ভেঙে মোর ঘরের চাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেঙে মোর ঘরের ‘তালা’ না বলে কবি কেন ‘চাবি’ ভাঙার কথা বললেন?চাবি সংগ্রাহক নাজমুল হক মন্টু অনেকক্ষণ ধরেই মুখে তালা দিয়ে বসে ছিলেন। হঠাৎ এমন প্রশ্ন শুনে তাঁর দাঁতের সিন্দুক খুললেন! একপশলা হেসে বললেন, ‘বোধহয় কবিও চাবি সংগ্রহ করতেন!’ রবীন্দ্রনাথ ঠাকুরও চাবি সংগ্রহ করতেন! অত বড় কবিকে নিয়ে কল্পনাপ্রসূত তথ্য দেওয়া ঠিক হবে না। তবে ঠাকুরবাড়ির জমিদারির বদৌলতে একগোছা চাবি নিশ্চয়ই তাঁর দখলে ছিল। ইস্, সেই চাবির গোছাটা যদি মন্টু সাহেবের কাছে থাকত! এ নিয়ে আফসোস হলেও পরক্ষণেই সব ভুলে আমরা দেখতে শুরু করলাম অসংখ্য চাবির এক বিরল সংগ্রহ।সিন্দুকের চাবিএ আবার যে সে চাবি নয়, সিন্দুকের চাবি। প্রতিটি সিন্দুকের মূল চাবি যে একটাই হয়! চাবিহীন সিন্দুকগুলো হয়তো অকেজো হয়ে পড়ে আছে; তাই বলে সংগ্রাহককে দায়ী করা চলবে না। পরিত্যক্ত চাবিগুলো বহু দূরদূরান্ত ঘুরে তিনি কুড়িয়েছেন। কোনোটা রাস্তার চাবি-বানিয়েদের কাছ থেকে, কোনোটা কোনো এক জমিদারবাড়ির হাতবদল হয়ে আসা, আবার উপহার হিসেবেও পেয়েছেন অনেক চাবি। সেই মোগল-ব্রিটিশ-পাকিস্তান আমলের সিন্দুকের চাবিগুলো সিন্দুকেই ভরে রেখেছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে এ রকম শতাধিক শত বছরের পুরোনো চাবি।শুরুর গল্প শুরু যেখানে১৯৮৩ সালের এক সন্ধ্যারাত। শিশুসংগঠক হিসেবে পাবনার এক বাড়িতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সদলবলে। বাড়ির গৃহকর্ত্রী বালকটির এটা-সেটা সংগ্রহের খবর আগেই পেয়েছিলেন, অনুষ্ঠান শেষে বালক মন্টুর হাতে তিনি গুঁজে দিলেন বেশ পুরোনো এক সিন্দুকের চাবি। খুদে সংগ্রাহকের অমনি খেয়াল হলো, ‘আরে, এ রকম জিনিস তো আরও একটা আছে তাঁর কাছে!’ শুরু হলো চাবির জন্য উন্মাদনা। তারপর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তর চষে বেড়িয়েছেন তিনি। শিশু-শখ ধাতব মুদ্রার পাশাপাশি পদক, ডাকটিকিট, দোয়াত-কলম, তেলের কুপি, এটা-সেটাসহ আরও অনেক কিছু সংগ্রহ করেছেন তিনি। নাজমুল হক মন্টু বর্তমানে দেশের সামনের সারিরএকজন সংগ্রাহক।স্মারক চাবিবিশ্বের বিভিন্ন শহরে এখনো একটা রেওয়াজ রয়েছে—সেই শহরের মেয়রের সঙ্গে বরেণ্য কারও কুশল বিনিময়কালে মেয়র তাঁকে স্মারক চাবি দেন উপহার হিসেবে। সম্প্রতি চট্টগ্রামের মেয়র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসানকে তেমনই এক চাবি উপহার দিয়েছেন। স্মারক চাবি বিভিন্ন আকৃতির হয়। তিন-চার ইঞ্চি থেকে শুরু করে এক ফুটও হয় কোনো কোনোটা। তাঁর সংগ্রহে এ রকম চাবিও রয়েছে ১০টি।কামারি তালার চাবিঘাটে নৌকা বাঁধার জন্য কামারেরা হাতে তৈরি করতেন বিশেষ তালা-চাবি। এখন আর এ ধরনের তালা-চাবি খুব একটা চোখে পড়ে না। এ বিরল জাতের তালা-চাবিও গোটা কয়েক জমিয়ে রেখেছেন তিনি।বিচিত্র চাবিকোনো একটা চাবি দেখতে সিংহের মতো, কোনোটা হরিণ আবার কোনোটা অবিকল হাতঘড়ি। তাঁর সংগ্রহে এত সব বিচিত্র চাবি রয়েছে, সে তালিকা করাও অনেক সময়ের ব্যাপার।রবীন্দ্রনাথ তাহলে আপনার এ সংগ্রহ দেখেই ‘তালা’ না বলে ‘চাবি’ ভাঙার কথা বললেন! সংগ্রাহকের মুখের সিন্দুক আবারও খুলল।