ভেঙে পড়েছে পরীক্ষার সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে হরতাল-অবরোধ কর্মসূচির কারণে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। ভেঙে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচি। সকালের পরীক্ষা হচ্ছে সন্ধ্যায়। কিংবা পরিবর্তন হচ্ছে তারিখ। এ ছাড়া ভর্তি প্রস্তুতিতেও ঘটছে ব্যাঘাত। কখন কোন কর্মসূচি আসছে, এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।জানা গেছে, চট্টগ্রাম নগরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা; তা এখনো চলছে। চলতি মাসের শেষ দিকে বিভিন্ন নামীদামি স্কুলে শুরু হবে ভর্তিযুদ্ধ। ইতিমধ্যে সরকারি স্কুলে ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বেসরকারি কয়েকটি বিদ্যালয়ও ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু করেছে। নগরের চৌমুহনী এলাকার বাসিন্দা এক শিক্ষার্থীর অভিভাবক এহতেশাম চৌধুরী বলেন, ‘গত মঙ্গলবার আমার ছোট ছেলের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা ছিল। হরতালের কারণে তা পেছানো হয়েছে। মঙ্গলবার হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর আবার জানলাম, বৃহস্পতিবার (আজ) আবারও আধা বেলা হরতাল ডাকা হয়েছে। অথচ বৃহস্পতিবার আমার ছেলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। ছোট ছেলেমেয়েদের জন্য এটা তো চরম ভোগান্তি। এতে তাদের ওপর মানসিক চাপ পড়ে। এ কথা আমরা কাদের বলব?’রিজিয়া বেগম নামে শহরতলির অক্সিজেন এলাকার বাসিন্দা আরেক অভিভাবক জানান, রাজনৈতিক দলের নেতারা তো ছেলেমেয়ের কথা ভাবার সময় পান না। তাঁরা নিজেদের লাভ-ক্ষতির হিসাবটাই ভালো জানেন। এই ডিসেম্বরে স্কুলে পরীক্ষা ও ভর্তির সময়ে এভাবে একের পর এক হরতাল ডাকার কী মানে থাকতে পারে? তিনি জানান, হরতালের কারণে তাঁর এক সন্তানের বার্ষিক পরীক্ষা একাধিকবার পেছানো হয়েছে। কয়েক দিন পর আরেক সন্তানের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা হবে, তা-ও হরতালের মধ্যে পড়বে কি না, এ নিয়ে উদ্বিগ্ন তিনি।হরতাল-অবরোধে বার্ষিক পরীক্ষার সময়সূচি ভেঙে পড়ায় সমস্যায় পড়ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরাও। ইস্পাহানি স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘টানা রাজনৈতিক কর্মসূচির কারণে আমরা সূচি নিয়ে বিপাকে পড়েছি। আগামীকালের (বৃহস্পতিবার) পরীক্ষা ছিল সকালে। এখন হরতালের কারণে তা আড়াইটা থেকে নিতে হচ্ছে। এ ছাড়া গত শুক্রবারও পরীক্ষা নিতে হয়েছে।’এই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা ১৯ ও ২০ ডিসেম্বর। যদি আবার টানা হরতাল অবরোধের কর্মসূচি আসে, তাহলে ঝামেলা বাড়বে বলে মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসন সূত্র জানায়, ২২ ডিসেম্বর পঞ্চম শ্রেণী এবং ২৪ ডিসেম্বর ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। নগরের নয়টি সরকারি স্কুলে অভিন্ন প্রশ্নপত্রে একসঙ্গে এই পরীক্ষা হচ্ছে। অভিভাবকেরা আবেদনপত্র জমা দিচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ে।জানতে চাইলে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধ কর্মসূচি দিলে আমাদেরও কষ্ট হয়। সারা দিন রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করতে হচ্ছে। কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে কর্মসূচি না দিয়ে কি উপায় আছে?’ আমীর খসরু আরও বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে তাঁরা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা যদি এই নৈরাজ্যের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে জনগণ একদিন আমাদের দায়ী করবে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বহালের জন্য ২০০ দিন হরতাল দিয়েছে। সেই তুলনায় আমাদের কর্মসূচি আরও অনেক সীমিত রেখেছি। তবুও এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটু কষ্ট হচ্ছে। এটা আমরা স্বীকার করছি।’দেখা গেছে, আগের কর্মসূচির তুলনায় বিএনপি-জামায়াতের সাম্প্রতিক কর্মসূচিগুলো কড়াকড়িভাবে পালিত হয়েছে। চট্টগ্রামের একাধিক জায়গায় ঘটেছে সহিংস ঘটনা। পোড়ানো হয়েছে গাড়ি। পুলিশও কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আসছে। ভাঙচুর-অগ্নিসংযোগ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এতে স্থানীয় আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে দুদলের নেতা-কর্মীরা মনে করছেন।