্লার ছেলে ব্যবসায়ী মো. জেবল হক মিয়া এক একর জমি পেয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসীসহ সচ্ছল ব্যক্তি জমি পেয়েছেন। অন্যদিকে নদীভাঙনে নিঃস্বদের মধ্যে চরচান্দিয়ার কবিয়াল আবদুর রাজ্জাক, মো. শহিদ উল্যাহ, মুনাফ মিয়া, আবদুস ছালাম ও মাহমুদুল হাসানসহ অনেকেই আবেদন করে জমি পাননি। কবলাপ্রাপ্ত ইউপি সদস্য আবুল কাশেম জানান, অনেক আগে তাঁর পৈতৃক জমি নদীগর্ভে বিলীন হওয়ায় তিনি জমির জন্য আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে জমি দেওয়া হয়েছে।সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম গালিভ খান জানান, তিনি সোনাগাজী উপজেলায় যোগ দেওয়ার আগেই বন্দোবস্ত তালিকা তৈরি করা হয়েছিল। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির রায়হান প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, পরবর্তীকালে ভূমি বন্দোবস্ত দেওয়ার সময় ভূমিহীন ও নদীভাঙনে নিঃস্বদের অগ্রাধিকার দেওয়া হবে।