গত শুক্রবার মেমন মাতৃসদন হাসপাতালে রোগী ভর্তি হয়েছিলেন মাত্র চারজন। গতকাল শনিবার এ রোগীর সংখ্যা আরও একজন কমে তিনজনে নেমে আসে। ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে এটাই এখন সাধারণ চিত্র। এর আগের চিত্রও অনেকটা একই ধরনের। অথচ মাত্র চার-পাঁচ বছর আগেও এ হাসপাতালটিই ছিল চট্টগ্রামে প্রসূতিসেবায় শীর্ষে। কিন্তু অব্যবস্থাপনা আর প্রশাসনের অবহেলার কারণে বর্তমানে হাসপাতালটির সেবা তলানিতে এসে ঠেকেছে। কেবল মেমন মাতৃসদন হাসপাতালই নয়, গত তিন বছরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত আরও তিনটি প্রসূতি মাতৃসদন হাসপাতালে সন্তান প্রসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল, ওয়াইজ খাতুন মাতৃসদন হাসপাতাল ও নুরুল ইসলাম বিএসসি মাতৃসদন হাসপাতাল। এসব হাসপাতালের কার্যক্রম এখন কেবল বহির্বিভাগের সেবার মধ্যেই সীমাবদ্ধ। এ অবস্থায় করপোরেশনের চিকিৎসাসেবা ওয়ার্ডভিত্তিক দাতব্যসেবা এবং বছরে কয়েকবার ঢাকঢোল পিটিয়ে শিশুদের টিকা খাওয়ানোর মধ্যেই সীমিত হয়ে পড়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। জানা যায়, চরম অব্যবস্থাপনার কারণে মেমন মাতৃসদন হাসপাতালে আগের মতো রোগী যেতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়ে সিটি করপোরেশনের চিকিৎসাসেবা ছিল তুঙ্গে। আবার তাঁর মেয়াদের শেষ সময়েই স্বাস্থ্যসেবার মান কমতে শুরু করে। পরবর্তী সময়ে অবস্থার কোনো উন্নতি তো হয়নি বরং অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম নির্বাচিত হওয়ার পর একবারের জন্যও কোনো হাসপাতাল পরিদর্শন করেননি।’জানা যায়, বর্তমানে মেমন হাসপাতালে নিয়মিত প্রসূতি কিংবা নবজাতকের মৃত্যু হচ্ছে। এ নিয়ে সিটি করপোরেশনে অভিযোগ দেওয়া হলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। একজন অভিভাবক এ ব্যাপারে গত নভেম্বরে ফৌজদারি মামলাও করেছেন। গত শুক্রবার মেমন মাতৃসদন হাসপাতালের এক নম্বর ইউনিটে গিয়ে দেখা যায়, সেখানে সাধারণ আসনগুলো খালি পড়ে আছে। এ নিয়ে চিকিৎসক কিংবা সেবিকারা কোনো কথা বলতে রাজি হননি। খোঁজ নিয়ে জানা যায়, মেমন মাতৃসদন হাসপাতালের এক নম্বর ও দুই নম্বর ইউনিটে সকালে কিছু চিকিৎসক রুটিন দায়িত্ব পালন করেন। তবে বিকেল, সন্ধ্যা কিংবা রাতে বেশির ভাগ সময়ই দায়িত্বপ্রাপ্তদের সেখানে দেখা যায় না। এমনকি গতকাল বেলা ১১টা পর্যন্ত নিজ কার্যালয়ে আসেননি মেমন মাতৃসদন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রসূতিসেবা কিংবা বাচ্চা প্রসবের জন্য বাইরে থেকে চিকিৎসক ডেকে আনতে হয়। এসব চিকিৎসকের প্রয়োজনীয় অর্থও মেমনের তহবিল থেকে পরিশোধ করতে হয়। জানা যায়, মেমন মাতৃসদন হাসপাতালের দুই নম্বর ইউনিটে সন্তান প্রসব হলে এর কোনো অর্থ সিটি করপোরেশনের তহবিলে জমা হয় না। এ টাকা পান সংশ্লিষ্ট চিকিৎসকেরা। সিটি করপোরেশন পায় শুধু আসনের ভাড়া। ফলে চিকিৎসকেরা এক নম্বর ইউনিটে কাজ না করে দুই নম্বর ইউনিটে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।এ বিষয়ে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক সময় বাইরে থেকে চিকিৎসক এনে সন্তান প্রসবের কাজ করে থাকি। তাঁদের টাকা দিলে আমাদের চিকিৎসকদের দিতে সমস্যা কোথায়।’ একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে কিছু বিদেশি সংস্থার সহায়তায় ওয়ার্ডভিত্তিক দাতব্যসেবা এবং বছরে কয়েকবার ঢাকঢোল পিটিয়ে শিশুদের টিকা খাওয়ানোর মধ্যেই সীমিত হয়ে পড়েছে সিটি করপোরেশনের চিকিৎসাসেবা। ফলে অনেক চিকিৎসক সকাল-বিকেল হাসপাতালে এসে নির্দিষ্ট সময় কাটিয়ে চলে যান। অভিযোগ রয়েছে, চিকিৎসাসেবা কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসকদের দলাদলিও কাজ করছে। করপোরেশনে কর্মরত চিকিৎসকদের একটি অংশ ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর দায়িত্ব পালনের বিরোধী। বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর চিকিৎসকদের সঙ্গে প্রথম বৈঠকেই একাধিক চিকিৎসক ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর বিরুদ্ধে প্রকাশ্যেই নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় তাঁরা সেলিমকে সরিয়ে দেওয়ারও দাবি জানান। কিন্তু পরবর্তী সময়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত মেয়র নেননি। এ প্রসঙ্গে সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি প্রজাতন্ত্রের কর্মচারী। প্রশাসন যখন যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেবে, আমি সে দায়িত্ব পালন করব। আমার কপালে যা লেখা আছে, তা-ই হবে।’ অন্যদিকে করপোরেশনের স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শাহানা পারভীনকে পদোন্নতি বোর্ড প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতির সুপারিশ করলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। তবে অন্য সব বিভাগের সুপারিশ বাস্তবায়ন করা হয়। এ নিয়ে এক মাসিক সাধারণ সভায় শাহানা পারভীন মেয়রের কাছে সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান। কিন্তু সিটি করপোরেশন তাঁকে পদোন্নতি না দিয়ে প্রেষণে একজন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার সুপারিশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। শাহানা পারভীন প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। হাইকোর্ট গত ১৩ ডিসেম্বর এ ব্যাপারে শুনানি করেছেন। কেন প্রেষণে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং কেন পদোন্নতি কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না তা জানতে চেয়ে এ রুলনিশি জারি করেন আদালত। যত দূর জানি ইতিমধ্যে সিটি করপোরেশন এ কাগজ পেয়ে গেছে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনে স্বাস্থ্য সেবার মান কমে যাওয়ার বিষয়ে মেয়র মোহাম্মদ মন্জুর আলম জানান, স্বাস্থ্য বিভাগের কার্যক্রম মূলত একজন প্রধান স্বাস্থ্য কর্মকর্তার অধীনে পরিচালিত হয়। তাঁর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার জন্য একটি স্ট্যান্ডিং কমিটিও রয়েছে। তা ছাড়া, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কার্যালয় মেমন মাতৃসদন হাসপাতালের দুই নম্বর ইউনিটে স্থানান্তর করা হয়েছে। মেয়র বলেন, ‘আমাদের পুরোনো জনবল কাঠামোতে চিকিৎসকের সংখ্যা অনেক কম। এ জন্য আমরা একটি নতুন জনবল কাঠামো অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠিয়েছি। সেটি অনুমোদন পেলে চিকিৎসকের সংখ্যা বাড়বে। তাঁদের বেতন-ভাতা কিংবা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও কোনো সমস্যা থাকবে না।’মেয়র একবারও হাসপাতালের কার্যক্রম তদারক করতে আসেননি। রোগী ও সেবিকাদের এমন অভিযোগ সম্পর্কে মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। আমি নিয়মিত কাজের অংশ হিসেবেই বিভিন্ন হাসপাতালে যাওয়া-আসা করি। আমাদের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও চিকিৎসা কার্যক্রম তদারক করে থাকেন। এরপরও যদি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’