প্রতিদিন গড়ে চট্টগ্রাম থেকে এক হাজার গাড়ি শহরসহ সারা দেশে খাদ্যশস্য পরিবহন করে। কিন্তু হরতালের কারণে এই স্বাভাবিক পণ্য পরিবহনব্যবস্থা এখন বাধার মুখে পড়ছে। প্রতি সপ্তাহে হরতালে জমে যাচ্ছে হাজারো গাড়ির খাদ্যশস্য। আবার হরতালের শেষে জমে যাওয়া পণ্য খালাস না হতেই নতুন করে হরতালের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এবার চলতি সপ্তাহে আরও এক দিন বেড়ে হরতাল হচ্ছে চার দিন। ফলে পণ্য সরবরাহব্যবস্থায় ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় নড়চড় হচ্ছে পণ্য পরিবহনের ভাড়ায়ও। হরতালের আগে এবং পর দিন পণ্য পরিবহনের ভাড়া স্বাভাবিকের চেয়ে প্রায় দিগুণ হাঁকছেন পরিবহন ব্যবসায়ীরা। পণ্যবাহী গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগে উৎকণ্ঠায় আছেন গাড়ির মালিকেরাও। আর পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে ভোগ্যপণ্যে। ইতিমধ্যে কাঁচাবাজারে প্রতি কেজি পণ্যে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে।
বন্দরের হিসাবে দেখা যায়, সারা দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রধান কেন্দ্রস্থল চট্টগ্রাম। বছরে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত ৬০ লাখ টন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ হয়। প্রতি মাসে এ হার প্রায় পাঁচ লাখ। দিনে প্রায় ১৬ হাজার টন। এসব পণ্যের বড় অংশ চট্টগ্রামের গুদাম হয়ে সারা দেশে পরিবহন করা হয়। এ ছাড়া নদীপথ হয়ে সড়কপথেও পরিবহন করা হয়। কিন্তু হরতালের কারণে গুদামে পণ্য পরিবহন বন্ধ থাকায় নদীতে জাহাজে ও ঘাটে আটকে যাচ্ছে পণ্য।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা নিয়ে বেশি উদ্বেগ আমাদের। কারণ এভাবে টানা হরতাল হলে কোথাও পণ্য থাকবে, কোথাও থাকবে না। এমন অস্থিরতায় ট্রাক নামাতে চায় না পরিবহন মালিকেরা। ফলে ভাড়াও বাড়ে। শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বেশি দামে পণ্য কিনে ভুক্তভোগী হতে হয়।’
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে এখন পৌনে পাঁচ লাখ টন পণ্যবাহী ১২টি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজ থেকে কিছু মালামাল খালাস হয়েছে। খালাসের অপেক্ষায় আছে প্রায় আড়াই লাখ টন পণ্য। এসব পণ্যের বেশির ভাগই খালাস হয়ে আসছে কর্ণফুলীর বেসরকারি ঘাটে। কিছু পণ্য নৌপথে যাচ্ছে ঢাকা ও আশপাশের অঞ্চলে। তবে হরতালের সময় চট্টগ্রাম হয়ে সারা দেশে যাওয়ার পণ্য গুদামে পড়ে থাকছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ বলেন, বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে কর্ণফুলী নদীসহ সারা দেশের ঘাট পর্যন্ত পণ্য পরিবহনব্যবস্থা এখনো স্বাভাবিক আছে। তবে হরতালের সময় ঘাট থেকে সড়কপথে দেশের নানা স্থানে ভোগ্যপণ্য যাচ্ছে না।
চার দিনের হরতালে পণ্য পরিবহনব্যবস্থা নিয়ে উদ্বেগে আছেন পরিবহন ব্যবসায়ীরা। যাঁরা আগে পণ্য পরিবহনের চুক্তি করেছেন তাঁরা এখন বেকায়দায়। কারণ হরতালের প্রভাবে ভাড়া বেড়ে গেছে। এ কারণে বেশি জরুরি না হলে হরতালের কয়েক দিন পরে পণ্য পরিবহন করতে চাইছেন অনেকে।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় খাদ্যশস্য পরিবহনের গাড়ির ভাড়া উঠেছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ।
যেখানে ১২ হাজার টাকায় সাধারণ ট্রাকের ভাড়া ছিল সেটি এখন ২৪ হাজার টাকায় দর উঠছে। প্রতিবার হরতাল শেষে ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে।