ভূস্বর্গে বিপর্যস্ত জীবন
কার্পেটের ওপর রাখা আবরার খানের পাসপোর্ট সাইজের ছবিটার দিকে তাকিয়ে ছিল তাঁর পরিবারের সদস্যরা। অনুভূতিহীন ভঙ্গিতে তাঁর ভাই হিলাল আহমেদ খান বললেন, ‘এ সপ্তাহেই বয়স ১৭ হতো ওর।’ ছোট্ট ঘরের মেঝেতে জোড়াসনে বসে ছিলেন হিলাল। তাঁর পাশেই বসা মা ও বোনেরা।জুলাইয়ের শুরুতে শ্রীনগরে ভারতবিরোধী বিক্ষোভ চলার সময় নিহত হয় আবরার। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়।উত্তেজিতভাবে আবরারের এক বোন বলেন, ‘দেখেন, কীভাবে আমাদের তরুণ ছেলেরা প্রাণ দিচ্ছে। আবরার খুব নিরীহ ছিল। সে তো জঙ্গি ছিল না।’ বিবিসির সাংবাদিকেরা কেন্দ্রীয় শ্রীনগরের মাইসুমা এলাকার ওই বাড়িটি ছেড়ে বেরিয়ে আসার সময় বেশ কয়েক জন তরুণ তাঁদের ঘিরে ধরে। তাৎক্ষণিকভাবে তারা স্বতঃস্ফূর্ত স্লোগান দিতে থাকে: ‘আমরা কী চাই? স্বাধীনতা! ভারত ফিরে যাও!’কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের যে কয়েকটি ‘গোলযোগপূর্ণ’ এলাকায় পুলিশের সঙ্গে এবার বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে মাইসুমা তার অন্যতম। এলাকাটি এতই অস্থিতিশীল যে, অনেকে একে কাশ্মীরের গাজা বলে ডাকে।ভারতীয় নিরাপত্তা বাহিনীর কথিত বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে গত জুনে শুরু হয় কাশ্মীরের এবারের গোলযোগ। ক্রমে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সহিংস বিক্ষোভের সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম শ্রীনগরে পরিস্থিতি মোকাবিলায় রাজধানী শ্রীনগরে সেনা টহল দিতে হয়। এবারের বিক্ষোভ নিরাপত্তা বাহিনীকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র প্রভাকর ত্রিপাঠী স্বীকার করেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই কঠিন।’ এবারের বেসামরিক সব প্রাণহানির বেশির ভাগই এ বাহিনীর হাতে ঘটেছে বলে অভিযোগ। সাংবাদিকদের প্রভাকর বলেন, ‘আপনারা যেমনটা মনে করেন, এরা ততটা নিরীহ নয়। আমাদের সেনারা হামলার শিকার হলেও সংযত আচরণ করেছে। জীবনের ঝুঁকি এলেই কেবল তাঁরা ফাঁকা গুলি ছোড়ে।’কাশ্মীরের অনেকেই এ কথা মানতে রাজি নন। অন্ধকার এক হোটেল কক্ষে বিবিসির সাংবাদিকের সঙ্গে দেখা করে রাস্তায় পাথর ছুড়ে বিক্ষোভ করা কৈশোর ভালো করে পেরোয়নি এমন তিনটি ছেলে। তাদের পরনে হালফ্যাশনের পোশাক, কালো চশমা। আর দশটা শহরের রক্তগরম সদ্য তরুণের মতোই দেখাচ্ছিল তাদের। এটা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদের নতুন চেহারা। তিন তরুণের একজন বলে, ‘আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ। আমরা সশস্ত্র নই। আমাদের কাছে কোনো গ্রেনেড বা অস্ত্র নেই। তারা কেন আমাদের ওপর হামলা চালাবে?’ তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুরতা এই মৃত্যুর কারণ। আর এ মৃত্যু আমাদের পাথর ছুড়তে বাধ্য করছে।’এই তরুণ বিক্ষোভকারীরা ডিজিটাল যুগের মাধ্যম ব্যবহার করছে। বিবিসির সাংবাদিককে তারা মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা তাদের বিক্ষোভের চিত্র দেখায়। তারা সে ছবি ইন্টারনেটে আপলোডও করছে।এক তরুণ বলে, ‘কী ঘটছে, তা বিশ্বকে জানাতে এবং আমাদের সঙ্গে যোগ দিতে অন্যদের উৎসাহিত করতে আমরা ফেসবুক, টুইটার ও ব্লগ ব্যবহার করি।’কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা মিরওয়াইজ উমর ফারুক বলেন, এটা হচ্ছে এমন এক প্রজন্ম, কাশ্মীর নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গির ব্যাপারে যাদের কোনো মোহ নেই।বিক্ষোভের সময় বেশ কয়েক দিন গৃহবন্দী ছিলেন মিরওয়াইজ। সরকারের আশঙ্কা ছিল, রাস্তায় তাঁর উপস্থিতি সমস্যা আরও বাড়াতে পারে।মিরওয়াইজ বলেন, ওদেরও নানা আশা-আকাঙ্ক্ষা আছে। ফিলিস্তিন, ইরান, আফগানিস্তানসহ বিশ্বে কী হচ্ছে, তারা তা জানে।...আজ তারা পাথর ছুড়ছে। কিন্তু এটা যদি অব্যাহত থাকে, কাল তারা অস্ত্র্রও তুলে নিতে পারে।বিক্ষোভের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন শ্রীনগরসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকার বড় একটি অংশে সান্ধ্য আইন জারি করে। রাস্তাঘাটে এ সময় বেওয়ারিশ কুকুর আর পুলিশ ছাড়া অন্য কোনো প্রাণী দেখা যেত না বললেই চলে। শ্রীনগরের সবচেয়ে পুরোনো মসজিদ জামিয়া মসজিদ এলাকাও ছিল নির্জন। কয়েক দিন সেখানে কেউ নামাজ পড়তে যাননি। রাস্তায় কয়েক মিটার পর পরই পুলিশ। অনেক রাস্তায় কাঁটাতারের কুণ্ডলীর ব্যারিকেড। রাস্তার পাশের একেকটি বাড়ির ওপর তলার জানালা মাঝেমধ্যে খুলে যাচ্ছিল। কেউ হয়তো উঁকি মেরে বাইরের পরিস্থিতি দেখেই আবার তা বন্ধ করে দিচ্ছিল।এত কিছুর মধ্যেও খোলা থাকা হাতেগোনা কয়েকটি বাজারের একটিতে চটজলদি কেনাকাটা করছিলেন এক বৃদ্ধ। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই এ অবস্থা। এদিকে ঘরে খাবার নেই বললেই চলে।’তবে আর যা-ই হোক, কাশ্মীর কেবল ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তার সম্পর্কের অন্যতম মূল নিয়ামক এটি। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যা-ই ঘটুক না কেন, জম্মু ও কাশ্মীরের ওপর তার একটি সরাসরি প্রভাব আছে। যখন সম্পর্কের উন্নতি হয়, আমরা তার সুফল দেখি।... মুম্বাই হামলার পর আমাদের কাছ থেকে তা কেড়ে নেওয়া হয়েছে। শান্তি-প্রক্রিয়ার অবস্থা খুব খারাপ।’এখানে প্রায় প্রত্যেকেই মানে, ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনা কাশ্মীরের জন্য খুব খারাপ ফল বয়ে এনেছে। ওই ঘটনা কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার পথই বন্ধ করে দেয়। বিচ্ছিন্নতাবাদীদেরও অবশ্য অসুবিধা হয়। আগে সহজেই যাঁদের সমর্থন পাওয়া যেত, সেই সাধারণ মানুষেরা অনেকটা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। সূত্র: বিবিসি