ভেঙে পড়ো-পড়ো ঘরে পাঠদান!

নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মাটির দেয়ালের একাধিক স্থানে ফাটল ধরেছে। টিনের ছাউনির ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে। নেই দরজা জানালা। টুলবেঞ্চও ভেঙে পড়েছে। এমন নড়বড়ে, ভেঙে পড়ো-পড়ো ঘরেই চলছে মহেশখালী উপজেলার পানিরছড়া এলাকার এমপিওভুক্ত ইসলামিয়া দাখিল মাদ্রাসার কার্যক্রম।
মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এই মাদ্রাসায় ১০টি শ্রেণীতে ৬০০ শিক্ষার্থী লেখাপড়া করে। শিক্ষক আছেন ১১ জন। মাটির দেয়ালের জীর্ণ ঘরে চলে সাতটি শ্রেণীর পাঠদান। বাকি তিনটি শ্রেণীর পাঠদান চলে পাশের মসজিদের বারান্দায়।
সম্প্রতি মাদ্রাসাটি দেখতে গেলে শিক্ষার্থী ও শিক্ষকেরা জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসায় আসছেন বলে জানান। মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করে, ভবন নির্মাণের জন্য স্থানীয় সাংসদ থেকে শুরু করে প্রশাসনের কাছে বছরের পর বছর ধরে আবেদন জানিয়ে আসছে তারা। কিন্তু এর পরও কোনো কাজ হয়নি।
মাদ্রাসায় কর্মরত শিক্ষকেরা জানান, স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী ব্যবসায়ীর প্রচেষ্টায় ১৯৯২ সালে পানিরছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মাটির দেয়াল ও টিনের ছাউনি দেওয়া ঘরে পাঠদান শুরু হলেও এখনো পর্যন্ত পাকা ভবন নির্মিত হয়নি। ২০০৪ সালের পর থেকে ভবনটির কোনো সংস্কারও হয়নি।
মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাবিনা ইয়াছমিন ও তানজিমা আফরিন বলে, ‘এখানে ভাঙাচোরা কক্ষে ক্লাস করছি। বর্ষার সময় শ্রেণীকক্ষে পানি পড়ে বই খাতা ভিজে যায়। পড়ালেখার কোনো পরিবেশ নেই এখানে।’
এত সমস্যার পরও ইবতেদায়ি, জেডিসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করছে মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জরাজীর্ণ ভবনের কারণে পাঠদান করতে সমস্যা হচ্ছে। এরপরও শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে।’ তিনি জানান, গত বছর ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৬৩ জন, জেডিসিতে ৫৩ জন এবং দাখিল পরীক্ষায় ৩৭ জন পাস করেছে।
মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) আবু বক্কর বলেন, ‘মাদ্রাসার ভবন নির্মাণের জন্য ২০০৪ সাল থেকে স্থানীয় সাংসদ, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে অনুরোধ করে আসছি। কিন্তু এ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ফলে যেকোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে পড়তে পারে।’
মাদ্রাসার ভবন ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করেন উপজেলা একাডেমিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফজলুল হক। তিনি বলেন, ওই মাদ্রাসায় একটি ভবন নির্মাণের বিষয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, আপাতত ওই মাদ্রাসার ভবন সংস্কারের জন্য উপজেলা পরিষদ থেকে টিআরের তিন টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।