ভূস্বর্গ ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে কাশ্মীর। সর্বশেষ দফা এই ক্ষোভের বিস্ফোরণ হয় গত ১১ জুন নিরাপত্তা বাহিনীর হাতে এক ছাত্র নিহত হওয়াকে কেন্দ্র করে। সেই থেকে বিক্ষোভ, সহিংসতা ও মৃত্যু হয়ে উঠেছে প্রায় নিত্যদিনের ঘটনা। কারফিউ দিলেও নিরস্ত হচ্ছে না বিক্ষোভকারীরা। তাদের দমাতে নিরাপত্তা বাহিনী চালাচ্ছে গুলি, পড়ছে লাশ। আর প্রতিটি লাশ বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দিচ্ছে।১৯৮৯ সালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রথম বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভের আগুন জ্বলে ওঠার পর থেকে দৃশ্যত ভারত এ পর্যন্ত আর এত বেশি বিপাকে পড়েনি। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে গোটা রাজনৈতিক মহল তাই এখন পরিস্থিতি মোকাবিলায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সর্বদলীয় প্রতিনিধিদল কাশ্মীরে গেছে মানুষের সঙ্গে কথা বলতে। উদ্দেশ্য, তাদের মনোভাব বোঝা, অভিযোগ শোনা। তবে সেখানে গিয়ে একরকম তোপের মুখেই পড়েছে প্রতিনিধিদল। বিক্ষুব্ধ কাশ্মীরিদের পুঞ্জীভূত ক্ষোভের আঁচ ভালোভাবেই টের পেয়েছেন এর সদস্যরা।সাম্প্রতিক কয়েক বছরের আন্দোলনের সঙ্গে কাশ্মীরিদের এবারের আন্দোলনের সুর একটু আলাদা। পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, পাকিস্তানের সঙ্গে যোগদান বা স্বাধীনতা নয়, নতুন একদল চাইছে, তাদের আবাসভূমি থেকে ক্ষতের মতো চেপে থাকা প্রবল ভারতীয় উপস্থিতির অবসান। পথে পথে তাই দেয়াল লিখন, ‘গো ব্যাক ইন্ডিয়া’। ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ’ জম্মু ও কাশ্মীর থেকে ভারতকেই সরে যাওয়ার আহ্বান!ভারতের একমাত্র মুসলিমপ্রধান অঙ্গরাজ্যটিতে সব বাহিনী মিলিয়ে লাখ লাখ সেনা মোতায়েন রয়েছে। ভারতের কাছে এর পক্ষে যুক্তি হচ্ছে, জাতীয় নিরাপত্তা। প্রতিবেশী পাকিস্তানের তরফ থেকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তথা জঙ্গিবাদে মদদদান প্রতিহত করা ভারতীয় বাহিনীর ঘোষিত উদ্দেশ্য। কিন্তু সর্বব্যাপী সেনা উপস্থিতি, তাদের কথিত বাড়াবাড়ি ও মানবাধিকার লঙ্ঘনে ভূস্বর্গের মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সামরিকীকৃত কয়েকটি সীমান্তের একটি কাশ্মীরের ‘নিয়ন্ত্রণ রেখা’, যা ভারত ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের সীমানা।কাশ্মীরে পাঠানো সর্বদলীয় প্রতিনিধিদলে ছিলেন প্রধান বিরোধী দল বিজেপিসহ বিভিন্ন দলের ৩৭ জন আইনপ্রণেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে প্রতিনিধিদলটি কাশ্মীরে তিন মাস ধরে চলা সংকট নিরসনের উপায় নিয়ে স্থানীয় রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা প্রথম দিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসতে রাজি না হলেও দ্বিতীয় দিন, ২১ সেপ্টেম্বর আলোচনায় বসেন।সর্বদলীয় প্রতিনিধিদলের পাঁচ সদস্যের একটি দল বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের কট্টরপন্থী অংশের নেতা গৃহবন্দী সৈয়দ আলি শাহ গিলানির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর গিলানি বলেন, তাঁদের দাবির মধ্যে রয়েছে কাশ্মীরকে একটি ‘আন্তর্জাতিক বিরোধপূর্ণ’ অঞ্চল ঘোষণা, নিরাপত্তা বাহিনীর অপসারণ, জরুরি অবস্থা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ অব্যাহত থাকবে।প্রতিনিধিদলের সদস্যরা বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) নেতা ইয়াসিন মালিক ও হুরিয়াত কনফারেন্সের তুলনামূলক মধ্যপন্থী অংশের নেতা মিরওয়াইজ ওমর ফারুকের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধিরা ওই তিন নেতাকেই ভারতের বরাবরের স্পষ্ট অবস্থানটিই আবারও জানিয়ে দিয়েছেন। তাঁরা বলেছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাজেই এ প্রশ্নে কোনো ছাড় নয়। তবে অন্য সব বিষয়ে আলোচনা হতে পারে।প্রতিনিধিদলটি পাঠানোর সিদ্ধান্ত হয় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে। এতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সব দলের নেতারাই সংবিধান পরিবর্তন এবং আইন পরিমার্জনের প্রয়োজনীয়তা নিয়ে একমত হন। বিশেষ ক্ষমতা আইন বিষয়েও সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। উল্লেখ্য, সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী ইতিমধ্যেই কাশ্মীরের কিছু বিশেষ মর্যাদা আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে এবং কাশ্মীরবাসীর চেতনা ও অনুভূতির প্রতি সংবেদনশীল মনোভাব বজায় রেখেই সবকিছু করা হবে। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইন বাতিল বা শিথিল না করার আহ্বান জানানো হয়েছে। ওই আইন অনুযায়ী, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই গুলি চালানোসহ বেশ কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কাশ্মীরের বিভিন্ন সংগঠনের অভিযোগ, এ আইনের সুযোগে নিরাপত্তা বাহিনী লোকজনের ওপর নির্যাতন করার বৈধতা পাচ্ছে।গত জুন মাসে এবারের বিক্ষোভ শুরু হওয়ার পর মূলধারার রাজনৈতিক দলের প্রতিনিধিদের এটাই ছিল প্রথম কাশ্মীর সফর। এতে মূলত পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ ছাড়া বিশেষ কিছু অগ্রগতি হয়নি বলেই মনে হচ্ছে। কারণ, বিচ্ছিন্নতাবাদী নেতারা সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তাঁদের দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। আর ওই দাবিগুলো মানতে ভারত সরকার যে অদূর ভবিষ্যতে (আদৌ যদি মানা হয়) রাজি হবে না, তা দিবালোকের মতোই স্পষ্ট। হুরিয়াত কনফারেন্সের মধ্যপন্থী নেতা মিরওয়াইজ ওমর ফারুক বলেছেন, সর্বদলীয় প্রতিনিধিদলের কাশ্মীর সফরে আসা এক ধরনের প্রহসন। কারণ, এখানে কী হচ্ছে, তা তারা খুব ভালো করেই জানন।প্রতিনিধিদলের কয়েকজন সদস্য আহত ব্যক্তিদের দেখতে শ্রীনগরের প্রধান হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন।ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে কাশ্মীর প্রশ্নে ভিন্নমত আছে। সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য ও প্রধান বিরোধী দল বিজেপির জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি ইতিমধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তাগত বা রাজনৈতিক—যেকোনো ধরনের ছাড় দেওয়ার কঠোর বিরোধিতা করেছেন।কাশ্মীরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কৌশল নিয়ে সমালোচনা আছে। খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিং এ নিয়ে প্রশ্ন তুলেছেন। গত মাসে পুলিশপ্রধানের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘অহিংস পন্থায় গণবিক্ষোভ সামাল দেওয়ার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর কর্মপন্থা সংশোধন করা প্রয়োজন।’ অন্য দেশে বড় বড় মিছিল-সমাবেশে বিক্ষুব্ধ লোকজনের ওপর হামলা না করে তাদের শান্ত করতে পুলিশ কী ধরনের পদ্ধতি কাজে লাগায়, সে সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। এর আগে ১০ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি কাশ্মীরের ৬০ হাজার বেকারকে চাকরির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন।এদিকে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে বাড়াবাড়ির অভিযোগ অস্বীকার করেছে। আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ প্যারামিলিটারি ফোর্স (সিআরপিএফ) বলেছে, সহিংস বিক্ষোভের সময় তারা ‘সর্বোচ্চ সংযম’ দেখিয়েছে।সিআরপিএফ মুখপাত্র প্রভাকর ত্রিপাঠী বলেন, তাঁদের সেনারা কেবল আত্মরক্ষার্থে গুলি চালাচ্ছে। এ ব্যাপারে তাঁদের সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই।সব মিলিয়ে কাশ্মীরের পরিস্থিতি বরাবরের মতোই যেমন জটিল, তেমনি অনিশ্চয়তায় ভরা। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক অমিতাভ মত্তুর কথায় যেন তারই প্রতিধ্বনি, ‘নয়াদিল্লি কাশ্মীরের এই নতুন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মনে হচ্ছে কেউ ভালোভাবে জানে না, কী করতে হবে।’