ভেঙে পড়ল কালের সাক্ষী আমগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা শহরে কালের সাক্ষী শতবর্ষী একটি আমগাছ ভেঙে পড়েছে। ৮ সেপ্টেম্বর প্রাচীনতম গাছটি ভেঙে পড়লে শত শত বৃক্ষপ্রেমী ভিড় জমান। জাদিপাড়ার নাহ্ংপ হ্রী মারমা জানান, ‘জাদিপাড়া ও উজানিপাড়া এলাকায় আগে বেশ কয়েকটি প্রাচীন গাছ ছিল। সেসব গাছ বিভিন্ন সময়ে কেটে ফেলায় দুটি আমগাছ টিকে ছিল। এ দুটির একটি গাছ ভেঙে পড়ায় এখন একটি গাছই অবশিষ্ট আছে। এলাকার বৌদ্ধধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায় গাছটিকে পবিত্র জ্ঞান করতেন।’ জাদিপাড়ার প্রবীণ নারী মেপ্রু সাং মারমা বলেন, ‘প্রাচীন গাছটির গোড়া ও শিকড় ক্ষয়ে গিয়ে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল। ৮ সেপ্টেম্বর সকালে গাছটি আকস্মিক বিকট আওয়াজে ভেঙে পড়ে। এ সময় আমাদের দোকান ও তিনটি বসতবাড়ি বিধ্বস্ত হয়। তবে বাড়ির লোকজন বাইরে থাকায় কেউ হতাহত হননি।’৭০ বছরের সুইথোয়াইপ্রু বললেন, ‘জাদিপাড়ার দুটি প্রাচীন আমগাছ বান্দরবানের প্রাচীন ঐতিহ্যের অংশ। ছোটবেলায় আমরা পড়ে যাওয়া গাছটির ছায়ায় খেলাধুলা করেছি। তরুণ বয়সেও ছায়াতলে বসে পাকা আম খেয়েছি এবং মেয়ে ও ছেলে একসঙ্গে ঘুরে বেড়িয়েছি।’চাইসা মং মারমা জানান, আসলে গাছটি মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও ঐতিহ্যের অংশ হয়ে যাওয়ায় কেউ কাটতে চায়নি। এ জন্য গাছটি এত দিন দাঁড়িয়ে ছিল। জাদিপাড়ার পাশে ফাতিমা বাণী খ্রিষ্টান মিশনের ছাত্রাবাসের সাবেক ছাত্র জর্জ ত্রিপুরা বলেন, দুটি প্রাচীন গাছের একটি দাঁড়িয়ে থাকলেও যেটি ভেঙে পড়েছে, সেটিই আড্ডাপ্রিয় মানুষজনের কাছে প্রিয় ছিল। এ গাছ বান্দরবানের বাসিন্দাদের প্রেম-বিরহ, আনন্দ-বেদনার নীরব সাক্ষী। বোমাং রাজপরিবারের প্রবীণ সদস্য কেএসপ্রু চৌধুরী ও উচপ্রু চৌধুরী জানিয়েছেন, ১২তম বোমাং রাজা ক্যজাইপ্রু চৌধুরী রাজা হওয়ার আগে বেশ কিছু আম ও ফলদগাছ লাগিয়েছিলেন। তিনি ১৯২৩ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত রাজা ছিলেন। সেই হিসাবে গাছটির বয়স প্রায় ১০০ বছর হতে পারে।