ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত স্কুল-কলেজ এবং কম্পিউটার ইনস্টিটিউটগুলোর শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও ফলাফল নির্ধারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের হস্তক্ষেপ, শিক্ষক-সংকট, সুষ্ঠু তদারকি এবং নির্দিষ্ট শিক্ষাপঞ্জির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। জানতে চাইলে করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পর্যবেক্ষণ শুরু করেছি। অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এবং শিক্ষাপঞ্জি চালুর বিষয়টিও বিবেচনা করছি।’ করপোরেশন সূত্রে জানা যায়, নগরে সিটি করপোরেশন পরিচালিত ৪৫টি মাধ্যমিক, ১৫টি উচ্চমাধ্যমিক, ছয়টি কম্পিউটার শিক্ষা ইনস্টিটিউট ও আটটি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠান চলছে শিক্ষাপঞ্জি ছাড়াই। নিয়মিত পরিদর্শন কিংবা তদারকিও হয় না এসব প্রতিষ্ঠানে। ইতিমধ্যে একাধিক স্কুল-কলেজ ও কিন্ডারগার্টেন প্রধানের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ ওঠে। সূত্র জানায়, স্কুলগুলোতে প্রায় দেড় শ শিক্ষকের সংকট রয়েছে। এর মধ্যে চারটি স্কুলে প্রাতঃশাখা চালুর পর সংকট আরও তীব্র হয়। কারণ, অন্যান্য স্কুল কিংবা দিবা শাখার শিক্ষক দিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলোতে পাঠদানের ব্যবস্থা করা হয়। প্রায় বছর দেড়েক ধরে কলেজগুলো চালানো হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। অধ্যক্ষ ছাড়াও প্রায় ৩০ থেকে ৩৫ জনের মতো শিক্ষকসংকট রয়েছে বিভিন্ন কলেজে। ২০১১ সালের ৩ নভেম্বর নিয়োগ পরীক্ষা নেওয়া হলেও উপযুক্ত প্রার্থী না পাওয়ার অজুহাতে সেই নিয়োগ বাতিল করা হয়। । এদিকে, করপোরেশন পরিচালিত স্কুল-কলেজগুলোতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলও আগের তুলনায় খারাপ হচ্ছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় মাত্র চারটি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর ১৬ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। গত বছরের তুলনায় এ বছর অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এ বছর মোট তিন হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন হাজার ২৩৪ জন। অকৃতকার্য হয়েছে ২৯৬ জন। গত বছর ৪৪টি স্কুলের পরীক্ষার্থী ছিল দুই হাজার ৯৭৭ জন। এর মধ্যে পাস করেছে দুই হাজার ৮৬৪ জন। অকৃতকার্য হয়েছে ১১৩ জন।এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজগুলো থেকে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মাত্র চারজন। গত বছর পেয়েছিল ২৭ জন। অভিযোগ রয়েছে, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অযোগ্য শিক্ষার্থীকেও কাউন্সিলরদের অনুরোধে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ভর্তির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেন তাঁরা। ফলে ফলাফল বিপর্যয় ঠেকানো যায় না। নাম প্রকাশে অনিচ্ছুৃক করপোরেশন পরিচালিত একটি বিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক বলেন, “দুবছর আগে করপোরেশনের একটি বিধানে বলা হয়েছে, ‘ভর্তি এবং ফলাফলের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলরদের মতামত নিতে হবে এবং সেই মতে কার্য সম্পাদন করতে হবে।” এ ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তের কোনো মূল্য নেই।’ জানা যায়, সরকার স্থায়ী শিক্ষক নিয়োগের অনুমতি না দেওয়ায় সিটি করপোরেশন সম্প্রতি অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করে। ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমন্বয়ের মাধ্যমে ৭৫ জন সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। আগামী ১ সেপ্টেম্বর তাঁদের চাকরিতে যোগ দেওয়ার কথা। এ ছাড়া, ৭ সেপ্টেম্বর কলেজ শিক্ষক পদে লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের ধারণা, অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা নির্দিষ্ট বেতনের বাইরে তেমন সুযোগ সুবিধা পাবেন না। তাঁদের এমপিওভুক্তির সম্ভাবনা নেই। ফলে তাঁরা ভালো সুযোগ পেলেই অন্য কোথাও চলে যাবেন। ফলে সহসা শিক্ষক-সংকট কাটার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা যখনই স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করব, তখন এসব শিক্ষক অগ্রাধিকার পাবেন। কারণ এঁদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছভাবে।’